আলোচনাই হয়নি নির্বাচকদের নিয়ে
টেকনিক্যাল কমিটির সভায় আলোচনার কথা ছিল নির্বাচকদের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু কাল সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন জানালেন, এ ব্যাপারে কোনো আলোচনাই হয়নি!‘কমিটির মেয়াদ তো তিন মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে পরেও আলোচনা করা যাবে’—বলেছেন এনায়েত হোসেন। অথচ আগের দিন তিনিই বলেছিলেন, মেয়াদ বাড়ানো নিয়ে এ সভায় প্রধান নির্বাচকের মতামত চাওয়া হবে। কাল বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচক রফিকুল আলম উপস্থিত থাকলেও এনায়েত হোসেন জানিয়েছেন, জাতীয় দল এবং ‘এ’ দলের ভবিষ্যৎ সিরিজ আর সফর নিয়েই আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।আসন্ন বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড কোনো টেস্ট না খেলে পাঁচটি ওয়ানডে খেলবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এবং সব ম্যাচই দিবারাত্রির হওয়ার সম্ভাবনা। সিরিজে তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট হওয়ার কথা থাকলেও এ সময়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে চায়নি নিউজিল্যান্ড। বিসিবিও মনে করেছে, বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব ওয়ানডে খেলাই ভালো। সেজন্য ঘরোয়া ক্রিকেটের সূচিও সেভাবেই করার চিন্তাভাবনা চলছে। নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার সম্ভাব্য তারিখ ৫ অক্টোবর। বিশ্বকাপের পর কোনো একসময়ে নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান।সভায় যত দ্রুত সম্ভব জাতীয় দলের জন্য বোলিং এবং ফিল্ডিং কোচ নিয়োগের ব্যাপারে আলোচনা হয়েছে। বোর্ড থেকে কয়েকজন বিদেশি কোচের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন এনায়েত হোসেন, ‘অনেক আবেদন এসেছে। আমরাও কয়েকজন কোচের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। সেপ্টেম্বরের আগেই জাতীয় দলের জন্য বোলিং-ফিল্ডিং কোচ নিতে চাই আমরা।’বাংলাদেশ ‘এ’ দল ভবিষ্যতে মালয়েশিয়া ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। সভায় আলোচনা হয়েছে সেসব নিয়েও।