আলোচনায় খেলা নয়, রেফারি
৭২ মিনিটে ঢাকা মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার এমেকা লাকিকে লাল কার্ড দেখালেন রেফারি মিজানুর রহমান। প্রতিপক্ষ চট্টগ্রাম মোহামেডানের ফরোয়ার্ড সুমন বড়ুয়ার মুখে কনুই দিয়ে গুঁতো মারায় ওই শাস্তি—জানিয়েছেন রেফারি। তবে এমেকা-সুমনের সংঘর্ষে বড়জোর হলুদ কার্ড দেখানো যেত এমেকাকে—দুই মোহামেডানের লড়াইয়ে ২-১ গোলে জয়ী ঢাকা মোহামেডানের জোরালো দাবি।এরই পরিণামে কমলাপুরের মাঠে পানির বোতল ছুড়ল মোহামেডানের সমর্থকেরা। রেফারি-সহকারী রেফারি এবং তাঁদের পরিবারকে অন্তত মিনিট পনেরো ধরে ছাপার অযোগ্য গালাগাল করে গেলেন সমর্থক দলের অনেকে। ক্ষোভের লক্ষ্যবস্তু ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও। মোহামেডান বাজে রেফারিংয়ের শিকার এবং এ জন্য কাতারে অবস্থানরত সালাউদ্দিন দায়ী—এটাই হচ্ছে তাদের মূল অভিযোগ।অথচ মাঠের ফল খুবই ভালো মোহামেডানের। এই পেশাদার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনীর তিন ম্যাচে মাত্র ৪ পয়েন্ট। অখ্যাত এবং আনকোরা তরুণদের দল মোহামেডান তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট পকেটে পুরেছে! আর কী চাই!লাল কার্ড বড় মোহামেডানের প্রতি অন্যায় হলে রেফারির দাক্ষিণ্যও পেয়েছে তারা। ৩৫ মিনিটে বক্সে চট্টগ্রাম মোহামেডানের লাইবেরিয়ান ফরোয়ার্ড জেরিকে ফেলে দিয়েছেন ঢাকা মোহামেডান গোলরক্ষক টিটু। পরিষ্কার পেনাল্টি। কিন্তু অনভিজ্ঞ রেফারি মিজানুর সবাইকে অবাক করে উল্টো জেরির ফাউল ধরেছেন এবং তাঁকে দেখিয়েছেন হলুদ কার্ড! মোহামেডানও স্বীকার করেছে, ওটা ন্যায্য পেনাল্টি ছিল।চট্টগ্রাম মোহামেডানের তাই ক্ষোভ থাকা স্বাভাবিক। অনেক দিন পর কোনো দলের অধিনায়ক হিসেবে মাঠে ফেরা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ফরহাদ বললেন, ‘জেনুইন পেনাল্টি না দেওয়া দুঃখজনক। পেনাল্টি পেলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। আমরা হতাশ এবং ব্যথিত।’চট্টগ্রাম মোহামেডান এমনিতেই বাজে অবস্থায় আছে। পেশাদার লিগের জন্য দলটির প্রস্তুতি মাত্র ৮-১০ দিনের। এখনো একজন প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি। দলের সঙ্গে অন্তত ২০ জন খেলোয়াড় থাকার কথা, কিন্তু সব খেলোয়াড় না পাওয়ায় ঢাকায় এই ম্যাচ খেলতে এসেছে মাত্র ১৪ জন খেলোয়াড় নিয়ে! আরও আশ্চর্যের ব্যাপার, অ্যাওয়ে ম্যাচ খেলতে দলের দুই সেট জার্সি থাকার কথা, কিন্তু চট্টগ্রাম মোহামেডান এনেছে মাত্র এক সেট!অগত্যা নিজেদের হোম ম্যাচ হলেও অনুরোধে ঢেঁকি গিলে ঢাকা মোহামেডান ঐতিহ্যবাহী সাদা-কালো বাদ দিয়ে অনুশীলন জার্সি পরে খেলল! সবুজ রঙের এই জার্সির পেছনে লেখা নম্বরই তো বোঝা যায়নি। চট্টগ্রাম মোহামেডান পরল সাদা-কালো জার্সি। এই হলো পেশাদার লিগ!এত কিছুর মধ্যে বড় মোহামেডান প্রথম গোলটা পেল অনেকটা ফাঁকতালে। ১১ মিনিটে একটা নিরীহ আক্রমণ থেকে প্রতিপক্ষ রক্ষণ ছিল গা-ছাড়া। এরই সুযোগে আনোয়ারের ঠেলে দেওয়া বল জালে। ৭১ মিনিটে চট্টগ্রাম মোহামেডানের অফসাইড ফাঁদ এড়িয়ে রিদনের শট জালে যাচ্ছিল। এই সময় বল জালে ঠেলে গোলের কৃতিত্ব নেন রনি। শেষ দিকে ঢাকা মোহামেডানের রক্ষণের ভুলে জেরির শটে ২-১।৮ আফ্রিকানের ম্যাচ আর উত্তেজনা, সবকিছু ছাড়িয়ে আলোচনায় একজনই—রেফারি মিজানুর রহমান!ঢাকা মোহামেডান: টিটু, আরাফাত, এমেকা লাকি, আমানি, শরিফ, ইসমাইল, রনি (লিটন), রমজান, ইয়াসিন, এমেকা ইবে, আনোয়ার (রিদন)।চট্টগ্রাম মোহামেডান: খালেদ, টমি, গ্রে, সুমন, জেরি, ক্লেটোস, সুজন, মোরশেদ (রাজু/ইকবাল), নাসির, খালেদ হোসেন, ফরহাদ।