আলোচনায় বোল্ট-পিস্টোরিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পরশু শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ কোরিয়ার এই প্রতিযোগিতায় স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে বিশ্বরেকর্ডধারী উসাইন বোল্ট। গত বার্লিন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার—দুই ইভেন্টেই জ্যামাইকান বজ্রবিদ্যু ৎ গড়েছিলেন নতুন বিশ্বরেকর্ড। দেগুতে তাঁর মুকুট ধরে রাখার পালা। সেই সঙ্গে নতুন কোনো রেকর্ড তিনি উপহার দিতে পারেন কি না, এ নিয়েও আছে কৌতূহল।আলোচনায় থাকবেন অস্কার পিস্টোরিয়াসও। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট গলায় স্বপ্নের একটা পদক ঝোলাতে পারবেন কি না, সেটা বলবে সময়। তবে দেগুতে ট্র্যাকে নেমেই ২৪ বছর বয়সী এই অ্যাথলেট গড়ে ফেলবেন একটা ইতিহাস। এই প্রথম সক্ষম অ্যাথলেটদের সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো বড় আসরে লড়বেন ‘পা-বিহীন বিশ্বের দ্রুততম মানব’!আক্ষরিক অর্থে পা নেই পিস্টোরিয়াসের। জন্মের সময়ই পা হারান। ১১ মাস বয়সে দুটো অকেজো পায়েরই হাঁটুর নিচের অংশটুকু কেটে ফেলা হয়। তবুও পিস্টোরিয়াস ট্র্যাক মাতিয়ে যাচ্ছেন কার্বন-ফাইবারের কৃত্রিম পা লাগিয়ে, যা তাঁকে দিয়েছে ‘ব্লেড রানার’ নাম। পদক জেতা না-জেতা পরের কথা। আপাতত এই লড়াই করার মানসিকতাতেই একটা জয় তাঁর হয়েই গেছে। দেগুতে নিজের ৪০০ মিটার দৌড়ের পাশাপাশি ৪–৪০০ মিটার রিলেতেও অংশ নেবেন তিনি।পিস্টোরিয়াসের বিষয়টি বিস্ময়কর বটে, তবে আক্ষরিক অর্থে আগ্রহের আলোটা থাকবে বোল্টের ওপর। তাঁর দেশ জ্যামাইকার ওপরও। চোটের কারণে যুক্তরাষ্ট্রের টাইসন গে নেই। ফলে দেগুতে অ্যাথলেটিকস ট্র্যাকে অবধারিতভাবেই থাকবে জ্যামাইকানদের রাজত্ব। বোল্ট, আসাফা পাওয়েল, ইয়োহান ব্লেক— ১০০ ও ২০০ মিটারে লড়াইটা হবে জ্যামাইকানদের সঙ্গে জ্যামাইকানদের। ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন, কেরন স্টুয়ার্ট—মহিলা বিভাগেও থাকবে জ্যামাইকানদেরই রাজত্ব। আর এই রাজত্বে বিশ্বের দ্রুততম মানব বোল্টই থাকবেন জ্যামাইকানদের নেতা।বোঝাই যাচ্ছে, দেগু চ্যাম্পিয়নশিপের দিকে জ্যামাইকানরা তাকিয়ে আছে জ্বলজ্বলে চোখে। তবে একটা অস্বস্তিও আছে। ডোপ পরীক্ষায় ধরা পড়ে নিষিদ্ধ হয়েছেন স্টিভ মুলিং। স্বাভাবিকভাবেই এর কালো ছায়া জ্যামাইকান দলে। এএফপি।