আলী জয় করেছিলেন বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজা তিনি ছিলেন না, ছিলেন না রাষ্ট্রনায়কও। কিন্তু মোহাম্মদ আলী বাংলাদেশে পা রেখেছিলেন একজন রাজার মতোই, একজন নায়কের মতোই। আজ থেকে ৩৮ বছর আগে বাংলাদেশের মানুষ বিশ শতকের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া নায়ককে বরণ করে নিয়েছিল হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে দিয়ে, আন্তরিক সম্মাননা দিয়ে।
১৯৭৮ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছিলেন মোহাম্মদ আলী। ছিলেন ২২ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। ঢাকায় পেয়েছিলেন অনন্য নাগরিক সংবর্ধনা। তাঁকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সম্মানসূচক নাগরিকত্ব। কক্সবাজারে দেওয়া হয়েছিল এক টুকরো জমি। বাংলাদেশের সবুজ পাসপোর্ট হাতে নিয়ে উদ্বেলিত আলী বলেছিলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে যে আমি এত আদরের, তা আমার জানা ছিল না। এ দেশের মানুষ আমাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে। এত বিপুল সম্মান পেয়ে আমি আনন্দিত।’ ঢাকার সে সময়কার তেজগাঁও বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বীদের ‘সাবধান’ করে দিয়ে বলেন, ‘তোমরা ভবিষ্যতে যার সঙ্গে লড়বে, সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে একসঙ্গে দুই দেশের নাগরিক। তাঁর দুটো দেশ—যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।’
১৯৭৮ সালের ১৮ ফেব্রুয়ারি, সকাল ১০টা ২০ মিনিট। ঢাকার তেজগাঁও বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণ করে। আরোহী হিসেবে আছেন বিশ্বনন্দিত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। সঙ্গে আছেন স্ত্রী ভেরোনিকা আলী, বাবা কেসিয়াস ক্লে, মা ওডেসা আলী, ভাই রহমান আলী, সচিব জন আলী, সহকারী জারমিয়া শাহবাজ ও আবদুল রহমান এবং পারিবারিক বন্ধু মিসেস মার্গারেট উইলিয়াম। বিমানের দরজা খুলে এক এক করে বেরিয়ে এলেন অতিথিরা। আলীকে অভ্যর্থনা জানালেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা শামসুল হুদা চৌধুরী। বাঁধভাঙা স্রোতের মতো আলী-ভক্তরা ছুটে এলেন বিমানের কাছাকাছি—আলীকে কাছ থেকে দেখার জন্য, আলীর ছবি তোলার জন্য, আলীর অটোগ্রাফ নেওয়ার জন্য, আলীকে ছুঁয়ে দেখার জন্য।
বাংলাদেশে আলীর সফরটি শুধুই রাষ্ট্রীয় ভ্রমণ ছিল না, সফরের প্রধান উদ্দেশ্য ছিল এ দেশ নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করা। আলী প্রায় ১০০ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করেন।

সফরের বিস্তারিত
১৮ ফেব্রুয়ারি আলী বাংলাদেশ পৌঁছানোর পর কিছুক্ষণের জন্য বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। তারপর মোটর শোভাযাত্রাসহ তাঁকে নেওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখান থেকে তিনি যান পাগলা ঘাটে। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনি বিআইডব্লিউটিএর স্টিমার গাজীতে নৌবিহার করেন। নৌবিহার শেষে আলী রপ্তানি মেলা পরিদর্শন করেন।
সন্ধ্যায় আলী জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মেজর জেনারেল এইচ এম এরশাদের সঙ্গে বোর্ডের কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রথমে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তাঁকে দরবার হলে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশের সম্মানিত নাগরিকত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোহাম্মদ আলীকে বাংলাদেশের পাসপোর্ট হস্তান্তর করেন।
১৯ ফেব্রুয়ারি খুব সকালে আলী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে করে সিলেটে যান। তিনি সেখানে চা-শ্রমিকদের গাছ থেকে চা-পাতা সংগ্রহ করার দৃশ্য দেখেন। চা-বাগান থেকে আলী যান খাদিমনগর গলফ ক্লাবে। সেখানে আলীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আলীকে সিলেট পৌরসভার পক্ষ থেকে সিলেট শহরের একটি সোনার চাবি ও রুপার গড়া চা-পাতার প্রতিকৃতি এবং ভেরোনিকাকে একটি মণিপুরি শাল উপহার হিসেবে দেওয়া হয়।
১৯ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা স্টেডিয়ামে আলীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। পত্রিকা থেকে জানা যায়, সেদিন দর্শক ছিল প্রায় ৭৫ হাজার। মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রীকে মঞ্চে অভ্যর্থনা জানান ঢাকা পৌরসভার চেয়ারম্যান আইনজীবী আবুল হাসনাত ও বেগম হাসনাত। হাসনাত আলীর উদ্দেশে মানপত্র পাঠ করেন। আলীর হাতে তুলে দেন ঢাকা নগরের চাবি। চাবিটি ছিল ছয় তোলা সোনা দিয়ে মোড়ানো। তার দৈর্ঘ্য ছিল সাড়ে সাত ইঞ্চি। বেগম হাসনাত ভেরোনিকা আলীকে ঢাকার ঐতিহ্যবাহী বেগুনি রঙের একটি মসলিন শাড়ি উপহার দেন। মোহাম্মদ আলী বাংলাদেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। সংবর্ধনা শেষে শিল্পী সাবিনা ইয়াসমীন একটি সংগীত দল নিয়ে আলীর জন্য বিশেষভাবে রচিত গান গেয়ে শোনান। নাগরিক সংবর্ধনা শেষে আলী তৈরি হন প্রদর্শনী মুষ্টিযুদ্ধের জন্য। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ১২ বছরের কিশোর মোহাম্মদ গিয়াসউদ্দীন। খেলা হয় তিন রাউন্ড। প্রতি রাউন্ড তিন মিনিট করে। সব মিলিয়ে মোট ১১ মিনিট। পুরো খেলাটাই ছিল কৌতুকপূর্ণ ক্রীড়াশৈলীতে আনন্দময়। অসংখ্য দর্শকের উপস্থিতিতে আলী অনেক মজা করেন।
২০ ফেব্রুয়ারি সকালে আলী বিশেষ বিমানে করে ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছান। আলীর আগমনে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার চাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। আলী কক্সবাজার থেকে ১২ মাইল দূরে হিমছড়ি সমুদ্রসৈকতে যান।
আলী বিকেল ৪টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে পৌঁছান। ৫টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। আলী তাঁর বক্তৃতায় বাংলাদেশকে শান্তিকামী মানুষের দেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে চট্টগ্রামের নাগরিকদের পক্ষ থেকে চট্টগ্রাম পৌরসভার চেয়ারম্যান ফজল করিম মোহাম্মদ আলীকে একটি রুপার নৌকা ও ভেরোনিকাকে জামদানি শাড়ি উপহার দেন।
২১ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদ আলী জামিয়াতুল ফালাহর উদ্যোগে নির্মাণাধীন ইসলামিক সেন্টার পরিদর্শন করেন। জামিয়াতুল ফালাহ আলীকে তাদের সম্মানিত সদস্যপদ দেয়। এরপর যান প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ছোট শহর কাপ্তাইয়ে। আলী কাপ্তাই রেস্টহাউসে পৌঁছালে ২৫টি সুসজ্জিত হাতি শুঁড় উঁচিয়ে তাঁকে অভ্যর্থনা জানায়। একদল উপজাতি নারী আলী ও ভেরোনিকাকে ফুলের তোড়া উপহার দেয়। কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট আবদুর শুক্কুর মোহাম্মদ আলীকে একটি হরিণ উপহার দেন। আলী কাপ্তাই থেকে ঢাকায় ফেরেন সন্ধ্যায়। বিমানবন্দর থেকে সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের সম্মান জানিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। রাতে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেন জিয়াউর রহমানের সঙ্গে।
২২ ফেব্রুয়ারি সকাল সোয়া আটটায় মোহাম্মদ আলী বাংলাদেশ মুষ্টিযুদ্ধ ফেডারেশনে আসেন। আলীকে পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশের নবীন ও প্রবীণ মুষ্টিযোদ্ধাদের সঙ্গে। আলী এখানে বাংলাদেশে নবনির্মিত মুষ্টিযুদ্ধ স্টেডিয়ামের উদ্বোধন করেন। এটিই বাংলাদেশে নির্মিত প্রথম ও একমাত্র মুষ্টিযুদ্ধ স্টেডিয়াম। স্টেডিয়ামটি সরকারিভাবে আলীর নামে ‘মোহাম্মদ আলী মুষ্টিযুদ্ধ স্টেডিয়াম’ রাখা হয়। আলী এরপর রওনা দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে রাষ্ট্রপতির উপদেষ্টা অধ্যাপক শামসুল হক যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল নিযুক্তির কথা জানান এবং নিয়োগপত্র হস্তান্তর করেন।
মোহাম্মদ আলী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তেজগাঁও বিমানবন্দরের পথে রওনা দেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আলী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর শামসুল হুদা চৌধুরী, লায়লা আর্জুমান্দ বানু আলী ও অন্যান্য অতিথিকে বিদায় জানান। আলী সিঁড়ি বেয়ে বিমানের দরজায় পৌঁছে চারদিক দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশে হাত নাড়িয়ে বলেন, ‘আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ অল অফ ইউ টু’।