আলো ছড়াবেন যাঁরা
একই আকাশে থেকেও যেন ভিন্ন উচ্চতায় মেসি-রোনালদো-নেইমার। তাঁদের ঔজ্জ্বল্যও দৃশ্যমান। তবে এই তিন তারার বাইরেও কিন্তু আরও অনেক তারায় খচিত বিশ্বকাপের আকাশ। সময়ের পরিক্রমায় হয়তো জ্বলবে অনেক নতুন তারা, নিভে যেতে পারেন পুরোনোরা। তবে শুরুর আগে কজনের দিকে আলাদা করে নজর তো থাকবেই। শুনুন এমন কিছু তারার কথা, যাঁরা ছড়াতে পারেন আলো

ডেভিড ভিয়া
দেশ: স্পেন
বয়স: ৩২
পজিশন: ফরোয়ার্ড
ক্লাব: অ্যাটলেটিকো মাদ্রিদ
আন্তর্জাতিক ম্যাচ: ৯৬
গোল: ৫৮
একসময়ের গোলমেশিন এখন গোল খুঁজে ফেরেন প্রায়ই। গোলমেশিনে মরচে পড়েছে আসলে বার্সেলোনায় যাওয়া পর। ভ্যালেন্সিয়ার দিনগুলোয় ক্লাব ও দেশের হয়ে গোল করে গেছেন অবিরত। কিন্তু বার্সায় পছন্দের জায়গা পাননি, একাদশে জায়গাও মেলেনি নিয়মিত। গত বছর অ্যাটলেটিকো মাদ্রিদে আসার পর পুরোনো ধার কিছুটা ফিরে পেয়েছেন। তবে এটিই শুধু নয়, সম্ভাব্য বিশ্বকাপ তারকায় ভিয়াকে রাখতে হবে উপলক্ষের কারণেও। বড় মঞ্চ যে তাঁর বারবারই পছন্দ! জার্মানিতে বিশ্বকাপ অভিষেকে করেছিলেন ৩ গোল, ২০০৮ ইউরোতে জিতেছেন গোল্ডেন বুট, গত বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা, গত দুটি কনফেডারেশনস কাপেই তিনটি করে গোল। গত এক দশকে নামে-খ্যাতিতে ফুটবল-বিশ্বে এগিয়ে অনেকেই ছিলেন, কিন্তু গোল করার ধারাবাহিকতায় ভিয়ার ধারেকাছে ছিলেন না কেউ। সম্ভাব্য শেষ বড় আসরকেও নিশ্চয়ই চাইবেন স্মরণীয় করে রাখতে?

ডিয়েগো ফোরলান
দেশ: উরুগুয়ে
বয়স: ৩৫
পজিশন: ফরোয়ার্ড
ক্লাব: সেরেজো ওসাকা
আন্তর্জাতিক ম্যাচ: ১১০
গোল: ৩৬
সময়ের থাবায় কমে গেছে গতি। বয়সের ছাপ পড়েছে রিফ্লেক্সে। একসময় দলের অবিসংবাদিত তারকার এখন একাদশে জায়গা অনিশ্চিত। তবে মূল ভরসা না হলেও অস্কার তাবারেজের দলে তিনি এখনো গুরুত্বপূর্ণ একজন। গত বিশ্বকাপটা কাটিয়েছেন স্বপ্নের মতো। জিতেছেন গোল্ডেন বল ও টুর্নামেন্টের সেরা গোলের পুরস্কার, যৌথভাবে ছিলেন সর্বোচ্চ গোলদাতা। এর আগেই দুবার করে জেতা হয়ে গেছে পিচিচি ট্রফি আর ইউরোপিয়ান গোল্ডেন শু। উরুগুয়ের জার্সি গায়ে শতবার মাঠে নামা একমাত্র ফুটবলারও তিনি। সোনালি সময়ের সেই স্মৃতিগুলো ব্রাজিলে নিশ্চয়ই সঙ্গী হবে উজ্জীবনী মন্ত্র হয়ে। এবার যতটুকু সময়ই থাকুন মাঠে, সেরা সময়ের কিছু ঝলকে এখনো গড়ে দিতে পারেন মাঠের ভাগ্য।

ইকার ক্যাসিয়াস
দেশ: স্পেন
বয়স: ৩৩
পজিশন: গোলরক্ষক
ক্লাব: রিয়াল মাদ্রিদ
আন্তর্জাতিক ম্যাচ: ১৫৪
ভক্তদের কাছে তিনি এখনো ‘সেন্ট ইকার।’ তবে সেই ভক্তরাও জেনে গেছেন, সাধু-সন্তরাও মাঝেমধ্যে ভুল করেন! ক্লাব ও দেশের হয়ে ক্যারিয়ারজুড়ে যিনি গোলবারের নিচে আস্থার প্রতিমূর্তি, সেই ক্যাসিয়াসই যেন গত কিছুদিনে খানিকটা টালমাটাল। গোলরক্ষকের জন্য ৩৩ বছর বয়স মানে মোটেও বুড়িয়ে যাওয়া নয়। হয়তো লা লিগায় রিয়াল মাদ্রিদ একাদশে জায়গা হারানোয় খানিকটা নড়ে গেছে আত্মবিশ্বাস! তবে স্পেনের জার্সিতে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠেনি এখনো। ভিসেন্তে দেল বস্কের আস্থাও অটুট আছে, থাকছে অধিনায়কের আর্মব্যান্ডও। ইউরো-বিশ্বকাপ-ইউরো-বিশ্বকাপ, স্পেন যদি গড়তে পারে ইতিহাস, চারটিতেই অধিনায়ক হিসেবে ইতিহাসে ঢুকে যাবেন ক্যাসিয়াস। মুছে যাবে তখন সাম্প্রতিক প্রশ্নগুলোও!

আরিয়েন রোবেন
দেশ: হল্যান্ড
বয়স: ৩০
পজিশন: উইঙ্গার
ক্লাব: বায়ার্ন মিউনিখ
আন্তর্জাতিক ম্যাচ: ৭৫
গোল: ২৩
দারুণ প্রতিভাবান কিন্তু স্বার্থপর। ডাইভিং প্রবণতা বেশি, অতি ড্রিবলিংয়ে ডেকে আনেন সর্বনাশ। দিন শেষে মনে হতো, প্রতিভার কী নিদারুণ অপচয়! একটা সময় এই ছিল তাঁর পরিচয়। তবে সেই দিনগুলো এখন অনেক পেছনে ফেলে এসেছেন আরিয়েন রোবেন। এক যুগ আগে হল্যান্ডের বর্ষসেরা তরুণ ফুটবলার হওয়ার পর থেকেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর ছিল। পিএসভি থেকে চেলসি, রিয়াল মাদ্রিদ হয়ে বায়ার্ন চার দেশের শীর্ষ চার ক্লাবে পরিভ্রমণ আন্তর্জাতিক ফুটবলের কঠিন পথচলায় সময়ের সঙ্গে পোক্ত করেছেন নিজেকে। ভুলে ভরা ফুলের মালা সরিয়ে ক্যারিয়ার সাজিয়েছেন সাফল্যের মালায়। ক্লাব ফুটবলে জিতেছেন প্রায় সব শিরোপাই। অধরা শুধু দেশের জার্সিতে একটি ট্রফি—বিশ্বকাপ। আক্ষেপটা তাঁর দেশেরও! এবার আরেকটি সুযোগ, রোবেন পারলেই পারবে হল্যান্ড।

অ্যাঙ্গেল ডি মারিয়া
দেশ: আর্জেন্টিনা
বয়স: ২৬
পজিশন: উইঙ্গার/অ্যাটাকিং মিডফিল্ডার
ক্লাব: রিয়াল মাদ্রিদ
আন্তর্জাতিক ম্যাচ: ৪৭
গোল: ৯
একজন লিওনেল মেসি দলে থাকা মানে বাকি সবার আড়ালে ঢাকা পড়া যেন নিয়তি। তাঁর সঙ্গে আবার সার্জিও আগুয়েরো আর গঞ্জালো হিগুয়েইন। কখনো কখনো পার্শ্বনায়কের ভূমিকাও জোটে না বলে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তবে সদ্য সমাপ্ত মৌসুমে ডি মারিয়ার পারফরম্যান্স এমনই যে ‘আর্জেন্টিনার আস্থা’ বললে এখন মেসির পরই চলে আসবে ডি মারিয়ার নাম। লা লিগায় এবার সবচেয়ে বেশি গোলে সহায়তা করেছেন তিনিই (১৭) দুর্দান্ত খেলেছেন চ্যাম্পিয়নস লিগেও। গত বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকলেও পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি। তবে এই চার বছরে অভিজ্ঞতা আর দায়িত্ব—দুটিই বেড়েছে ডি মারিয়ার। মূল দায়িত্ব মাঝমাঠে মাচেরানো-গ্যাগোদের পাশে থেকে হিগুয়েইন-মেসি-আগুয়েরোদের গোলের জোগান দিয়ে যাওয়া। তবে সুযোগ পেলে গোল করতে ভুল করেন না ডি মারিয়া।

মারিও বালোতেল্লি
দেশ: ইতালি
বয়স: ২৩
পজিশন: স্ট্রাইকার
ক্লাব: এসি মিলান
আন্তর্জাতিক ম্যাচ: ৩১
গোল: ১২
‘আমিই এখন বিশ্বের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়’—বক্তা মারিও বালোতেল্লি। যাঁর সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই! কথাবার্তার চেয়ে স্বভাব-চরিত্রে আরও বেশি খেপাটে। মাঠ ও মাঠের বাইরে কখন কী করে বসেন, ঠিক নেই। কোচকে সব সময়ই থাকতে হয় আতঙ্কে—এই বুঝি মাথা গরম করে নিজেকে ডোবায়, দলকে ডোবায়! কিন্তু সৃষ্টিকর্তা এমনই প্রতিভা দিয়ে পাঠিয়েছেন, কোচদের পক্ষে উপেক্ষা করা কঠিন। নিজের দিনে কী করতে পারেন, বালোতেল্লি দেখিয়েছেন ২০১২ ইউরোর সেমিফাইনালে। জার্মানির বিপক্ষে দুর্দান্ত ২ গোল করে দলকে তুলেছিলেন ফাইনালে। বিশ্বকাপ বাছাইপর্ব এবং এসি মিলানের হয়ে মৌসুমটা তেমন ভালো না কাটলেও বিশ্বকাপে বালোতেল্লিই আক্রমণভাগে ইতালির মূল ভরসা। মাথা ঠান্ডা রাখতে পারলে বালোতেল্লি সত্যিই হয়ে উঠতে পারেন বিশ্বকাপের মহাতারকা।

লুকা মডরিচ
দেশ: ক্রোয়েশিয়া
বয়স: ২৮
পজিশন: মিডফিল্ডার
ক্লাব: রিয়াল মাদ্রিদ
আন্তর্জাতিক ম্যাচ: ৭৫
গোল: ৮
ডায়নামো জাগরেবের হয়ে তিনবার ক্রোয়েশিয়ান লিগ জেতার পর এলেন টটেনহামে। ইংলিশ ক্লাবটিরও মাঝমাঠের প্রাণ হয়ে ওঠেন মডরিচ। বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ, নিখুঁত পাসিং আর সেট পিসে মাপা শট তাঁর বড় বৈশিষ্ট্য। এমন ফুটবলার রিয়াল মাদ্রিদের চোখ এড়িয়ে যাবে তা হতেই পারে না। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মৌসুমে একাদশে অনিয়মিত থাকলেও সময়ের সঙ্গে হয়ে উঠেছেন আস্থার প্রতীক। এ মৌসুমে রিয়ালের ইউরোপ জয়ে বড় ভূমিকাও রেখেছেন। জাতীয় দলে এই ভূমিকাটা এখন প্রশ্নাতীত। সাবেক ক্রোয়েশিয়ান মিডফিল্ডার বোবানের ভাষায় তিনি ‘ক্রোয়েশিয়ার পিরলো’। আট বছর আগে নিজের প্রথম বিশ্বকাপে ছিলেন একেবারেই তরুণ। গত বিশ্বকাপের টিকিটই পায়নি দল। এবার মডরিচ ক্লাবের ফর্মটা জাতীয় দলের হয়ে ধরে রাখতে পারলে চমকে দিতেই পারে ক্রোয়েশিয়া।

জাবি আলোনসো
দেশ: স্পেন
বয়স: ৩২
পজিশন: ডিফেন্সিভ মিডফিল্ডার
ক্লাব: রিয়াল মাদ্রিদ
আন্তর্জাতিক ম্যাচ: ১১০
গোল: ১৫
দুর্দান্ত সেভ, পেনাল্টি ঠেকিয়ে গোলরক্ষকেরাও হতে পারেন নায়ক। কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জাবি আলোনসোর সেই সুযোগ সামান্যই, দলের স্বার্থে কখনো কখনো তাঁকে হাঁটতে হয় অপ্রিয় পথে। প্রতিপক্ষের আক্রমণ রুখতে করতে হয় কঠিন ট্যাকল। ক্যারিয়ারজুড়ে জাবি আলোনসো সেই কাজটা করে যাচ্ছেন সার্থকতার সঙ্গে। রিয়াল মাদ্রিদের মতো স্পেন জাতীয় দলেরও অবিচ্ছেদ্য অংশ। স্পেনের ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের ইতিহাস গড়ায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রক্ষণ ও আক্রমণভাগের মধ্যে সেতুবন্ধ তো আছেই, দলের প্রয়োজনে গোলও করতে পারেন। ফ্রান্সের বিপক্ষে ২০১২ ইউরোর কোয়ার্টার ফাইনালে যেমন জোড়া গোল করে একাই দলকে তুলে দিয়েছিলেন সেমিফাইনালে। যেটা ছিল স্পেনের হয়ে তাঁর শততম ম্যাচ। ৩২ বছর বয়সী মিডফিল্ডার নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপটাও নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন।

গঞ্জালো হিগুয়েইন
দেশ: আর্জেন্টিনা
বয়স: ২৬
পজিশন: স্ট্রাইকার
ক্লাব: নাপোলি
আন্তর্জাতিক ম্যাচ: ৩৬
গোল: ২১
এ সময়ের বিশ্ব ফুটবলে হাতে গোনা নিখাদ স্ট্রাইকারদের একজন। দলে লিওনেল মেসি থাকার পরও গঞ্জালো হিগুয়েইন আর্জেন্টিনার আক্রমণভাগের বড় ভরসা। আস্থার জায়গাটা তৈরি করে নিয়েছেন নিজের পারফরম্যান্স দিয়েই। মেসির সমবয়সী স্ট্রাইকারের সবচেয়ে বড় গুণ, প্রতিপক্ষের বিপৎসীমানায় গুপ্ত ঘাতকের মতো লুকিয়ে থাকতে পারেন। ২০১০ বিশ্বকাপের একমাত্র হ্যাটট্রিকের মালিক বিশ্বকাপ বাছাইপর্বে করেছেন ৯ গোল। ক্লাবের হয়েও ফর্মটা দুর্দান্ত। ৬ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে গত গ্রীষ্মে যোগ দেন নাপোলিতে। ম্যারাডোনার সাবেক ক্লাবের হয়ে মৌসুমে সব মিলিয়ে ২৪ গোল। নাপোলিকে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে জায়গা করে দিতে এবং কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলতে রেখেছেন বড় ভূমিকা। ব্রাজিলে মেসির সঙ্গে হিগুয়েইনের রসায়ন মিলে গেলে আর্জেন্টাইনদের ২৮ বছরের অপেক্ষা ঘুচতেও পারে।

ওয়েসলি স্নাইডার
দেশ: হল্যান্ড
বয়স: ৩০
পজিশন: মিডফিল্ডার
ক্লাব: গ্যালাতাসারাই
আন্তর্জাতিক ম্যাচ: ৯৯
গোল: ২৬
অভিষেকের পর থেকেই হল্যান্ড দলের নিয়মিত মুখ। ২০১০ বিশ্বকাপের অন্যতম নায়ক। ইন্টার মিলানকে ট্রেবল উপহার দিয়ে দক্ষিণ আফ্রিকায় যান ওয়েসলি স্নাইডার। দলকে তুলে আনেন ফাইনালেও। ফোরলান-ভিয়া-মুলারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৫ গোলও করেন। আফসোস, ফাইনালে স্পেনের কাছে হেরে চির-আরাধ্য সোনার ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি। এবার ভাগ্য তাঁকে সুযোগ করে দিয়েছে সেই আক্ষেপ মুছে ফেলার। হ্যাঁ, ভাগ্যই তাঁকে নিয়ে যাচ্ছে ব্রাজিলে। ২০১০ বিশ্বকাপের পর থেকেই হারিয়ে যাওয়ার শুরু। ইন্টার থেকে তুরস্কের গ্যালাতাসারাইয়ে যোগ দিয়ে চলে যান দৃশ্যপটের আড়ালে। কিছুদিন পর হারিয়ে ফেলেন জাতীয় দলের জায়গাও। ফেরার সম্ভাবনাও কঠিন করে তুলেছিল বাজে ফর্ম আর মুটিয়ে যাওয়া শরীর। তবে অধ্যবসায় এবং মনের জোরে স্নাইডার শুধু নিজেকে ফিরেই পাননি, জয় করে নিয়েছেন কোচ ফন গালের মনও। দল থেকে ছিটকে ফেলেছিলেন যিনি, সেই ফান গালই এখন স্নাইডারের প্রশংসায় পঞ্চমুখ। স্নাইডার কোচের আস্থার প্রতিদান দিতে চান ব্রাজিলে।

ফিলিপ লাম
দেশ: জার্মানি
বয়স: ৩০
পজিশন: ডিফেন্ডার/ডিফেন্সিভ মিডফিল্ডার
আন্তর্জাতিক ম্যাচ: ১০৬
ক্লাব: বায়ার্ন মিউনিখ
২০০৪ সালে অভিষেকের পর থেকেই জাতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন। চোট বাগড়া না দিলে ফর্মের কারণে দল থেকে ছিটকে পড়েননি কখনোই। ফিলিপ লামকে বোঝাতে এটুকুই যথেষ্ট। ২০০৬ বিশ্বকাপে চোট থাকলেও লামকে জার্মান দলে রাখেন তখনকার কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। ২০১০ বিশ্বকাপ থেকেই দলের অধিনায়ক। এখন তো বায়ার্ন মিউনিখের প্রতীক হয়ে উঠেছেন। বায়ার্নের সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারিগর, বিশ্বসেরা লেফটব্যাক হিসেবে অনেকেরই ভোট তাঁর বাক্সে। বায়ার্ন অধিনায়ক খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও। বিশ্বকাপের সপ্তাহ দুয়েক আগে হাঁটুর চোট জার্মানদের ফেলে দিয়েছিল শঙ্কার মধ্যে। সেই শঙ্কা কাটিয়ে ঠিকই সুস্থ হয়ে উঠেছেন। এখন অপেক্ষা দেশকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার। দুটি বিশ্বকাপ ও তিনটি ইউরোতে খেলা ৩০ বছর বয়সী লামের ওপর চোখ রাখতেই হবে।

সার্জিও রামোস
দেশ: স্পেন
বয়স: ২৮
পজিশন: ডিফেন্ডার
ক্লাব: রিয়াল মাদ্রিদ
আন্তর্জাতিক ম্যাচ: ১১৬
গোল: ৯
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন আর ফাইনালে অ্যাটলেটিকোর বিপক্ষে গোলগুলো দেখার পর তাঁকে আর শুধু ডিফেন্ডার বলার উপায় নেই। সার্জিও রামোসের মূল দায়িত্ব অবশ্য রক্ষণ সামলানোই। মূলত সেন্ট্রাল ডিফেন্ডার, তবে রাইটব্যাক হিসেবেও সমান পারদর্শী। যেমন পারদর্শী রক্ষণ সামলে আক্রমণে উঠতেও। আর তাই রামোসের কাছে বাড়তি প্রত্যাশা কোচ ভিসেন্তে দেল বস্কের। স্পেনের সোনালি প্রজন্মের ফুটবলার দুটি বিশ্বকাপ খেলেছেন, দুটি ইউরোও। এর মধ্যে ২০০৬ বিশ্বকাপ ছাড়া বাকি সব টুর্নামেন্টেই ট্রফি হাতে আনন্দ করার সৌভাগ্য হয়েছে। গত বছর মার্চে স্পেনের হয়ে শ�