ওয়ানডে ক্যারিয়ারের বয়স সাড়ে ১৩ বছর। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কি নতুন উপলব্ধি হচ্ছে মাহেলা জয়াবর্ধনের? ভাবছেন, ওপেন করার সিদ্ধান্তটি কেন আরও আগে নিইনি!কাল মাত্র অষ্টমবার ওয়ানডেতে ওপেন করে তৃতীয় সেঞ্চুরি পেয়ে গেলেন জয়াবর্ধনে। তাঁর ক্যারিয়ার-সেরা ইনিংস আর সাঙ্গাকারার সঙ্গে দারুণ এক জুটিতে ওয়ানডে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। কাল প্রতিশোধের ক্ষেত্র প্রস্তুত ছিল ইংল্যান্ডের জন্য। এই হেডিংলিতেই ২০০৬ সালে ইংল্যান্ডের ৩২১ রান তাড়া করে ৩৭.৩ ওভারেই জিতে গিয়েছিল শ্রীলঙ্কা। শোধ তুলবে কী, উল্টো ইংল্যান্ড হারল ৬৯ রানের বড় ব্যবধানে। ২০০৮ ওয়ানডেতে প্রথম ওপেন করতে নেমে শূন্য রানে আউট হয়েছিলেন। এরপর ২০০৯ সালে দুবার, গত বছর তিনবার আর এ বছর এখনো পর্যন্ত দুবার। ওয়ানডেতে ক্যারিয়ার গড় ৩৩.৩৫, কিন্তু ওপেনারের ভূমিকায় গড় প্রায় দ্বিগুণ (৬৬.৫৭)! টি-টোয়েন্টিতে তো এখন নিয়মিতই ওপেন করছেন। সেখানেও ১০ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি। ওপেন না করা ২৩ ইনিংসে ফিফটি মাত্র একটি! আরও আগে ওপেনিং শুরু না করার আক্ষেপ থাকতেই পারে জয়াবর্ধনের।দুই পেসারের হাত ধরে শ্রীলঙ্কার দুই ওপেনারকে দ্রুতই ফিরিয়েছিল ইংল্যান্ড। তবে পেসারদের বোলিংয়ে নয়, ফিল্ডিংয়ে! প্রায় অসম্ভব এক রান নিতে গিয়ে মিড অন থেকে ব্রডের সরাসরি থ্রোতে আউট দিলশান। খানিক পর এর রিপ্লে দেখিয়ে আউট চান্দিমাল, মিডঅনে এবার ফিল্ডার অ্যান্ডারসন। বিপর্যয় থেকে শ্রীলঙ্কাকে অসংখ্যবার উদ্ধার করেছেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা। করলেন আরও একবার। তৃতীয় উইকেটে দুজনের ১৫৯ রানের জুটি এই দুই দলের সিরিজে রেকর্ড, আগের রেকর্ডটিও ছিল এই দুজনেরই (১৪০)। ক্যারিয়ারে ১৫তম সেঞ্চুরি ছুঁয়েছেন জয়াবর্ধনে ১১৮ বলে। অ্যাঞ্জেলা ম্যাথুসের ছোট্ট ঝোড়ো ইনিংসে ৩০০ পেরোয় শ্রীলঙ্কা। ইংল্যান্ড শুরুটা ভালোই করেছিল। উদ্বোধনী জুটিতে কিসওয়েটার-কুক তুলেছিলেন ৫৩ রান। কিন্তু পরে মরগান ছাড়া রান পাননি কেউ। উদ্বোধনী জুটির পর ফিফটি জুটি গড়তে পেরেছেন আর কেবল মরগান ও বেল, পঞ্চম উইকেটে ৫৭। ম্যাচটারও তাই ম্যাড়ম্যাড়ে সমাপ্তি। আগের ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দেওয়া রনদিভ কাল সফলতম বোলার, লেগ স্পিনে ২ উইকেট পেয়েছেন অলরাউন্ডার জীবন মেন্ডিস। ওয়েবসাইট।অবশেষেক্যারিয়ারের ৫৪তম ইনিংসে ১২৮ করেছিলেন জয়াবর্ধনে, নিজের সর্বোচ্চ ইনিংস টপকালেন প্রায় ১১ বছর ও ২৬৬ ইনিংস পর!