আলোর সন্ধানে ফ্রান্সের ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমরা সবকিছু আবার নতুন করে শুরু করতে চাই।বক্তার নাম ফার্নান্দো দুশাসই। ভদ্রলোক ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) নতুন সভাপতি। দায়িত্ব নিয়েই নতুন শুরুর স্বপ্ন দেখালেন সবাইকে। নতুন শুরুর স্বপ্ন দেখাচ্ছেন ফ্রান্সের নতুন কোচ লরাঁ ব্লাঁও। ফ্রান্সের ফুটবলকে নতুন এই স্বপ্ন দেখানোর মুহূর্তটি আবার সাময়িক কেড়ে নিচ্ছে রিবেরি, এভরাদের ফরাসি দলে খেলার স্বপ্ন। আগামী মাসে নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ-পরবর্তী পথচলা। এই ম্যাচের জন্য আগস্টের ৫ তারিখে দল ঘোষণা করবেন ব্লাঁ। তাঁর এই দলে ফ্রান্সের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলা খেলোয়াড়দের কেউ থাকছেন না বলে জানিয়েছেন তিনি। এফএফএফের সঙ্গে পরশু বিশেষ সভা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আসলে ফ্রান্স দলের বিশ্বকাপ কেলেঙ্কারির শাস্তি। শুধু চরম ব্যর্থতাই নয়, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপটা ফ্রান্সের জন্য ‘কালো’ অধ্যায় হয়ে থাকবে আরও অনেক কারণেই। কোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে স্ট্রাইকার নিকোলাস আনেলকার বিতণ্ডা, তাঁকে দল থেকে বের করে দেওয়া, আনেলকার সমর্থনে খেলোয়াড়দের অনুশীলন বর্জন এবং প্রথম রাউন্ডে একটিও ম্যাচ জিততে না পারা—সব মিলে ২০১০ বিশ্বকাপ ফ্রান্সের ফুটবলে কৃষ্ণতম অধ্যায়ের স্মারক।দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দলের এই ব্যাপারগুলো খুব কষ্ট দিয়েছে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য ব্লাঁকে, ‘সবকিছু আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি। ফ্রান্সের খেলা দেখে আমি খুব হতাশ হয়েছি। সব দেখে খুব রাগ হয়েছে আমার। আমি যখন বিচার-বিশ্লেষণ করব বা দল নিয়ে ভাবব, তখন এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব পাবে।’ফ্রান্সের ফুটবলে সম্প্রতি লজ্জাজনক এমন অনেক ঘটনাই ঘটেছে। শুরুটা বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে থিয়েরি অঁরির হ্যান্ডবল বিতর্ক দিয়ে। এর পর বিশ্বকাপের ঘটনার সঙ্গে যোগ হয়েছে রিবেরি আর বেনজেমার যৌনতা বিতর্ক।সব কালোকে মুছে আলোর পথে যাত্রা শুরু করতে চায় দুশাসই-ব্লাঁ জুটি। সেই যাত্রার শুরুই হয়তো হতে চলেছে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এএফপি, ওয়েবসাইট।