আলী ভাইদের ‘হকি পরিবার’
হংকংয়ের নাথান রোডের যে এলাকায় তাঁরা থাকেন, সেখানে আছে কাউলুন মসজিদ। আশপাশে আরও তিনটি মসজিদ। শুধু পাকিস্তানি মুসলিমই নন, ওই এলাকাতে ছড়িয়ে-ছিটিয়ে থাকে হংকং, চীন, ইন্দোনেশিয়ার মুসলিম সম্প্রদায়। সেখানেই বেড়ে ওঠা আসগার আলী, আকবর আলী ও আরিফ আলীর। এঁরা কে? প্রথম পরিচয় এঁরা তিন ভাই। দ্বিতীয় পরিচয় রবি এশিয়ান গেমস বাছাই হকি খেলতে ঢাকায় আসা হংকং দলের এঁরা তিন খেলোয়াড়।এই খেলোয়াড়দের নাড়ি পোঁতা পাকিস্তানে। তিন ভাইয়ের বাবা প্রায় ৪০ বছর আগে হংকং যান ব্যাংকে চাকরি নিয়ে, তারপর নিয়ে যান স্ত্রীকেও। হংকংয়েই তাঁর চারটি ছেলে হলো। চারজনই হকি খেলে এবং হংকং জাতীয় দলে! সবার ছোটজন আসিফ ঢাকায় আসেননি চাকরির কারণে। তাঁর বয়স ২৭। বড়জন আসগর আলীর বয়স ৩৭। আকবরের ৩৪, আরিফের ২৯। সাবেক পাকিস্তান তারকা শাহবাজ আহমেদের শহর ফয়সালাবাদে জন্ম তিন ভাইয়ের বাবা-মায়ের। জীবিকার তাগিদে বাবা গোলাম কাদের ও মা সখিনা বেগম হংকং না গেলে আজ হয়তো তিন ভাইয়ের এই গল্পটা হতোই না। পেছনের কথা মনে করে এখন শুধুই হাসেন ঢাকায় আসা তিনজনের ছোটজন আরিফ, ‘ছোটবেলা থেকেই দেখতাম আমাদের মসজিদের সামনের ফাঁকা জায়গায় অন্য সিনিয়র খেলোয়াড়েরা হকি খেলছে। মসজিদের পাশের শাহীন স্পোর্টস ক্লাবের ছেলেরাই বেশি খেলত সেখানে। একদিন আমরাও হকিস্টিক নিয়ে নেমে পড়লাম। বাবা উত্সাহ দিতেন।’ হকি খেলছেন বটে, কিন্তু খেলে কোনো ভবিষ্যত্ দেখছেন না তিন ভাই। তাই কথা বলার সময় হতাশা ঝরে কণ্ঠে। তাঁরা জানান, খেলাটা হলো অনেকটা শখের মতো। চাকরি করেই জীবিকা চলে। আসগর যেমন নিজেকে গাড়ির মেকানিক হিসেবে পরিচয় দিলেন। হংকংয়ে নাকি নিজে একটা গাড়ির দোকানও খুলে বসেছেন। অ্যাস্ট্রো টার্ফ ও ফুটবল টার্ফের ব্যবসা আছে মেঝ ভাই আকবরের। ইউরোপ-আমেরিকা থেকে টার্ফ নিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করেন। আরিফ যুক্ত হকির কোচিং নিয়ে। ‘আমরা হকি খেলে টাকা-পয়সা পাই না। শুধু মজা করার জন্যই খেলি। খেলাটাকে ভালোবাসি।’—বললেন আসগর। এই ভালোবাসার টানেই নিজের ১৩ বছরের ছেলে ওসমান আলীকেও নিয়ে এসেছেন হকি খেলায়। তাঁর চাচারা তো ভাতিজাকে নিয়ে খুবই আশাবাদী। ‘ও ভালো হকি খেলে। আশা করি, তাড়াতাড়িই জাতীয় দলে সুযোগ পাবে’—বলছিলেন আকবর। একই পরিবারের পাঁচজন জাতীয় দলে হকি খেলা মানে তো সম্ভবত বিশ্ব রেকর্ড!