আলোচনায় আবার মাঠের ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়। অথচ কদিন ধরে সেখানেই কোনো ক্রিকেট নেই! আছে ম্যাচ ফিক্সিং-স্পট ফিক্সিংয়ের দূষিত আলোচনা। আকসু আর আকসুর তদন্ত প্রতিবেদন নিয়ে গোয়েন্দাসুলভ কৌতূহল। মোহাম্মদ আশরাফুলের পর আর কার নাম এল, আশরাফুলের কী শাস্তি হবে, ঢাকা গ্ল্যাডিয়েটরস বেঁচে যাবে না তো, কিংবা আশরাফুল-ভক্তদের মানববন্ধন পুলিশি তাড়া খেল কেন—অক্রিকেটীয় সব আলোচনা উড়ে বেড়ায় বিসিবি অফিসের বাতাসে।
অবশেষে কাল সেখানে একটু ক্রিকেটীয় বাতাস লাগল গায়ে। বাতাসটা এল নির্বাচকদের ঘর থেকে। অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। আগস্ট মাসে বাংলাদেশ ‘এ’ দল ও জুলাইয়ে অনূর্ধ্ব-১৯ দল যাবে ইংল্যান্ডে। আগস্টে অনূর্ধ্ব-২৩ দল সিঙ্গাপুরে যাবে এসিসি ইমার্জিং প্লেয়ারস ট্রফি খেলতে। নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে প্রধান নির্বাচক আকরাম খানকে কাল ব্যস্ত পাওয়া গেল এসব নিয়ে। জাতীয় দল আর ‘এ’ দলের অনুশীলন পরিকল্পনা নিয়ে আজ ক্রিকেট পরিচালনা বিভাগের একটা সভাও আছে।
সভায় আলোচনা হতে পারে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রস্তাব নিয়েও। ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে আয়ারল্যান্ড সফরের প্রস্তাব দিয়ে রেখেছে তারা বিসিবিকে। প্রিমিয়ার ক্রিকেট লিগ এবং ‘এ’ দলের ইংল্যান্ড সফরের কারণে ওই প্রস্তাবে সাড়া দেওয়া কঠিন হলেও সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন, ‘আমরা সফর নিশ্চিত করলে ওরা সময়টা নির্দিষ্ট করবে। তবে আমাদের এখানে ঘরোয়া ক্রিকেট আছে, “এ” দল ইংল্যান্ড সফরে যাবে। এসব মাথায় রেখেই আয়ারল্যান্ড সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’
আজকালের মধ্যে ২৮-৩০ জনের খেলোয়াড় তালিকা দেবে নির্বাচক কমিটি। ১৩ জুন থেকে ফিটনেস ক্যাম্প শুরু হবে এই খেলোয়াড়দের নিয়েই। ইংল্যান্ড সফরের ‘এ’ দলও গড়া হবে এখান থেকে। তবে জাতীয় দলের কোচ শেন জার্গেনসেন ক্যাম্পের যে পরিকল্পনা দিয়েছেন, তার বাস্তবায়ন নিয়ে সামান্য চিন্তিত মনে হলো নির্বাচকদের। ক্যাম্পের প্রথম পাঁচ দিন শুধু ফিটনেস টেস্ট, পরের পাঁচ দিন ফিটনেস ট্রেনিং। মাঝে এক-দুই দিন বিরতিও থাকতে পারে। কিন্তু এই করে করেই ক্যাম্পের ১০-১২ দিন চলে গেলে সেটা একটা সমস্যা। সব ঠিক থাকলে ১ জুলাই থেকে যে শুরু হয়ে যাওয়ার কথা প্রিমিয়ার লিগও! খেলোয়াড়েরা লিগ খেলতে চলে গেলে অনুশীলন ক্যাম্পের কী হবে?
প্রশ্নটার উত্তর আপাতত নেই প্রধান নির্বাচক আকরাম খানের কাছেও। তবে সামনে যেহেতু সবাই-ই কমবেশি খেলায় নেমে পড়বে, ক্যাম্পের ফিটনেস অংশটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাঁর কাছে, ‘টিম স্টাফই ভালো বলতে পারবে লিগ শুরু হলে কী হবে। তবে লিগ শুরুর আগে শারীরিক ফিটনেসের কাজ হবে, এটাও মন্দ নয়। আর ক্লাব ক্রিকেট শুরু হলে সবাই খেলার মধ্যেই থাকবে। ইংল্যান্ডে যাবে “এ” দল, অক্টোবরে নিউজিল্যান্ড আসবে। মৌসুম তো শুরুই হয়ে যাচ্ছে।’ তাহলে ক্যাম্পটা চলবে কত দিন? আকরাম জানালেন, ‘সম্ভবত আগস্টের ২ তারিখ “এ” দল সফরে যাবে। আপাতত তখন পর্যন্ত চালানোর পরিকল্পনা।’
১৪ মে জিম্বাবুয়ে সফর করে আসার পর জাতীয় দলের খেলোয়াড়দের ছুটিটা এবার একটু বেশিই লম্বা হয়ে গেছে বলে মনে করছেন অনেকে। কোচ শেন জার্গেনসেনসহ কোচিং স্টাফের বেশির ভাগ সদস্যও ছিলেন ছুটিতে। যার কারণে অনুশীলন ক্যাম্পের সময়টাও আঁটসাঁট হয়ে যাচ্ছে। নইলে নির্বাচকেরাও মনে করেন, ক্যাম্পটা ১ জুন থেকে শুরু করতে পারলে ভালো হতো। কিন্তু মনেই যদি করবেন, সেভাবেই কেন ঠিক হলো না ক্যাম্পের সময়সূচি? এ জায়গায় প্রধান নির্বাচকের আত্মসমর্পণ, ‘এটা একদমই কোচ, ফিজিও-ট্রেনারদের ব্যাপার। ওরা যেটা ভালো মনে করে এসব ক্ষেত্রে সেটাই হয়। আমরাও এসব ব্যাপারে ওদের মতামতকে প্রাধান্য দিই, কোনো হস্তক্ষেপ করি না।’
প্রধান কোচ জার্গেনসেনসহ কোচিং স্টাফের অন্য সদস্যদেরও কাল রাতের মধ্যেই চলে আসার কথা ঢাকায়। তবে অনুশীলন ক্যাম্পটা কেন আরও আগে শুরু হলো না, সে বিতর্ক আর নাই-বা হলো। তবু তো ক্রিকেট ফিরছে ক্রিকেট বোর্ডের বাতাসে।