আলো নেই, তবে চোখে আছে স্বপ্ন!

গায়ে কালো শার্ট। পরনে নীল জিনস। ঘরের ভেতরেও চোখে রোদচশমা পরে হাঁটছিলেন মোহাম্মদ শামীম জাহান। হাতে সাদা ছড়ি না থাকলে বোঝাই যেত না, সুদর্শন ছেলেটি দৃষ্টিপ্রতিবন্ধী। ঢাকা বিভাগীয় দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবায় খেলতে এসেছেন ফেডারেশনে। শুধু শামীমই নন, এবারের বিভাগীয় প্রতিযোগতায় খেলতে এসেছেন এমনই ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ু।
এঁদের কেউ জন্মান্ধ। কেউ ছোটবেলায় রোগে ভুগে বা কোনো দুর্ঘটনায় চোখ হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শামীমের চোখ দুটো জন্মের পর ভালোই ছিল। কিন্তু পঞ্চম শ্রেণীতে পড়ার সময় গ্লুকোমা রোগে আক্রান্ত হন। দেশের চিকিত্সায় ফল হয়নি দেখে মাদ্রাজ নিয়ে যান অভিভাবকেরা। কিন্তু সেখান থেকেও ভাঙা মন নিয়ে ফিরতে হয়েছিল। বাঁ চোখে একদমই দেখতে পান না শামীম। ডান চোখেও ঝাপসা দেখেন। শুধু বুঝতে পারেন সামনে কোনো বস্তু বা ছায়া আছে। আলো-আঁধারির পার্থক্যটা সামান্যই বোঝেন শামীম। কিন্তু অন্যদের চেয়ে একটু বেশিই বোঝেন দাবার বোর্ডের চাল। একসময় নিয়মিত অন্ধদের ক্রিকেটও খেলতেন। কিন্তু চার বছর আগে খেলতে গিয়ে ঘটে আরেক দুর্ঘটনা। বাঁ পায়ের হাড় ভেঙে যাওয়ার পর খেলাটাই ছেড়ে দিয়েছেন। এখন দাবার বোর্ডেই আনন্দ খোঁজেন শামীম।
সাধারণ দাবাড়ুদের চেয়ে একটু আলাদা ও ব্যতিক্রমী দৃষ্টিপ্রতিবন্ধীদের ঘুঁটি ও বোর্ড। কাঠের বোর্ডের মধ্যে কালো ঘরগুলো উঁচু ও সাদা ঘরগুলো নিচু থাকে। সাদা ঘুঁটির ওপর একটি ফোঁটার মতো বিন্দু থাকে, কালো ঘুঁটি থাকে মসৃণ। এভাবেই তাঁরা চাল দেন। বুঝে নেন প্রতিপক্ষের চাল। খেলতে কোনো সমস্যা হয় না? হেসে উত্তর দিলেন শামীম, ‘অভ্যাস হয়ে গেছে।’ ক্রিকেট খেলা দেখতে পারেন না। কিন্তু টেলিভিশনের ধারাভাষ্য শোনেন। ধারাভাষ্য শোনেন রেডিওতেও। প্রতিটি বলের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শোনা যায় রেডিওতে, তাই বেশির ভাগ ক্ষেত্রে বেতারের ধারাভাষ্যটাই ভালো লাগে।
শামীমের মতোই আরেক দৃষ্টিপ্রতিবন্ধী আজগর আলী দুই চোখ হারিয়েছিলেন ছোটবেলায় টাইফয়েডে ভুগে। আজগর আলীর জীবনেও নেমে এসেছিল অন্ধকার। পড়াশোনা শেষে বেকার জীবনের দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছিল সিলেটের যুবকের। কিন্তু ছোটবেলা থেকেই দাবার নেশায় পাওয়া আজগর থেমে থাকতে চাননি। বিজিএমই আয়োজিত প্রতিবন্ধীদের দাবায় একবার রানার্সআপ হয়েছিলেন। সেখানেই নজরে পড়েন ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদীর। বিশিষ্ট ব্যবসায়ী হীরে চিনতে ভুল করেননি। তাঁকে সুযোগ করে দেন এনভয় গ্রুপে কর্মসংস্থানের। সেই প্রতিষ্ঠানেই চাকরি করছেন বর্তমানে। পাশাপাশি দাবার চর্চাটাও নিয়মিত চালিয়ে যাচ্ছেন। দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবায় পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন আজগর আলীর স্বপ্ন গ্র্যান্ডমাস্টার হওয়ার, ‘যদি নিয়মিত প্রশিক্ষণ পেতাম এবং টুর্নামেন্টে অংশ নিতে পারতাম তাহলে একদিন আমরাও গ্র্যান্ডমাস্টার হতে পারতাম।’ দাবা ফেডারেশন খেলার সুযোগ করে দিয়েছে বলে কৃতজ্ঞ আজগর।
শরীয়তপুরের মনির রানার অন্ধ হওয়ার গল্পটাও আজগর আলীর মতোই। ছয় বছর বয়সে টাইফয়েডে দুই চোখের দৃষ্টি হারিয়েছেন। তাই বলে জীবনযুদ্ধে থেমে থাকেননি। লেখাপড়া করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ঢাকায় এসেছেন শুধু খেলার টানে। খেলার নেশায়। দৃষ্টি নেই বলে অনেকেই উপেক্ষা করত আগে। এ জন্য হতাশা এসে ভর করত মনে। কিন্তু সেই হতাশা কাটিয়ে ফেলেছেন খেলাধুলা করে। দাবার পাশাপাশি বাংলাদেশ অন্ধ-ক্রিকেট দলের অলরাউন্ডার মনির এরই মধ্যে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতে গত বছর হওয়া দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশ্বকাপে খেলার পর হতাশা কেটে গেছে তাঁর, ‘আগে খারাপ লাগলেও এখন আর সে রকম কিছু মনে হয় না। আমি একজন ক্রিকেটার ও দাবাড়ু। এটা ভাবতেই ভালো লাগে।’
বাংলাদেশ ব্রেইল চেস সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল ২০০৬ সালে। এর পর থেকে নিয়মিত দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবার আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। সভাপতি নাজমুল হোসাইন ফারুক জানালেন, এবারের প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে জাতীয় প্রতিযোগিতায় পাশে পান গ্রামীণফোনকে। গ্রামেগঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবা ছড়িয়ে দেওয়ায় একমাত্র উদ্দেশ্য প্রতিষ্ঠানটির। ওদের অন্ধকার জীবনে আলোর ছটা হয়ে ধরা দেবে দাবা—এটাই চাওয়া নাজমুলের।
ক্যাপশন: দৃষ্টি হারালেও থেমে যায়নি তাঁদের দাবারু হওয়ার স্বপ্ন। ছবি: হাসান রাজা