আলোয় আসছে ঘরের ছেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু একটু করে যেন আলোতে আসছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কাল যেমন প্রথম ম্যাচে সবচেয়ে উজ্জ্বল বাংলাদেশেরই দুজন। শামসুরের ফিফটির সৌজন্যে রংপুর রাইডার্স করল ১৭৪ রান। বরিশাল বার্নার্সের হয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন সাব্বির।বিপিএলে দর্শক-খরার পেছনে পাকিস্তানি খেলোয়াড়দের অনুপস্থিতির প্রভাব কতটা, তা আন্দাজ করে বলা কঠিন। তবে শেখ আবু নাসের স্টেডিয়ামে কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ম্যাচ-সেরা শামসুর ব্যাট করলেন দেশি সতীর্থদের পক্ষে, ‘নাসির দুটি ম্যাচে ভালো খেলেছে। তামিম ভালো খেলেছে। আজ (গতকাল) আমি ভালো খেললাম। আমার তো মনে হয়, দেশিরাই ভালো খেলছে।’উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েসের (২৯) সঙ্গে ৭০ রানের জুটি, দ্বিতীয় উইকেটে নাসিরের সঙ্গে ৪৩। ১৪তম ওভারে সানির বলে শর্ট থার্ড ম্যানে শুভাগতের ক্যাচ হওয়ার আগে শামসুরই রংপুর রাইডার্সকে নিয়ে গেছেন ১১৩ রানে। ৪০ বলে করেছেন ৬৬, ৯ বাউন্ডারির সঙ্গে লং অফ আর লং অন দিয়ে মেরেছেন দুটি ছক্কাও। বরিশাল বার্নার্সের দুই বিদেশি ওপেনারের মধ্যে মাস্টার্ডকে ইনিংসের প্রথম ওভারেই ফিরিয়েছেন ফিদেল এডওয়ার্ডস। ৪৮ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর আরেক ওপেনার ব্র্যাড হজ সঙ্গী হলেন সাব্বিরের লড়াইয়ে। ৩৮ বলে ৫৮ রানের ইনিংস খেলার পথে সাব্বিরের সঙ্গে তাঁর ৫৯ রানের পঞ্চম উইকেট জুটিটিই ম্যাচে রাখে গতবারের রানার্সআপদের। সাব্বিরের দুর্দান্ত ইনিংসে সেটা টিকে থাকল শেষ ওভার পর্যন্তই। চার বাউন্ডারি আর পাঁচ ছক্কায় মাত্র ৩৫ বলে সাব্বিরের ৬৯।নিজের তৃতীয় ওভারে পর পর দুই বলে দুই উইকেট নিয়েছিলেন রাজ্জাক। শেষ ওভারটাও করলেন তিনি, যাতে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ২৬ রান। প্রথম তিন বলেই এক চার ও এক ছক্কাসহ ১২ রান তুলে সেটিকেও সম্ভব বলে মনে করাচ্ছিলেন সাব্বির। কিন্তু চতুর্থ বলে শামসুর লং অনে দারুণ এক ক্যাচে সাব্বিরকে ফিরিয়ে ইতি ঘটান সম্ভাবনার। সানি উইকেটে এসে শেষ বলে আরেকটা ছক্কা মারলেও আগের বলটা ডট হওয়ায় ম্যাচ আসলে ওখানেই শেষ।সংবাদ সম্মেলনে সাব্বির অবশ্য বলেছেন, শেষ ওভারে কাজটা অসম্ভবই ছিল, ‘এক ওভারে ২৬ রান অসম্ভব ছিল। তার পরও আমি চেষ্টা করেছি যতদূর যাওয়া যায়।’সংক্ষিপ্ত স্কোররংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৪/৪ (ইমরুল ২৯, শামসুর ৬৬, নাসির ১৭, নিয়াল ও’ব্রায়েন ২৭, বোর্গাস ২৪*, কেভিন ও’ব্রায়েন ৬*; শফিউল ০/৩৭, কবির ০/৯, মেহমুদ ০/২৩, নাজমুল অপু ০/১৮, শুভাগত ০/১৬, সানি ২/২১, অলক ১/৩৪, সাব্বির ০/১৫)। বরিশাল বার্নার্স: ২০ ওভারে ১৬৭/৮ (মাস্টার্ড ০, হজ ৫৮, ডেনলি ৬, অলক ৫, মেহমুদ ৬, সাব্বির ৬৯, কবির ৮, শুভাগত ০, সানি ৭*, নাজমুল অপু ০*; এডওয়ার্ডস ১/২৫, মাসকারেনহাস ১/২৪, কেভিন ১/১৯, রাজ্জাক ৪/৩৩, অমিত ১/২৯, নাসির ০/৩৬)। ফল: রংপুর রাইডার্স ৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শামসুর রহমান।