আলো ছড়ালেন রবলেস-রুডিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্ট ছিলেন না। আরেক জ্যামাইকান আসাফা পাওয়েল থাকলেও গ্রোয়েন ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নেন প্রতিযোগিতা শুরুর ঘণ্টা খানেক আগে। ১০০ মিটারের এই দুই শীর্ষ তারকার অনুপস্থিতিতেও ডায়মন্ড লিগের লন্ডন মিটের এই ইভেন্টে আধিপত্য ধরে রাখলেন জ্যামাইকানরাই। ৯.৯৫ সেকেন্ড সময় করে পুরুষদের ১০০ মিটার জিতেছেন জ্যামাইকার ইয়োহান ব্লেক। ১০.০১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় তারই স্বদেশি নেস্টা কার্টার। তৃতীয় যুক্তরাষ্ট্রের মাইকেল রজার্স (১০.০৪)।তিন সপ্তাহ পরই দক্ষিণ কোরিয়ার দেগুতে শুরু হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেদিকে তাকিয়েই লন্ডনের ক্রিস্টাল প্যালেসে দৌড়ানোর ঝুঁকি নেননি পাওয়েল। আর বোল্ট নাম প্রত্যাহার করেন আগেই। তাঁর অংশ না নেওয়ার কারণ ব্রিটেনের কর আইন, যে আইনে লন্ডন মিটে জয়ের পর পাওয়া অর্থ পুরস্কারের একটা অংশ কেটে রাখা হয়।বোল্ট-পাওয়েলদের অনুপস্থিতিতে ক্রিস্টাল প্যালেসে আলো ছড়িয়েছেন ডেভিড রুডিশা, ডেরন রবলেস। পুরুষদের ৮০০ মিটারে ১ মিনিট ৪২.৯১ সেকেন্ড সময় নিয়ে ব্রিটেনের মাটিতে নতুন রেকর্ড গড়েছেন কেনিয়ার রুডিশা। আর কিউবার রবলেস সাম্প্রতিক ইনজুরির ধকল কাটিয়ে ১১০ মিটার হার্ডলসে জিতেছেন ১৩.০৪ সেকেন্ড টাইমিং করে। ট্র্যাকে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আমেরিকার জেসন রিচার্ডসন (১৩.০৮)। এএফপি।