আশরাফুল ইংল্যান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আশরাফুল কোথায়— কেউ জানে না। ঢাকায় তাঁর ঘনিষ্ঠ মহলও জানাতে পারেনি তাঁর অবস্থান। তবে কাল একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে আশরাফুল এখন ইংল্যান্ডে।
ইংল্যান্ড থেকে আশরাফুলের এক ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বর্তমানে লন্ডন অথবা নটিংহ্যামশায়ারে আছেন। আশরাফুল কেন ইংল্যান্ডে গেছেন সেটি তিনি বলতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে ফিক্সিংয়ের ব্যাপারে বিদেশি আইনজীবী নিয়োগ করতেই তাঁর এই ইংল্যান্ড সফর। আজকালের মধ্যেই নাকি আশরাফুলের দেশে ফেরার কথা।
গত পরশু বিপিএল ফিক্সিংয়ের অভিযোগের বিরুদ্ধে আপিল করার শেষ দিন গেলেও আশরাফুলের পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি বলে জানিয়েছিল বিসিবি। তবে আশরাফুল সরাসরি আকসুর কাছে আপিল করেছেন কি না, সেটি নিশ্চিত করেনি তারা। অবশ্য আগেই দোষ স্বীকার করে নেওয়ায় আশরাফুলের নতুন করে আপিল করার কিছু আছে কি না, সেটা নিয়ে প্রশ্ন আছে। তবে তিনি আপিল করতে পারেন ট্রাইব্যুনাল শাস্তি ঘোষণার পর সে শাস্তি কমানোর জন্য। বিদেশি আইনজীবী নিয়োগের চেষ্টা হয়তো সে কারণেই।