আলোচনায় বৃষ্টি আর মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়ার পূর্বাভাস বলছে, চতুর্থ দিন ছাড়া দ্বিতীয় টেস্টের বাকি সব দিনেই আছে বৃষ্টির সম্ভাবনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভারও সেটি জানা। তবে এখনই চতুর্থ-পঞ্চম দিন নিয়ে ভাবার ফুরসত তিনি পাচ্ছেন না। আগে তো টেস্টটা শুরু করতে হবে!
কাল দুপুরের ২০-২৫ মিনিটের বৃষ্টিতেই প্রায় ভেসে যাচ্ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ। কভার দিয়ে ঢেকে উইকেট আর তার আশপাশের অংশ বাঁচানো গেলেও আউটফিল্ড হয়ে পড়ল কাদাময়। বৃষ্টি থামার কয়েক ঘণ্টা পরও পায়ের চাপে পানি উঠে আসছিল মাঠ থেকে। অবশ্য কিউরেটর ওই মাঠে দাঁড়িয়েই আশ্বাস দিলেন, ‘মাঠের অবস্থা এখন খুব ভালো। রাতে আর বৃষ্টি না হলে সমস্যা হবে না।’ কিন্তু আবহাওয়ার পূর্বাভাস যেখানে টেস্টের প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনার কথা বলছে, সেখানে আর বৃষ্টি না হওয়ার আশা করাটা বোধ হয় বাড়াবাড়িই।
তা ছাড়া রাতের বৃষ্টিতে সকালের খেলায় ব্যাঘাত ঘটাটাও অস্বাভাবিক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জন্য। শুরু থেকে বছর খানেক আগ পর্যন্তও বৃষ্টি খুব বড় সমস্যা ছিল না এই মাঠে। আধুনিক পানিনিষ্কাশনব্যবস্থার সুবাদে এক ঘণ্টার বৃষ্টিতেও খেলা শুরু করা গেছে ৩০-৪০ মিনিট পর। আর এখন? মাঠকর্মীদের দেওয়া তথ্য মানলে টেস্টের মধ্যে কালকের মতো বৃষ্টি হলে খেলা আবার শুরু হতে ঘণ্টা দুয়েক সময় লেগে যাবে। আর যদি কাল রাতেও বৃষ্টি হয়ে থাকে, তাহলে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়েই থেকে যাবে সংশয়। আধুনিক পানিনিষ্কাশনব্যবস্থা থাকার পরও মাঠের এই হাল কেন—জানতে চাইলে গামিনি এড়িয়ে গেলেন বিষয়টা, ‘এ নিয়ে এখন কথা বলতে পারব না।’
গত এক-দেড় বছরে মাঠ নিয়ে কম গবেষণা করেনি বিসিবির গ্রাউন্ডস কমিটি। পানিনিষ্কাশনব্যবস্থায় বিপর্যয় নেমে আসে এই সময়েই। মাঠের কিছু কিছু জায়গার বাজে ঘাস বাছতে গিয়ে ভুল প্রক্রিয়ার কারণে উল্টো সেগুলো ছড়িয়ে গেছে পুরো মাঠে। ছয় মাসের মধ্যে দুবার পুরো মাঠ ন্যাড়া করে নতুন ঘাস লাগানো হলেও লাভ হয়নি কিছুই। মাঠজুড়ে এখনো দেখা যায় নানা রকম ঘাস। মাঠের মোলায়েম সবুজাভ ভাবটাও নেই আগের মতো। আর পানিনিষ্কাশনব্যবস্থার সর্বশেষ উদাহরণ তো কালই পাওয়া গেল। এর কারণটা কিউরেটর বা গ্রাউন্ডস কমিটির কেউ স্পষ্ট না করলেও বিশেষজ্ঞ মতামত হলো, বাজে ঘাস বাছতে ভুল প্রক্রিয়া অবলম্বনেই মাঠের এই সর্বনাশ।
যাঁর হাত দিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শুরু, বিসিবির সেই সাবেক কিউরেটর বদিউল আলম কাল টেলিফোনে দিতে চেষ্টা করলেন মাঠের এমন পরিণতির ব্যাখ্যা, ‘আমার ধারণা, মরা ঘাস ঠিকভাবে পরিষ্কার না করাতে মাঠের উপরিভাগে একটা স্পঞ্জি আবরণ পড়েছে, যা পানি শোষণে বাধা দিচ্ছে। এ কারণে ড্রেনেজ ব্যবস্থা কাজ করছে না। কড়া রোদ না উঠলে মাঠ শুকাচ্ছে না। পানিটা ওপরেই থেকে যাচ্ছে।’ মাঠে বাজে ঘাস বেড়ে যাওয়ার কারণ হিসেবেও ভুল প্রক্রিয়ায় হাঁটাটাকেই দায়ী করলেন তিনি, ‘তারা যে প্রক্রিয়ায় কাজ করছে, এভাবে মাঠে বাজে ঘাসের পরিমাণ কেবল বাড়বেই। মাঠ থেকে আগে বাজে ঘাসের শেকড় পুরোপুরি সরাতে না পারলে এটা কমবে না। নতুন ঘাস লাগানোর আগে এক শ ভাগ নিশ্চিত হতে হবে নিচে বাজে ঘাসের শেকড় নেই।’
বোঝাই যাচ্ছে, শেরেবাংলা স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে আনাটা সময়সাপেক্ষ। ‘আধুনিক পানিনিষ্কাশনব্যবস্থা’র ওপর নির্ভর না করে আপাতত তাই সনাতন প্রক্রিয়া অবলম্বন করাই ভালো। আবহাওয়ার পূর্বাভাস যেন ভুল প্রমাণিত হয়, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করে দেখতে পারেন গামিনি।