আলো ছড়ালেন কিপিয়েগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের ১৫০০ মিটারে ইনডোর ও আউটডোরে বিশ্ব রেকর্ড গেনজেবে দিবাবার। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন এই ইথিওপিয়ান। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতেই আলো ছড়াতে পাড়লেন না দিবাবা। সব আলো কেড়ে নিলেন ফেইথ কিপিয়েগন। ফেবারিট দিবাবাকে পেছনে ফেলে ১৫০০ মিটার দৌড়ে অলিম্পিক সোনা জিতে নিয়েছেন কেনিয়ার কিপিয়েগন।
পরশু শেষ ল্যাপেও এগিয়েছিলেন দিবাবা। শেষ দিকে বরাবরের মতো শেষ ল্যাপে দ্রুত দৌড়েই জেতার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দিবাবাকে পেছনে ফেলে দেন কিপিয়েগন। শেষ ২৫০ মিটারে দুরন্ত গতিতে দিবাবাকে পেছনে ফেলে সোনা নিশ্চিত করেন ২২ বছর বয়সী কেনিয়ান। এই সাফল্যে দারুন উচ্ছ্বসিত কিপিয়েগন, ‘এটি অসাধারণ, অলিম্পিকে আমার প্রথম পদক। আমি জানতাম, এটা খুব দ্রুতগতির দৌড় হবে। শেষ ল্যাপে আমাকে গতি বাড়াতে হয়েছে অনেক। আমি এর জন্য প্রস্তুত ছিলাম।’ গত কিছুদিনে চোট ও অন্যান্য কারণে অনুশীলনে ব্যাঘাত ঘটায় হেরেও অসন্তুষ্ট নন দিবাবা, ‘ফেইথ খুব কঠিন প্রতিদ্বন্দ্বী, আমার ফলে খুশি আমি।’ সূত্র: এএফপি।