আলোচনায় তাঁদের জীবনযাত্রাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সময়মতো ঘুমাও, সময়মতো খাও। শুধু খেলা নয়, পুরো জীবনটাকেই ঠিক করতে হবে।’—কথাটা মনে আছে? মনে আছে কে, কাদের দিয়েছিলেন এই পরামর্শ? কখন?ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হওয়ার পর ড্রেসিংরুমে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উদ্দেশে কোচ জেমি সিডন্সের দেওয়া বক্তৃতার চুম্বক অংশ এটা। সিডন্সের কথাটা খুবই তাৎপর্যপূর্ণ এই কারণে যে, এটা বাংলাদেশ দলের ক্রিকেটারদের জীবনযাপনটাকেই তুলে ধরে।শেন ওয়ার্ন-শোয়েব আখতারদের মতো বেপরোয়া জীবন কারও নেই। অনিয়ন্ত্রিত ‘নাইট লাইফে’র সংস্কৃতিও নেই বাংলাদেশ দলে। এসব শৃঙ্খলা ধরে রাখার দিক দিয়ে বাংলাদেশ দল হয়তো এখনো বিশ্বের এক নম্বর। তবে এটাও সত্যি, দলের অনেক ক্রিকেটারেরই ব্যক্তিগত জীবন ঠিক ক্রিকেটারের মতো সুশৃঙ্খল নয়। সিডন্সের কথায় যেমন এটিরই ইঙ্গিত ছিল, তেমনি দলটাকে খুব কাছ থেকে দেখাদেরও একই বিশ্লেষণ—মাঠের পারফরম্যান্সের আগে ক্রিকেটারদের মাঠের বাইরের জীবনটাকে ছকে বাঁধতে হবে।বাংলাদেশ দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দলের অনেক ক্রিকেটারই ব্যক্তিগত জীবনের নিয়মশৃঙ্খলাগুলো ঠিক মানেন না। রাত জাগার অভ্যাস আছে অনেকের, সকালে ঘুম থেকে উঠতেও তাই দেরি হয়। সময়মতো খাওয়া-টাওয়া নিয়েও অনেকের গাফিলতি আছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের রাতে ম্যানেজারের অনুমতি না নিয়ে দলের দুই ক্রিকেটার অনেক রাত পর্যন্ত একজন ক্লাব কর্মকর্তার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ আছে। কাল বিসিবির টেকনিক্যাল কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, এটি তদন্ত করে দেখবে বোর্ড। সভায় খেলোয়াড়দের শৃঙ্খলাবিষয়ক আরও অনেক কিছু নিয়েই নাকি আলোচনা হয়েছে।বয়স হয়তো তারুণ্যের উচ্ছলতাকে অনুমোদন করে, তবে ক্রিকেটাররা তো দেশের প্রতিনিধিত্ব করছেন! একই বয়সের আর দশজন সাধারণ তরুণের সঙ্গে তাদের জীবনকে মেলালে হবে না। সেই পার্থক্যটা দলের অনেকেরই মনে থাকে না বলে জানিয়েছে সূত্র। ব্যতিক্রমও আছে। সময়মতো ঘুমানো, খাওয়া এবং অন্য সব বিষয়েই শৃঙ্খলা মেনে চলা খেলোয়াড়ের সংখ্যাও কম নয় বাংলাদেশ দলে।ঢাকায় ৫৮ আর ৭৮-এর অঘটন ঘটলেও চট্টগ্রামে বাংলাদেশ দলের বিশ্বকাপ সাফল্য এক শতে এক শ। চট্টগ্রামে খেলার বাইরের দিনগুলোতেও বেশির ভাগ সময় দলের সবাই একসঙ্গে কাটিয়েছেন। কোথাও গেলে দল বেঁধে গেছেন। দুই ম্যাচ জেতার পর অনেক খেলোয়াড়ও বলেছেন, চট্টগ্রাম তাঁদের অন্য রকম অভিজ্ঞতা দিয়েছে। একসঙ্গে থাকায় পারস্পরিক বোঝাপড়াটা দৃঢ় ছিল সেখানে। ঢাকায় সেটারই অভাব থেকে গেছে। দলীয় বন্ধন এখানে কিছুটা যেন শিথিল। একই শহরে বলে ছুটির দিনগুলোতে বেশির ভাগ ক্রিকেটার, টিম স্টাফ্রচলে গেছেন নিজ নিজ বাসায়। সারা দিন বাসায় থেকে রাতে ফিরেছেন হোটেলে। টিম ডিনার, খেলা আর অনুশীলন ছাড়া ক্রিকেটাররা একজন আরেকজনের খোঁজখবর খুব কমই রেখেছেন। মাঠের বাইরে ‘টিম বাংলাদেশ’ হয়ে ওঠাটা সে কারণেই হয়তো হয়নি। কে জানে, মাঠের পারফরম্যান্সেও হয়তো প্রভাব পড়েছে এসবের।মাঠের বাইরে একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়ের সঙ্গে কতটা মিশবেন, কিংবা আদৌ মিশবেন কি না, কখন ঘুমাবেন...কখন জাগবেন—এসব একান্তই যাঁর যাঁর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একসঙ্গে একই ছাদের নিচে একই লক্ষ্য নিয়ে থাকার সময়ও যদি ব্যক্তিগত ব্যাপারগুলো বিনি সুতোর মালায় গেঁথে না নেওয়া হয়, তাহলে আর ‘দল’ হয়ে ওঠা হবে কীভাবে?বাংলাদেশ দলের ম্যানেজার তানজীব আহসানের অভিজ্ঞতা বলছে, দলের কোনো ক্রিকেটার কখনোই শৃঙ্খলাবহির্ভূত কিছু করেন না। অন্য দলের অনেক খেলোয়াড়ের শৃঙ্খলা নিয়ে হাজারো প্রশ্ন থাকলেও বাংলাদেশ দলে সে রকম ক্রিকেটার একজনও নেই। তবে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনের প্রশ্নটা তিনিও এড়িয়ে যেতে চাইলেন, ‘একেক জনের জীবন একেক রকম হবে, এটাই স্বাভাবিক। আমাদের সময়ে আমরা বই পড়ে, একসঙ্গে আড্ডা দিয়ে সময় কাটিয়েছি। এখন হয়তো ছেলেরা রুমে বসে গেমস খেলে। এখানে তো কিছু বলার নেই।’কিছু বলেই বা কী লাভ? নিজের ভালো-মন্দ তো সবার আগে নিজেকেই বুঝতে হবে।