আলো ছড়ালেন মেজবাহ-শিরিন

ছেলের খেলা যেখানেই হোক, ছুটে যান শাহীনা বেগম। বাগেরহাট থেকে এবার ঢাকায় এসেছেন জাতীয় অ্যাথলেটিকস শুরুর এক দিন আগেই। প্রতিদিন সবার আগে চলে আসতেন আর্মি স্টেডিয়ামে। কাল বিকেলে মেজবাহ আহমেদ ১০০ মিটার স্প্রিন্টের ফিনিশিং লাইন ছুঁতেই দৌড়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। আনন্দে মা-ছেলে কাঁদলেন।
এই মা একজন সাবেক অ্যাথলেট। বাগেরহাট জেলার হয়ে জাতীয় পর্যায়ে খেলেছেন। তবে কখনোই দ্রুততম মানবী না হওয়ার আক্ষেপ আছে তাঁর। ছেলেকে দিয়ে সেই স্বপ্নপূরণ করলেন। ৩৮তম জাতীয় অ্যাথলেটিকসে ছেলে মেজবাহ আহমেদ হয়েছেন দেশের দ্রুততম মানব (১০.৫২ সেকেন্ডে)। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে এবার এল নতুন মুখ—শিরিন আক্তার। বিকেএসপির তরুণী ১১.৪৮ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন নতুন দ্রুততম মানবী।
মেজবাহ গত বাংলাদেশ গেমসেও ১০০ মিটারে প্রথম হয়েছিলেন (১০.৭৫ সেকেন্ড)। কিন্তু গত বছর পুনেতে এশিয়ান অ্যাথলেটিকসের পর রাশিয়ায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও নিজের সেরা টাইমিং ধরে রাখতে পারেননি (১১.২৩ সেকেন্ড)। সেই হতাশা ভুলে কাল আবার আলো ছড়ালেন মেজবাহ। ১৯ বছরের তরুণ দিলেন আন্তর্জাতিক মিটেও ভালো করার প্রতিশ্রুতি।
এগিয়ে যাওয়ার পথে এরই মধ্যে অতিক্রম করতে হয়েছে অনেক বাধা। বিকেএসপি ছেড়ে মাঝখানে চাকরির জন্য দৌড়াদৌড়ি করেছেন নৌবাহিনীতে। এরপর নৌবাহিনীতে যোগ দিয়ে ফিরে পেলেন নিজেকে। এই জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনে জিতেছেন ২০০ মিটারের সোনা, ৪–১০০ মিটার রিলেতে নৌবাহিনীর সোনা জেতায় রেখেছেন বড় অবদান। পরশু ট্রিপল জাম্পে সোনা জয়ের পর কাল ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন। ৪টি সোনাজয়ী মেজবাহ খুব খুশি, ‘আত্মবিশ্বাসী ছিলাম এবার ৪টি সোনা জিতব। ২০০ মিটারে সোনা জেতার পর মনে হচ্ছিল আমি পারব।’
পেছনে ছিল মায়ের শুভকামনা। মা শাহীনা কাল রোজা রেখেছিলেন ছেলের জন্য। ছেলের সাফল্যে খুবই উচ্ছ্বসিত তিনি, ‘ও আমার সোনার ছেলে। আমি যা পারিনি, তা সে পেরেছে। ওর কাছে সাফের সোনা চাই আমি।’
কয়েক বছর ধরে দেশের দ্রুততম মানবের মুকুট ধারাবাহিকভাবে কেউ ধরে রাখতে পারছেন না। মিজবাহর বিশ্বাস তিনি পারবেন, ‘আরও কয়েক বছর টানা দ্রুতমানব হতে চাই। ফেডারেশন আমাকে বিদেশে উচ্চতর প্রশিক্ষণে পাঠালে টাইমিংয়ে আরও উন্নতি করতে পারতাম।’
দলগতভাবে এবারের জাতীয় মিটে চ্যাম্পিয়ন বিজেএমসি—১১ সোনা, ১৩ রুপা ও ৯ ব্রোঞ্জ। গত বাংলাদেশ গেমসেও অ্যাথলেটিকসে সেরা হয়েছিল দলটি। ১১ সোনা, ৩ রুপা ও ২ ব্রোঞ্জ নিয়ে এই মিটে রানার্সআপ নৌবাহিনী।
পদকে সেরা পাঁচ
সোনা রুপা ব্রোঞ্জ
বিজেএমসি ১১ ১৩ ৯
নৌবাহিনী ১১ ৩ ২
সেনাবাহিনী ৯ ১৫ ১১
বিকেএসপি ৫ ১ ২
বিজিবি ০ ২ ২