শ্রীলঙ্কায় আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সুযোগ ছিল বাংলাদেশের টেস্ট দলে ফেরারও। কিন্তু জাতীয় ক্রিকেট লিগে ভালো পারফরমেন্স দেখাতে না পারায় হয়তো শেষপর্যন্ত দলে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গত বছরের ডিসেম্বরে শেষবারের মতো টেস্ট ক্রিকেট খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল।সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য বাংলাদেশের ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই দল ঘোষণা করে। ঘোষিত দল থেকে ১৩ জন ৮ নভেম্বর শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতিমূলক ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলবেন। ঘোষিত প্রাথমিক দল: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, নাঈম ইসলাম, জহুরুল ইসলাম, এনামুল হক জুনিয়র, নাজিমউদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, শাহদাত হোসেন, আনামুল হক, মোমিনুল হক, তাসকিন আহমেদ, সোহাগ গাজী, আবুল হোসেন, আল-আমিন।৮ নভেম্বর থেকে অনুষ্ঠেয় ম্যাচের বিসিবি একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকি, জহুরুল ইসলাম, আনামুল হক, মোমিনুল হক, মাহমুদউল্লাহ, নাজিমউদ্দিন, তাসকিন আহমেদ, এনামুল হক জুনিয়র, শফিউল ইসলাম, আল-আমিন।