আলোচিত পাঁচ
নয় দিন ধরে আনন্দ-বেদনার অনেক কাব্য লিখে শেষ হলো অ্যাথলেটিকসের মিলনমেলা। প্রথম আলোর চোখে মস্কো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সবচেয়ে আলোচিত পাঁচ অ্যাথলেট

উসাইন বোল্ট
সর্বকালের সেরা সিপ্রন্টার হিসেবে ইতিহাসে নাম লেখা হয়ে গেছে আগেই। মস্কোতে তিন সোনা জিতে সেটি আরও ভালোভাবে খোদাই করে নিলেন জ্যামাইকান ‘বজ্রবিদ্যুৎ’। দুবার ১০০ ও ২০০ মিটারের ‘ডাবল’ জয়ের একমাত্র কীর্তি গড়েছেন। দেগুতে ১০০ মিটারে ডিসকোয়ালিফায়েড না হলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ডটিও আরও তিনজনের সঙ্গে ভাগ করে নিতে হতো না।

শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস
লন্ডন অলিম্পিকে ১০০ মিটার জিতলেও ‘ডাবল’ জেতা হয়নি। এখানে ‘সিপ্রন্ট ডাবল’ তো জিতলেনই, সঙ্গে রিলেও জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের এক আসরে ৩টি সোনাজয়ী একমাত্র মহিলা সিপ্রন্টার এখন তিনি। বোল্টের আলোয় ম্লান হতে পারেন, কিন্তু ভালোমতোই বুঝিয়ে দিয়েছেন ‘পকেট রকেট’ নামটা যে তাঁর এমনিতেই হয়নি।

মো ফারাহ
সোমালিয়ান উদ্বাস্তু থেকে বিশ্বসেরা অ্যাথলেট—তাঁর জীবন যেন এক রূপকথা। ট্র্যাকেও নিত্যনতুন রূপকথা লিখে যাচ্ছেন মো ফারাহ। লন্ডন অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারের ‘ডাবল’ জিতে পরিণত হয়েছিলেন ইংল্যান্ডের জাতীয় বীরে। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সেই যুগল সাফল্য ধরে রেখে পুনরাবৃত্তি করেছেন ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের কীর্তির।

ইয়েলেনা ইসিনবায়েভা
২০০৮ বেইজিং অলিম্পিকের পর বৈশ্বিক কোনো শিরোপা জেতেননি। ইসিনবায়েভা-যুগের শেষ দেখে ফেলেছিলেন তাই প্রায় সবাই। কিন্তু চ্যাম্পিয়নদের নিয়ে কি শেষ কথা বলতে আছে! নিজের দেশে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় শিরোপা জিতে ঘোষণা করলেন, ‘আমিই পোল ভল্টের রানি!’ না বললেও চলত!

ভ্যালেরি অ্যাডামস
লন্ডন অলিম্পিকে নাদজায়া অস্টাপচুকের কাছে হেরেছিলেন। অস্টাপচুকের ডোপ পরীক্ষায় ধরা পড়া বুঝিয়ে দেয়, শটপুটে স্বাভাবিক উপায়ে ভ্যালেরি অ্যাডামসকে হারানো সম্ভব নয়! বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থ সোনা জিতে ইতিহাস গড়েছেন তিন মণ ওজনের এই নিউজিল্যান্ডার। বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই ইভেন্ট চারবার জয়ের কীর্তি নেই আর কোনো মেয়ের।