আলোচনাই সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক হম্বিতম্বি, ভয় দেখানো—সবই তাহলে অসারের তর্জন-গর্জন?গতবার ঘরোয়া লিগে পাতানো খেলার দেদার অভিযোগ ওঠার পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল বাফুফে। কথাই সার, দৃশ্যমান কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে বাফুফেকে হাত-পা গুটিয়ে বসে থাকতে দিচ্ছে না দলগুলো। গত পরশু শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচটা পাতানো ছিল অভিযোগ ওঠায় একটু নড়েচড়ে উঠতেই হচ্ছে।গতকাল দেশের প্রায় সব পত্রিকাতেই এই ম্যাচ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অথচ কাল দুপুরে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন দাবি করলেন, ‘অভিযোগটা আপনার মুখেই প্রথম শুনলাম। সংশ্লিষ্ট কমিটি দেখবে, এটা আমার কাজ নয়।’ সম্পূরক প্রশ্নে তাঁর জবাব, ‘পাতানো খেলা বন্ধে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তবে গত ১০ বছরের চেয়ে এবার পাতানো খেলা অনেক কম হয়েছে।’‘অনেক কম’ বলে বাফুফে সভাপতি প্রকারান্তরে স্বীকার করে নিলেন, পাতানো ম্যাচ এবারও হচ্ছে। তা হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এবার তাঁর উত্তর, ‘প্রমাণ তো করা যাচ্ছে না। বাফুফের বিরুদ্ধে কেউ মামলা করলে তখন তো কোর্টে দৌড়াতে হবে।’পাতানো খেলার ব্যাপারে বাফুফের কার্যকর কোনো পর্যবেক্ষণ নেই। বাফুফের সদস্য ফজলুর রহমান ও হাসানুজ্জামান বাবলু নিয়মিত খেলা দেখেন বলে যা একটু খোঁজখবর রাখেন। আনোয়ারুল হকও কয়েকটা ম্যাচ দেখেছেন। নিজেদের অভিজ্ঞতা থেকে এই তিন কর্মকর্তা বাফুফের সভায় পাতানো খেলা নিয়ে জোরালো বক্তব্য রেখেছেন বলেও জানা গেছে একটি সূত্রে।সূত্র জানিয়েছে, গত ২৪ মার্চ বাফুফের নির্বাহী কমিটির সভায় নির্দিষ্ট দুটি ম্যাচ নিয়ে কথা ওঠে। ২ মার্চ শেখ জামাল-রহমতগঞ্জ ও ৬ মার্চ আরামবাগ-ফরাশগঞ্জ ম্যাচ দুটি পাতানো সন্দেহে বাফুফে থেকে লিগ কমিটিকে চিঠি দিয়ে বলা হয়েছে, এই দুটি ম্যাচের ব্যাপারে কোনো পর্যবেক্ষণ থাকলে যেন জানানো হয়।বাফুফের পরের সভায় এ নিয়ে আলোচনা হওয়ার কথা। সেই সভা গত আড়াই মাসে হয়নি। কিন্তু ম্যাচ দুটির ব্যাপারে লিগ কমিটির পর্যবেক্ষণ কী? বাংলাদেশ লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীর উত্তর, ‘ফেডারেশন থেকে একটা চিঠি দিয়ে শেখ জামাল-রহমতগঞ্জ ও আরামবাগ-ফরাশগঞ্জ ম্যাচ নিয়ে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। আমরা হারুন ভাইয়ের (হারুনুর রশিদ) নেতৃত্বে চার সদস্যর কমিটি করে দিয়েছি। দু-তিন দিনের মধ্যে কমিটির রিপোর্ট দেওয়ার কথা।’কিন্তু ঘটনা হলো, এত দিনেও অভিযুক্ত ক্লাবগুলোর সঙ্গে কথা বলেনি কমিটি! শেখ জামালের সভাপতি মনজুর কাদের বললেন, ‘আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করেনি। বাফুফের কোনো চিঠিও পাইনি। পেলে উত্তর দেব।’পাতানো খেলা শনাক্ত করার অন্যতম শর্ত—ম্যাচ ভিডিও করা। কিন্তু এবার বাংলাদেশ লিগের প্রথম পর্বের মাত্র দুটি ম্যাচ (জামাল-রহমতগঞ্জ, আরামবাগ-ফরাশগঞ্জ নয়) ও দ্বিতীয় পর্বে ২৫টির মতো ম্যাচ ভিডিও হয়েছে। ভিডিও হলেই বা কী? দেখে কে!এর আগে ফুটবলারদের বাফুফে ভবনে ডেকে ‘আমরা পাতানো ম্যাচ খেলব না’ অঙ্গীকার করিয়েছিলেন সালাউদ্দিন। কথা বলেছেন ক্লাবগুলোর সঙ্গে। পাতানো খেলা বন্ধে গোয়েন্দা সহায়তা চেয়ে পুলিশকে পর্যন্ত চিঠি দিয়েছিল বাফুফে। পুলিশ বলেছে, তাদের লোকবলের অভাব।গোয়েন্দা সহায়তা বাদই দিন, ফেডারেশনের সভায় ‘সন্দেহজনক’ দুটি ম্যাচ নিয়ে আলোচনা হওয়ার পরও তা খতিয়ে দেখতে আড়াই মাস পার হবে কেন?