আশরাফুল, মনে পড়ে কার্ডিফ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছর আগে কার্ডিফের সেই মুহূর্ত। ম্যাকগ্রা-গিলেস্পিদের সাধারণে নামিয়ে নিয়ে এসে আশরাফুল হাঁকালেন দুর্দান্ত শতরান। তাঁর সেই শতকের ওপর ভর করেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। এখনো পর্যন্ত ওটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়। ছবি: ফাইল ছবি
আট বছর আগে কার্ডিফের সেই মুহূর্ত। ম্যাকগ্রা-গিলেস্পিদের সাধারণে নামিয়ে নিয়ে এসে আশরাফুল হাঁকালেন দুর্দান্ত শতরান। তাঁর সেই শতকের ওপর ভর করেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। এখনো পর্যন্ত ওটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়। ছবি: ফাইল ছবি

বনশ্রীর বাড়িতে আজ মোহাম্মদ আশরাফুল কী করছেন? আজকের তারিখটি কী তাঁর কাছে নিছকই ক্যালেন্ডারের এক সংখ্যা, নাকি অন্য কিছু? তাঁর কি মনে আছে, আজ থেকে আট বছর আগে তাঁর ব্যাটের ঝড়েই খড়কুটোর মতো উড়ে গিয়েছিল সে সময়কার মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়া? তাঁর কি মনে পড়ছে কার্ডিফের সবুজ উদ্যানে তাঁর সেই ইতিহাস সৃষ্টি করা শতরানের কথা?

আশরাফুলের নিশ্চয়ই মনে আছে আজকের তারিখটির কথা। আট বছর আগে এই দিনে তিনি যা করেছিলেন, তা তো এ দেশের ক্রিকেটে খুব নিয়মিত ঘটেনি। তাঁর উইলো সেদিন তাঁকে নিয়ে গিয়েছিল এ দেশের ক্রিকেট ইতিহাসের এক বিশেষ পাতায়, যে পাতা থেকে তাঁর নাম মুছে ফেলার স্পর্ধা এখনো এ দেশের ক্রিকেটের হয়নি।

আজ সেই বিশেষ দিন। ২০০৫ সালের এই দিনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট-বিশ্বকে হতবাক করে দিয়েছিল। সে সময়কার প্রেক্ষাপট ধরে নিলে বাংলাদেশের হাতে অস্ট্রেলিয়ার পরাজয়টি ছিল ক্রিকেটের শতবর্ষের ইতিহাসেরই অন্যতম অভাবনীয় ঘটনা। বাংলাদেশের ক্রিকেটে তাই আজও দিনটি অন্য রকম হয়ে আছে। কার্ডিফের ওই ম্যাচে জয়ের পর অস্ট্রেলিয়াকে আর হারাতে পারেনি বাংলাদেশ।

আশরাফুল সেদিন ছিলেন বাংলাদেশের ক্রিকেটে রূপকথার নায়ক। আট বছর পর ক্যালেন্ডারে ঘুরেফিরে সে তারিখটি যখন আবার ফিরে এসেছে, সেই আশরাফুলই এখন এ দেশের ক্রিকেটের এক খলচরিত্র। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অপরাধ স্বীকার করে আট বছর আগের মহানায়ক আশরাফুল আজ দণ্ডের অপেক্ষায় দিন কাটানো এক অপরাধীর নাম।

আজ থেকে এগারো বছর আগে এ দেশের ক্রিকেটে রাজপুত্র হয়েই এসেছিলেন মোহাম্মদ আশরাফুল। অভিষেকে টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে কম বয়সী হিসেবে হাঁকিয়েছিলেন ইতিহাস বদলে দেওয়া এক শতরান। অসম্ভব প্রতিভাধর এক ক্রিকেটারের উদগাতা হিসেবে তিনি বিশ্বকে নতুন করে চিনিয়েছিলেন বাংলাদেশকে। পরবর্তী বছরগুলোতে প্রতিভার সঙ্গে তাল মিলিয়ে নিজের পারফরম্যান্সের অনুবাদ তেমনভাবে না হলেও বাংলাদেশের ক্রিকেটের অনেক সাফল্যের সঙ্গেই তিনি নিজের নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছিলেন। টেস্ট স্ট্যাটাস-পরবর্তী সময়ে তিনি ছিলেন এ দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। কিন্তু সেই আশরাফুলই এখন ম্যাচ ফিক্সিংয়ের মতো অপরাধের কথা স্বীকার করে কালিমালিপ্ত। একদা এ দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এখন সবচেয়ে বড় দীর্ঘশ্বাসের নাম।

সেদিন কেমন ছিল আশরাফুলের ইনিংসটি? আট বছর পর পেছন ফিরে তাকালে একটা দীর্ঘশ্বাসই বেরিয়ে আসবে সন্তর্পণে। গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, মাইকেল ক্যাসপ্রোভিচ সেদিন গতির আক্রমণ শাণাচ্ছিলেন অসিদের হয়ে। ঘূর্ণি আক্রমণে শেন ওয়ার্ন সেদিন না থাকলেও ব্র্যাড হগ, মাইকেল ক্লার্ক আর মাইক হাসির সমন্বয়ে অস্ট্রেলিয়ার ঘূর্ণি বিভাগ ছিল বাংলাদেশকে চোখ রাঙানোর মতোই। কিন্তু প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তোলা অস্ট্রেলিয়ার ২৫০ রান বাংলাদেশ পেরিয়ে গিয়েছিল ইনিংসের চার বল হাতে রেখেই। আশরাফুল সেদিন একাই যেন অস্ট্রেলিয়ার বিশ্বসেরা বোলারদের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। ১০১ বলে ১১টি চারে সাজানো আশরাফুলের ১০০ রানের ইনিংসটি সেদিন বাংলাদেশকে নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়। এত বেশি রান তাড়া করে শীর্ষ কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জেতার রেকর্ড ওই দিনের আগে বাংলাদেশের ছিল না।

আশরাফুল সেদিন চারে ব্যাট করেছিলেন। জাভেদ ওমর বেলিম আর নাফিস ইকবাল ইনিংসের গোড়াপত্তন করেছিলেন। তিনে নেমেছিলেন তুষার ইমরান। দলীয় ১৭ রানেই নাফিসের বিদায়ে বড় পরাজয়ের ইঙ্গিত বহন করছিল। দলীয় ৫১ রানে সাইমন ক্যাটিচকে ক্যাচ দিয়ে ফেরেন তুষার ইমরান। ৭২ রানে ফেরেন জাভেদ ওমর। আরেকটি বড় পরাজয়ের শঙ্কায় যারা সেদিন টেলিভিশনের সামনে থেকে উঠে গিয়েছিলেন, কিংবা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন, তাদের আফসোস নিশ্চয়ই কোনোদিন যাবে না। যাঁরা সেদিন পরাজয়ের লজ্জার শঙ্কার মধ্যেই দুরু দুরু বুকে বাংলাদেশের ব্যাটিং দেখেছিলেন, তাঁরা নিশ্চয়ই আজ চোখ-মুখ উজ্জ্বল করে স্মৃতিচারণায় বসে যাবেন। আশরাফুল সেদিন কীভাবে গিলেস্পিকে খেলছিলেন, গ্লেন ম্যাকগ্রাকে আশরাফুল কাভারের ওপর দিয়ে সীমানার বাইরে ঠেলে দেওয়ার পর বিশ্বসেরা ওই বোলারের অভিব্যক্তি কেমন ছিল—এসবই হবে সেই স্মৃতিচারণার অংশ। কিন্তু স্মৃতিচারণার শেষ অংশে আপনা-আপনিই চলে আসবে আশরাফুলের জন্য আফসোস। আট বছর পরের আশরাফুলের জন্য দুঃখ। উজ্জ্বল ভোর যে সব সময় আলোকিত দিনের ইঙ্গিত বহন করে না, আশরাফুল নিজেই যে এর সবচেয়ে বড় উদাহরণ হয়ে যাবেন—সেটা ভাবার মতো লোক সেদিন ছিল না বললেই চলে।

আশরাফুল নিশ্চয়ই আজ বাড়িতে বসে কার্ডিফের ওই ইনিংসের ডিভিডি চালিয়ে দেখছেন। হয়তো, তাঁর চোখের কোণে অশ্রু খেলা করছে। বুকের ভেতর থেকে ডুকরে বেরিয়ে আসছে কৃতকর্মের জন্য বড় বড় দীর্ঘশ্বাস। হয়তো শাপ-শাপান্ত করছেন তাঁদের, যাঁরা আশরাফুলকে অন্ধকার গলির পূতিগন্ধময় রাস্তার পরিচয় ঘটিয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে, তিনি এখন একজন পতিত নায়ক। পতিত নায়কেরা নিজের অতীত বীরত্বের স্মৃতি সম্বল করেই বেঁচে থাকেন ধুঁকে ধুঁকে। এই জীবনটা আশরাফুলের মতো পতিত নায়কদের এক ধরনের প্রায়শ্চিত্তও বটে!