আলীকে সোবার্সের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লর্ডসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজাচ্ছেন সোবার্স।- ছবি-এএফপি।
লর্ডসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজাচ্ছেন সোবার্স।- ছবি-এএফপি।

একজনকে মনে করা হয় সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ। অন্যজন অনেকের চোখেই ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার। প্রথমজন ৭৪ বছর বয়সে না–ফেরার দেশে চলে গেছেন কয়েক দিন আগে। তবে দ্বিতীয়জন আছেন এখনো। না–ফেরার দেশে চলে যাওয়া সেই কিংবদন্তি মোহাম্মদ আলীকে কাল লর্ডসে শ্রদ্ধা জানালেন আরেক কিংবদন্তি ৭৯ বছর বয়সী গ্যারি সোবার্স।

এই দুই ক্রীড়াবিদের মধ্যে দেখাও হয়েছিল একবার। ১৯৬৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইংল্যান্ড সফরে এসেছিলেন সোবার্স। আলী ওই সময় লন্ডন এসেছিলেন হেনরি কুপারের বিপক্ষে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে লড়তে। দুই কিংবদন্তির দেখা হয় তখনই। অপরাজিত ১৬৩ রান করে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটা ড্র করতে বড় ভূমিকা রেখেছিলেন সোবার্স। আলী কুপারকে হারিয়ে দিয়েছিলেন ষষ্ঠ রাউন্ডেই।
কাল লর্ডসে ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টের মধ্যাহ্নবিরতির সময় জায়ান্ট স্ক্রিনে দেখানো হলো আলী-সোবার্সের সেই সাক্ষাতের কতগুলো ছবি। দিনের দ্বিতীয় সেশন শুরুর পাঁচ মিনিট আগে ঐতিহ্য মেনে লর্ডসের প্যাভিলিয়নে ঘণ্টা বাজান স্যার গ্যারি সোবার্স।
একই দিনে আলীর নিজের শহর লুইভিলেও তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছে হাজারো মানুষ। এএফপি।