আলোচনায় ‘আইরিন’
রজার ফেদেরার নন, নন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ কিংবা সেরেনা উইলিয়ামস; আজ থেকে বছরের শেষ গ্র্যান্ড স্লাম শুরুর আগে আলোচনায় কেবল ‘আইরিন’। না, ঝড়ের মতো আবির্ভূত কোনো নতুন টেনিস তারকা নয়, আইরিন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়। ইতিমধ্যে দেশটির কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কে স্থানীয় সময় কাল সকালে আঘাত এনেছে ঘূর্ণিঝড়টি। এ জন্য ইউএস ওপেনে নেওয়া হয়েছিল বাড়তি সতর্কতা, ব্যাহত হয়েছে গতকালের শেষ মুহূর্তের প্রস্তুতি।সাধারণত ইউএস ওপেন শুরুর আগের দিনটি আর্থার অ্যাশ কিডস ডে হিসেবে উদ্যাপিত হয়। এদিন কচিকাঁচাদের সঙ্গে বেশ অন্তরঙ্গ সময় কাটান টেনিস তারকারা। দাতব্যকাজের জন্য তহবিলও উঠে আসে এই আয়োজন থেকে। কিন্তু কাল কিডস ডের সব আয়োজন বাতিল করা হয়। খেলোয়াড়েরাও অনুশীলন করতে পারেননি।এই সময় প্রতিপক্ষকে নিয়েই ভাবার কথা ছিল যাঁর, ঘূর্ণিঝড় আঘাত আনার আগে সেই ফেদেরারের চিন্তা ছিল একটাই, ‘এটা অবশ্যই ভয় পাইয়ে দেওয়ার মতো। আমরা ঠিক জানি না আমাদের কী আঘাত হানতে চলেছে। আমার পরিবার এখানে, নিউইয়র্ক সিটিতে। শহরটাও ঠিক আগের মতো নেই। এটা অস্বাভাবিক, তবে তার পরও আমাদের ভালোভাবে খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আমরা নিরাপদে থাকার চেষ্টা করছি।’প্রাথমিকভাবে আইরিনের আঘাতে যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যে ১১ জনের মৃত্যুর খবর দিয়েছে সিএনএন। ক্ষয়ক্ষতি আরও ব্যাপক আকার ধারণ করলে নিশ্চিতভাবেই ব্যাহত হবে ইউএস ওপেনের সূচি। এমনকি পিছিয়েও যেতে পারে সব খেলা।সাধারণত প্রতিটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট শুরুর আগে অ্যান্ডি মারেকে নিয়ে একটাই আলোচনা হয়—মারে কি পারবেন ব্রিটিশদের এই দীর্ঘ খরা ঘোচাতে? সিনসিনাটি ওপেন জিতে এসেছেন বলে এবার তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ আবারও চড়েছে। কিন্তু ঝড়ের আগে সেই মারে খেলাটেলা একপাশে সরিয়ে রেখে মনোযোগ দিয়েছেন বাড়তি খাবার জমিয়ে রাখার দিকে, ‘বাড়তি সতর্ক হওয়াই স্বাভাবিক। যুক্তরাজ্যে আমরা এ ধরনের আবহাওয়া দেখে অভ্যস্ত নই। এটা কখনোই এতটা খারাপ পর্যায়ে যায় না। আমাকে তাই অপেক্ষা করতেই হচ্ছে কী হয় দেখার জন্য।’ঝড় আসে, আবার থেমেও যায়। এটাই সত্যি। মেঘের আড়ালেই হাসে সূর্য। ফলে শেষ পর্যন্ত সব দুশ্চিন্তা মুছে ফেলে আবার কোর্টে নামবেন ফেদেরার-নাদালরা। এই টুর্নামেন্টটিকে বলা হচ্ছে ফেদেরারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেনিসের সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী ২০১০ অস্ট্রেলিয়ান ওপেনের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জেতেননি। মানে গত ছয়-ছয়টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ফিরেছেন খালি হাতে। এ মাসেই ৩০ পূর্ণ করে ৩১-এ পা রাখা ফেদেরারকে মুছে ফেলতে হবে তাঁকে নিয়ে দেখা দেওয়া সব সংশয়ের মেঘ।সিনসিনাটি ওপেনে ফেদেরারের পাশাপাশি নাদালও কোয়ার্টার ফাইনালে হেরেছেন। দুজনের ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। প্রশ্ন জোকোভিচকে নিয়েও। এ বছর ৫৭টি জয়ের বিপরীতে মাত্র দ্বিতীয় ম্যাচটি তিনি হেরেছেন সিনসিনাটির ফাইনালে। দ্বিতীয় সেটটা তাঁকে শেষই করতে দেয়নি চোট। জোকোভিচ অবশ্য বলছেন, তিনি পুরোপুরি ফিট। পুরুষ এককের ‘বিগ ফোরে’র অবস্থা বিবেচনায় মনে হচ্ছে মারের জন্য এটা সুবর্ণ সুযোগ।মেয়েদের এককে লড়াইটা হবে উন্মুক্ত। গতবার খেলেননি সেরেনা। এবার খেলছেন না ২০০৯ ও ২০১০-এর চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স। সেরেনা অবশ্য দীর্ঘ বিরতি শেষে ফিরে এসেছেন। ওদিকে সিনসিনাটির শিরোপা জিতে ‘ফেরা’র অনুচ্চ ঘোষণা আছে মারিয়া শারাপোভার কণ্ঠেও। এএফপি, রয়টার্স।