আলোকসজ্জার বিদ্যুতে ডেসকোর আপত্তি
বিশ্বকাপের আর মাত্র ১৩ দিন বাকি থাকলেও নগরসজ্জার কাজ পুরো শেষ হয়নি। এর মধ্যেই গত পরশু ঢাকা বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষের (ডেসকোর) কাছ থেকে পাওয়া একটা চিঠি আতঙ্কিত করে তুলেছে বিসিবিকে, অনিশ্চিত হয়ে পড়েছে সৌন্দর্যবর্ধনের পরিকল্পনাও। নগরসজ্জার জন্য রাজধানীর প্রধান সড়কগুলোয় যে বাতি লাগানো হচ্ছে, সেগুলোর জন্য বিদ্যুত্ সরবরাহ করতে অপারগতা প্রকাশ করেছে ডেসকো।বিশ্বকাপ উপলক্ষে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পর্যন্ত মোট ২২ কিলোমিটার সড়কের সৌন্দর্যবর্ধন পরিকল্পনায় আছে আলোকসজ্জাও। এ কাজে সাহায্যের আশ্বাস দিয়ে গেছেন ঢাকার মেয়র সাদেক হোসেন। একই আশ্বাস মিলেছিল ডেসকোর কাছ থেকেও। কিন্তু গত পরশু বিসিবিকে চিঠি দিয়ে ডেসকো জানিয়েছে, লোডশেডিংয়ের কথা বিবেচনা করে আলোকসজ্জার জন্য বিদ্যুত্ বিতরণ করা সম্ভব নয়। বিসিবি যেন নিজেদের দায়িত্বে বিদ্যুতের ব্যবস্থা করে।বিসিবির সভাপতি আ হ ম মোস্তফা কামাল কাল ডেসকোর চিঠি পেয়ে বলেছেন, ‘আলোকসজ্জার ব্যাপারে ডেসকো এবং সিটি করপোরেশন সাহায্যের আশ্বাস দিয়েছিল। সে অনুযায়ী বাতি লাগানোর কাজ অনেকাংশেই শেষ করে এনেছি। বিদ্যুত্ সরবরাহের ব্যাপারে ডেসকোর আপত্তির কথা জেনে তাই বিস্মিত হয়েছি। বিশ্বকাপ তো শুধু বিসিবির নয়, গোটা জাতির। জেনারেটর দিয়ে এত বাতি জ্বালানো সম্ভব নয়!’ আলোকসজ্জার জন্য সিঙ্গাপুর থেকে যে বিশেষ ধরনের বাতি আনা হয়েছে, সেটি লোডশেডিংয়ের কারণ হবে না বলে মনে করেন তিনি, ‘আলোকসজ্জা হবে এলইডি লাইটে। এতে বিদ্যুত্ খরচ হয় খুবই কম।’