আলোচনায় ওই পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দার আড়ালে নতুন ঠিকানা অনেক আগেই বেছে নিয়েছেন ফুটবলাররা। আনুষ্ঠানিকতা শুরুর কথা ছিল গত ১৬ আগস্ট। কিন্তু বাইলজ অনুমোদিত না হওয়ায় স্থগিত হয়ে যায় দলবদল। পরশু লিগ কমিটি অনুমোদিত বাইলজ গতকাল বাফুফের নির্বাহী কমিটি পাস করেছে। তাই আজই শুরু হচ্ছে ফুটবলারদের দলবদলের আনুষ্ঠানিকতা।
১৫ অক্টোবর পর্যন্ত লম্বা সময় হাতে। সাফ টুর্নামেন্ট শেষে জাতীয় দলের খেলোয়াড়েরা কাঠমান্ডু থেকে ফিরলে তবেই আনুষ্ঠানিকতা সারবে দলগুলো।
কোনো খেলোয়াড় দুই ক্লাব থেকে টাকা নিলে সর্বোচ্চ দুই বছরের শাস্তির বিধান রেখে এবার নতুন আইন পাস করেছে লিগ কমিটি। বাফুফের নির্বাহী কমিটির সভায় কাল তা পাস হওয়ায় এবারই ওই আইনের প্রয়োগ হচ্ছে। যার অর্থ, মোহামেডান থেকে প্রথমে তারপর শেখ রাসেল থেকে টাকা নেওয়া জাহিদ, শাকিল, মামুন মিয়া ও নাহিদ শাস্তি পেতে পারেন। আবাহনী থেকে টাকা নিয়ে শেখ রাসেলে নাম লেখাতে যাওয়া মিঠুন চৌধুরীও আছেন এই তালিকায়। এবারের দলবদলে নজর কাড়ছেন এই পাঁচজনই।