আলী এখনো প্রেরণার উৎস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার প্রার্থনা ছিল একটাই—আলী শতায়ু হোন। তাঁর মতো প্রেরণার আলোকবর্তিকার খুবই প্রয়োজন এই সময়। ‘মানুষ অলৌকিক কিছু খোঁজে, খোঁজে বিস্ময়, চমকের আশায় থাকে। যদিও সবচেয়ে বড় বিস্ময়, সবচেয়ে বড় অলৌকিকতা, সবচেয়ে বড় চমক আসলে খুঁজে পাওয়া যায় মানুষের হূদয়েই!’পরশু এভাবেই এক ভিডিওবার্তায় মানুষের জয়গান গাইলেন মোহাম্মদ আলী। গত ১৭ জানুয়ারি ছিল তাঁর ৭০তম জন্মদিন। দিনটা উদ্যাপন করেছেন ঘরোয়াভাবে। তখনই জানানো হয়েছিল, ১৮ ফেব্রুয়ারি লাস ভেগাসে দিনটা উদ্যাপিত হবে সাড়ম্বরে। শুধু জন্মদিন উদ্যাপনই একমাত্র উদ্দেশ্য ছিল না; নেপথ্যে ছিল মহৎ এক উদ্যোগ। আলীর পরিবারের পক্ষ থেকে মস্তিষ্কের গবেষণার জন্য গড়ে তোলা হচ্ছে তহবিল। পরশুর অনুষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে কয়েক লাখ ডলার। এই অর্থ দেওয়া হবে ক্লিভল্যান্ড ক্লিনিক লু রুভো সেন্টার ফর ব্রেইন হেলথ এবং লুইসভিলে অবস্থিত মোহাম্মদ আলী সেন্টারের কাজে। ৩০ বছর ধরে আলী মস্তিষ্কের জটিল রোগ পারকিনসনসে আক্রান্ত। পরশুর উদ্যোগটি যেন এই রোগের বিরুদ্ধে আলীর চলমান লড়াইয়ে আরেকটি জয়। প্রায় দুই হাজার মানুষ এসেছিলেন গত দুই দশকের বিখ্যাত সব বক্সিং লড়াইয়ের জন্য খ্যাত এমজিএম গ্র্যান্ডের এই অনুষ্ঠানে। এসেছিলেন অনেক নামীদামি তারকাও। তাঁদের মধ্যে ছিলেন অভিনয়শিল্পী অ্যান্থনি হপকিন্স, টেরেন্স হাওয়ার্ড ও স্যামুয়েল এল জ্যাকসন, ফুটবলার ডেভিড বেকহাম, সুপার মডেল সিন্ডি ক্রফোর্ড, বক্সার ম্যানি প্যাকিয়াও, সংগীতশিল্পী কমন, লেনি ক্রাভিজসহ আরও অনেকে। এসেছিলেন ১৯৭৫ সালে আলীর সঙ্গে লড়াই করা চাক ওয়েপনারও। সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিওবার্তা পাঠিয়েছেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ‘শুভ জন্মদিন চ্যাম্প! যোদ্ধা হিসেবে আপনি সত্যিই অনন্য ছিলেন। পৃথিবীকে আপনি চমকে দিয়েছেন, অনুপ্রাণিতও করেছেন। সেই সব শিরোপা আর কিংবদন্তি লড়াই শেষে এখনো আপনি তা-ই করে যাচ্ছেন।’এনএফএল কিংবদন্তি জিম ব্রাউন আলী ও ওবামার মধ্যে যোগসূত্র স্থাপন করেছেন এভাবে, ‘আমেরিকার শুরুটা হয়েছিল দাসপ্রথায়, যার শেষ হয়েছে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট দিয়ে। আর এই পরিবর্তনের ইতিহাসে আলী ছিলেন অনেক বড় একটা অধ্যায়।’আলীর স্ত্রী লোনি আলীর কাছ থেকে জানা গেল, রিং থেকে অবসর নেওয়ার পরই জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছিলেন এই জীবন্ত কিংবদন্তি। সাবেক টেনিস তারকা আন্দ্রে আগাসি বলেছেন, নিজ নিজ কাজের বৃত্ত থেকে বেরিয়ে এসে বাইরের পৃথিবীর জন্যও যে কিছু করা দরকার, এই শিক্ষা আলীই দিয়েছিলেন সবার আগে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্লেটপ্রতি প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছিল সর্বনিম্ন ১৫ শ ডলার। সানন্দেই তাতে সাড়া দিয়েছেন অনুষ্ঠানে আসা প্রত্যেকে। পাশাপাশি আয়োজন করা হয় নিলামের। এর মধ্যে ছিল ১৯৬৫ সালে দ্বাদশ রাউন্ডে ফ্লয়েড প্যাটারসনকে নকআউট করা লড়াইটায় ব্যবহার করা আলীর গ্লাভস। জাদুকর ডেভিড কপারফিল্ড নিলামে তুলেছিলেন বাহামায় তাঁর ১১টি ব্যক্তিগত দ্বীপে চার দিন সফর করার সুযোগ। সবার প্রার্থনা ছিল একটাই—আলী শতায়ু হোন। তাঁর মতো প্রেরণার আলোকবর্তিকার খুবই প্রয়োজন এই সময়। ওয়েবসাইট।