আশরাফুল ঝড়ে বড় সংগ্রহ ঢাকার
বিপিএলের উদ্বোধনী ম্যাচের মতো নিজেদের দ্বিতীয় ম্যাচেও প্রথমে ব্যাটিং করে ২০০ রানের কোটা পার করেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। মোহাম্মদ আশরাফুলের চমত্কার এক ঝড়ো ইনিংসে ভর করে রংপুর রাইডার্সের বিপক্ষে ২০২ রান সংগ্রহ করেছে গতবারের শিরোপাজয়ীরা। ৪৭ বলে ৭৩ রানের চমত্কার এক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন আশরাফুল।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। উদ্বোধনী জুটিতে ৩৪ রান সংগ্রহ করেছিলেন লুক রাইট ও মোহাম্মদ আশরাফুল। পঞ্চম ওভারে ঢাকা শিবিরে প্রথম আঘাতটি হানেন অমিত মজুমদার। ১৬ বলে ২২ রান করে ফিরে যান রাইট। তারপরও রানের চাকা বেশ ভালোভাবেই ঘুরিয়ে গেছেন আশরাফুল ও আনামুল হক। দ্বিতীয় উইকেটে মাত্র ২৩ বলে ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। নবম ওভারে ১৯ রান করা আনামুলকে আউট করে রংপুর শিবিরে কিছুটা স্বস্তি ফেরান নাসির হোসেন। এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। তিনি ফিরেছেন ১৩ রান করে। চতুর্থ উইকেটে আবার ৩৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দিয়েছেন আশরাফুল ও ওয়াইস শাহ। ১৬তম ওভারে আব্দুর রাজ্জাকের বল উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন আশরাফুল। তবে তার আগে ডানহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ৭৩ রানের দারুণ এক ইনিংস। শেষপর্যায়ে ওয়াইস শাহ-র ২৮ ও জশুয়া কবের হার না মানা ৩৪ রানের সুবাদে ২০০ রানের কোটা স্পর্শ করে ঢাকা গ্ল্যাডিয়েটরস।বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে গতকাল খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে ৬২ রানের জয় দিয়ে শুভসূচনা করেছে গত আসরের শিরোপাজয়ী ঢাকা গ্ল্যাডিয়েটরস। অন্যদিকে বিপিএলে এবারের নবাগত দল রংপুর রাইডার্সের এটিই প্রথম ম্যাচ।