আলোকস্বল্পতায় খেলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কাছে হকি ফেডারেশনের কর্মকর্তারা ফ্লাডলাইট স্থাপনের আবেদন-নিবেদন করে আসছেন অনেক দিন ধরেই। ফ্লাডলাইট থাকলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেত বাংলাদেশ। এখন দেখা যাচ্ছে ঘরোয়া হকি চালাতেও ফ্লাডলাইট দরকার। মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল ক্লাব কাপ হকির নির্ধারিত একটি ম্যাচ চলতে চলতে বন্ধ হয়ে গেছে আলোকস্বল্পতার কারণে।

সোনালী ব্যাংক ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের ম্যাচটি ২৫ মিনিট চলার পর আলোর অভাবে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। ওই ম্যাচে ১-০ গোলে এগিয় ছিল সোনালী ব্যাংক। বাকি খেলা আজ শেষ করা হবে।

দিনের অন্য ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে আবাহনী। দুর্বল ওয়ারী ক্লাবকে ১০-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আকাশি-নীল দলটি। হ্যাটট্রিক করেছেন পাকিস্তানি খেলোয়াড় শাফকাত রাসুল। ১টি করে গোল করেছেন পাকিস্তানি মোহাম্মদ ইরফান, শাকিল আব্বাসি, কাসিফ আলী, শোয়েব আলী, বাংলাদেশের মাকসুদ আলম হাবুল, খোরশেদুর রহমান ও রাজীব দাস।

আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের মুখোমুখি হবে আবাহনী। ওই ম্যাচে জিতলেই আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন, হারলে বা ড্র করলে রানার্সআপ হয়ে শেষ চারে উঠবে।