ফ্রান্স-হন্ডুরাস ম্যাচ ইতিহাস তৈরি করেছে বিশ্বকাপে। ফুটবলের বিশ্ব আসরের ৮৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো গোলের সিদ্ধান্ত এসেছে প্রযুক্তির মাধ্যমে। ‘গোল লাইন প্রযুক্তি’র অভিষেক হওয়া এই ম্যাচে টুইটারে আলোচনাতেও আছে এটি। তবে ব্যক্তি হিসেবে এই ম্যাচে সবচেয়ে আলোচিত চরিত্রের নাম করিম বেনজেমা। ফ্রান্সের জয়ের নায়ক এই স্ট্রাইকারের পরপরই টুইটারে আলোচনায় আছেন ফরাসি ফুটবলার প্যাট্রিক এভরা ও পল পগবা। টুইটারে কৌতুকের সৃষ্টি করেছে হন্ডুরিয়ান গোলরক্ষক নোয়েল ভায়াদারেসের আত্মঘাতী গোল। এ ব্যাপারে একটি টুইট যথেষ্ট প্রনীধানযোগ্য। এক ব্যক্তি টুইট করেছেন, ‘ব্যাপারটা (গোলরক্ষকের আত্মঘাতী গোল) আমার মধ্যে যথেষ্ট কৌতুকের সৃষ্টি করেছে। গোলরক্ষক কীভাবে আত্মঘাতী গোল করতে পারে? যদি আমি গোলরক্ষক হতাম, তাহলে কিছুতেই এমন কিছু ঘটতে দিতাম না।’
ফুটবল বিশ্বকাপ হাতের মুঠোয় এনে দেবে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। এ উপলক্ষে বিশেষ একটি পাতা তৈরি করেছে টুইটার। বিশ্বকাপের সময় এতে প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে অনুসরণ করতে পারবেন যেকোনো ব্যবহারকারী। এ জন্য বাংলাদেশে গ্রামীণফোনের সংযোগ থেকে #GoalGP লিখে ৯৫৯৪ নম্বরে এসএমএস পাঠালেই চলবে। বিশ্বকাপ চলাকালে টুইটারের ওই পাতায় যাওয়ার জন্য ইন্টারনেট ব্যবহারের কোনো খরচ বা ব্রাউজিং চার্জ লাগবে না। টুইটারের এই আয়োজনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে গ্রামীণফোন ও প্রথম আলো'