আলী-উবাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বক্সিং রিংয়ে তাঁর হাত দুটো চলত বিদ্যুৎগতিতে। অনেকে বলেন, এর চেয়েও বেশি চলত মোহাম্মদ আলীর মুখ। গ্লাভস হাতে ঘুষি দেওয়ার আগে কতজনকে স্রেফ কথায় ঘায়েল করে দিয়েছেন কিংবদন্তি বক্সার। বক্সিং রিংয়ে শুধু গ্লাভস হাতে পাঞ্চ নয়, রসবোধের দিক দিয়েও অজস্র ‘পাঞ্চ লাইন’ জন্ম দিয়েছেন আলী। পরশু না-ফেরার দেশে চলে যাওয়া সর্বকালের অন্যতম সেরা এ ক্রীড়াবিদের স্মরণে তাঁর কিছু স্মরণীয় উক্তি—
- কুমিরের সঙ্গে কুস্তি লড়েছি, তিমির সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এই তো গেল হপ্তায় একটা পাহাড়কে খুন করে ফেললাম, আহত করলাম একটা পাথরকে, হাসপাতালে পাঠালাম একটা ইটকে। আমি এমনই ভয়ংকর যে ওষুধকেও অসুস্থ করে ফেলি!
- কাল রাতে আমি এতটাই দ্রুত ছিলাম যে হোটেল রুমে লাইটের সুইচ বন্ধ করার পর আলো নিভে যাওয়ার আগেই পৌঁছে গেলাম বিছানায়।
- আমি বক্সিংয়ের নভোচারী। জো লুইস আর ডেম্পসি স্রেফ দুটো জেট পাইলট।
- আমাকে হারানোর স্বপ্ন দেখছ? তোমার উচিত এক্ষুনি ঘুম থেকে ওঠা এবং আমার কাছে ক্ষমা চাওয়া।
- দুটি জিনিস আছে, যেগুলোকে আঘাত করা কিংবা দেখা যায় না—ভূত আর মোহাম্মদ আলী।
- আমি গ্রেটেস্ট নই। আমি ডাবল গ্রেটেস্ট।
- বক্সিং হলো এমন একটা খেলা, যেটা দেখতে অনেক সাদা মানুষ আসে, আর দুটো কালো মানুষ একে অন্যের সঙ্গে বীরদর্পে মারামারি করে।
- চলে না-যাওয়ার আগে কেউ বুঝতে পারে না, সে কী হারাল। যেমন প্রেসিডেন্ট কেনেডি—কেউ তাঁকে পছন্দ করত না। যেমন বিটলস—ওদের মতো আর কেউ কখনো আসবে না। যেমন আমার প্রিয়তম গায়ক এলভিস প্রিসলি—আমি ছিলাম বক্সিংয়ের এলভিস।
রাম্বল ইন দ্য জাঙ্গল লড়াই নিয়ে
- জর্জ, তোর মধ্যে এতটুকুই ছিল, আর কিছু নেই!
‘থ্রিলা ইন ম্যানিলা’র আগে
- ফ্রেজিয়ার এতটাই কুৎসিত দেখতে, ওর উচিত ওর মুখমণ্ডলটা যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ওয়াইল্ড লাইফ সংস্থাকে দান করে দেওয়া।
- লড়াইয়ের সময় আমি প্রতিপক্ষের ভেতর থেকে সেরাটা বের করে আনি। বিশ্বকে জানাতে চাই, জো ফ্রেজিয়ার আমার ভেতর থেকে সেরাটা বের করে আনত। আমি বলব, ও অনেক বড় মাপের মানুষ ছিল, ঈশ্বর তার মঙ্গল করুন।