আশরাফুল-মুশফিকুরের হাওয়াবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তো আগেও বলেছি, আমি ওপরের দিকে ব্যাট করতে চাই। তিন-চারে ব্যাট করলে বড় ইনিংস খেলার জন্য সময় পাওয়া যায়—মুশফিকুর রহিম।ছয় নম্বরই আমার জন্য ভালো। চাপটা কম থাকে, নিজের শটগুলো স্বাধীনভাবে খেলা যায়—মোহাম্মদ আশরাফুল।কোচ জেমি সিডন্স বিশ্বকাপে দুজনের ইচ্ছাই পূরণ করে দিচ্ছেন। আশরাফুলকে দিচ্ছেন শট খেলার স্বাধীনতা, আর মুশফিকুরকে বড় ইনিংস খেলার সুযোগ। আজ পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়েই হাওয়াবদল শুরু হবে দুই ব্যাটসম্যানের।ব্যাটিং-অর্ডারে পরিবর্তনটা আশরাফুলের কাছে ‘হাওয়াবদলের’ সার্থক উদাহরণ হতে পারে বেশি করে। গত বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় ৭৫ রানের একটা ইনিংস খেলেছিলেন। গত এক বছরে সেটাই ওয়ানডেতে আশরাফুলের মধুরতম স্মৃতি। নইলে পরের ১১টি ওয়ানডে খেলে তিনি রান করেছেন মাত্র ১৪৫, গড় ১৩.১৮! এখন ছয় নম্বর নিয়ে যদি এই রোগটা সারানো যায়, চেষ্টাটা সে রকমই। তা ছাড়া আশরাফুল ভালো খেললে তো বাংলাদেশেরই লাভ। আশরাফুল আশাবাদী, নতুন ভূমিকা তাঁকে ফিরিয়ে আনবে পুরোনো রূপে, ‘চার নম্বরে খেললে অনেক সময় দু-তিন ওভার পরই ব্যাটিংয়ে যেতে হয়। ছয়ে নামলে ১৫-২০ ওভার তো লাগেই। তখন ফিল্ডিং ছড়ানো থাকে। আশা করি, এই জায়গায় আমি আমার ব্যাটিংটা করতে পারব। রান তোলার সুযোগটা বেশি তখন।’পরিসংখ্যানও কিন্তু বলছে, আশরাফুল ছয় নম্বরেই বেশি ভালো। ওপেনিং থেকে শুরু করে এখন পর্যন্ত সাতটি পজিশনে ব্যাট করেছেন। গড় কিন্তু সবচেয়ে বেশি ছয় নম্বরেই। ওয়ানডেতে ব্যাটিং-গড় ২৩.৩৩ হলেও ছয় নম্বরে ১৩ ইনিংস ব্যাট করে তার গড় ২৯.৫৫। পজিশন অনুযায়ী এটাই আশরাফুলের সর্বোচ্চ গড়। স্মৃতি হাতড়ে তিনিও বলছেন, ‘গত বিশ্বকাপে সাত নম্বরে ব্যাট করে খারাপ করিনি। আর এবার তো পাওয়ার প্লে আছে। ওই সময় আমার ব্যাটিংটা কাজে লাগবে, তবে উইকেটে গেলে পাওয়ার প্লের আগেই সেট হয়ে নিতে হবে।’ব্যাপারটা এমন নয় যে, ছয় নম্বরে নেমে মুশফিকুর কিছু করতে পারছিলেন না। তবে সবার বিশ্বাস, মুশফিকুরের জায়গা ওপরের দিকে। সেটা তিনি প্রমাণও করেছেন। ওয়ানডেতে নিজের সর্বোচ্চ রানের (৯৮) ইনিংসটাই তো তিনি খেলেছেন ওপেনার হিসেবে! ওপেনিং বাদ দিয়ে আর যে সাতটা জায়গায় এখন পর্যন্ত ব্যাট করেছেন, সেগুলোর মধ্যে চার নম্বরেই মুশফিকুর বেশি সফল। ৬ ম্যাচে ৬ ইনিংস খেলে ২৫.৬৬ গড়ে ১৫৪ রান। এবারের প্রিমিয়ার লিগে তো সর্বোচ্চ স্কোরারই (সুপার লিগের আগ পর্যন্ত) থাকলেন ওপরে ব্যাট করে!বিশ্বকাপেও সুযোগটা পেয়ে মুশফিকুর রোমাঞ্চিত। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই দেখাতে চান তিনি আসলে চার নম্বরের ব্যাটসম্যান, ‘লিগে চার নম্বরে ধারাবাহিকভাবে ভালো খেলেছি বলেই ব্যাটিং-অর্ডারে প্রমোশন পেলাম। আশা করি, সুযোগটা কাজে লাগিয়ে বিশ্বকাপেও চার নম্বরেই ব্যাট করব।’ তবে মুশফিকুরও মানছেন, পাকিস্তানের চেয়ে কানাডার বিপক্ষেই সুযোগটা পেয়ে গেলে বেশি ভালো হতো, ‘এটা ঠিক, ওই ম্যাচটা খেলতে পারলে আমার জন্য সুবিধা হতো। তার পরও সমস্যা নেই...ওপেনিং জুটি ভালো ব্যাট করেছে। দলের জন্য এটাও দরকার ছিল।’ অনুশীলনে এবার চার নম্বরে ব্যাটিং করার জন্যই তৈরি হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘নতুন বলে প্র্যাকটিস করেছি। বোলিং মেশিনেও সুইং, শট পিচ ধরনের বল খেলেছি অনেক।’‘হাওয়াবদলের’ উত্তেজনায় রোমাঞ্চিত আশরাফুল-মুশফিকুর। এই হাওয়াবদল যদি সত্যি সত্যি তাঁদের ইনিংসগুলোকেও স্বাস্থ্যবান করে তোলে, বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তির খাতায়ও তা কিছু যোগ করবে নিশ্চিত।