আলো-আঁধারিতেই আফ্রিকা
হারাধনদের ১০টি ছেলের মতো একে একে বিদায় নিতে শুরু করেছে দলগুলো। এশিয়া তো আগেই বাদ, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় হলো আফ্রিকারও। গতবার আফ্রিকার সবেধন নীলমণি হয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল ঘানা। এবার কেউ নেই। তবু প্রতিবারের মতো এবারও ফুটবলবিশ্বকে কম দেয়নি আফ্রিকা। তাদের ভালো-খারাপ নিয়েই আমাদের আজকের আয়োজন। দ্য গুড
ইরান আর বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে কোনো গোল না খাওয়া নাইজেরিয়া গোলরক্ষক ভিনসেন্ট এনিয়েমা শক্তিশালী আর্জেন্টিনা ও ফ্রান্সের সঙ্গে একের পর এক দুর্দান্ত সেভ করে নিজের জাত চিনিয়েছেন। স্ট্রাইকার আহমেদ মুসা আর্জেন্টিনার বিপক্ষে চমৎকার দুটি গোল করে মন জিতে নিয়েছেন ফুটবলবিশ্বের।
১
বেলজিয়াম, রাশিয়া আর দক্ষিণ কোরিয়ার গ্রুপ থেকে আলজেরিয়া দ্বিতীয় পর্বে উঠবে—অনেকেরই স্বপ্নের পরিধি এত বড় ছিল না। তবু শুধু যে নন্দিত ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছে ফেগুলি-স্লিমানিরা তা-ই নয়, তাদের হারাতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে জার্মানিকে।
২
যুক্তরাষ্ট্র ও পর্তুগালের কাছে হারলেও জার্মানির সঙ্গে দুর্দান্ত খেলেছে ঘানা। গোলের সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে হয়তো জোয়াকিম লোর দলকে হারিয়েই দিত কালো তারারা।
৩
ব্রাজিলের সঙ্গে প্রথমার্ধে ক্যামেরুন ছিল সমানে সমান। বোনাস নিয়ে না ভেবে খেলায় মনোযোগী হলে বিশ্বকাপটা আরও সুন্দর হতে পারত তাদের।
দ্য ব্যাড
সেটপিসে আফ্রিকান দলগুলো ছিল জঘন্য। কর্নার বা ফ্রি-কিকগুলো হয় বেশি জোরে নিয়ে ফেলছিল ওরা, নতুবা সহজেই তাদের সামলাচ্ছিল ইউরোপীয় বা দক্ষিণ আমেরিকার প্রতিপক্ষরা। কিন্তু প্রতিপক্ষের সেটপিস সামলাতে তারা ছিল ব্যর্থ। প্রথম ম্যাচের শেষ দিকে ঘানা যেমন যুক্তরাষ্ট্রের কাছে হারল কর্নারে গোল খেয়ে।
১
ঘানা কোচ কোয়েসি আপিয়ার কি এখন মনে পড়বে টুর্নামেন্ট শুরুর আগে তিনি বলেছিলেন, তাঁর দল চ্যাম্পিয়নই হতে পারে?
২
অধিনায়ক স্যামুয়েল ইতোকে নিয়ে ক্যামেরুনের ছিল অনেক আশা। কিন্তু মেক্সিকোর বিপক্ষে আশানুরূপ খেলতে পারেননি সাবেক আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়। পরের দুই ম্যাচে তো তাঁকে খেলতেই দিল না চোট।
৩
ইরানের সঙ্গে নাইজেরিয়ার ম্যাচটি ছিল ম্যাড়মেড়ে গোলশূন্য ড্র। বলার মতো কিছুই করতে পারেনি সুপার ইগলরা।
দ্য আগলি
রাশিয়ার সঙ্গে ম্যাচে একটি কর্নারের সময় কিছু আলজেরীয় সমর্থক গোলরক্ষক ইগর আকিনফিভকে লক্ষ্য করে লেজার রশ্মি ফেলেন। হতবিহ্বল রুশ গোলরক্ষক আকিনফিভ বলের ফ্লাইট মিস করেন, আর হেড করে বল জালে পাঠান আলজেরীয় স্ট্রাইকার স্লিমানি।
১
ক্যামেরুন আর ঘানার খেলোয়াড়েরা খেলার চেয়ে বোনাস নিয়ে মনোযোগী ছিলেন বেশি।
২
ঘানা মিডফিল্ডার কেভিন প্রিন্স-বোয়াটেং গালি দিয়েছিলেন কোচ কোয়েসি আপিয়াকে, আর সুলে মুন্তারি চড়াও হয়েছিলেন প্রতিনিধিদলের এক সদস্যের ওপর। শৃঙ্খলাভঙ্গের দায়ে দুজনকেই ফিরে যেতে হয় বাড়ি।
৩
ক্যামেরুন মিডফিল্ডার আলেক্স সং ক্রোয়েশিয়ার সঙ্গে ০-৪ পরাজয়ে প্রতিপক্ষ স্ট্রাইকার মারিও মানজুকিচকে ফাউল করে দেখেন লাল কার্ড। ম্যাচের শেষ দিকে সতীর্থ বেনোয়া আসু-একোতো ঢুস দেন মিডফিল্ডার বেঞ্জামিন মুকানজোকে। সূত্র: এএফপি।