
বিপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে অগণিত ভক্তকে হতাশ করেছেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু টেস্ট অভিষেকেই এমন এক কীর্তি করেছিলেন, যা এখনো গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ক্রিকেট বিশ্বে। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার যে রেকর্ডটি গড়েছিলেন, সেটা এখনো আছে তাঁরই দখলে। কিন্তু রিচার্ড হ্যাডলি যে দাবি তুলেছেন, সেটা সত্যিই মেনে নেওয়া হলে রেকর্ড বুক থেকে মুছেই ফেলতে হবে আশরাফুলের নাম। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ক্রিকেটারদের রেকর্ডও সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন নিউজিল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটার।
আইসিসির বর্তমান আইন অনুযায়ী, ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হলে আজীবনের জন্যও নিষিদ্ধ করা হতে পারে কোনো ক্রিকেটারকে। ২০১০ সালে ইংল্যান্ড সফরের সময় স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে জেলের ঘানিও টানতে হয়েছে তিন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে। তবে ক্রিকেট থেকে দুর্নীতির মূল উপড়ে ফেলতে আরও কঠোর আইনই প্রণয়ন করা দরকার বলে মনে করছেন হ্যাডলি, ‘নিষিদ্ধ করার মাধ্যমে উদাহরণ তৈরি করতে হবে। এমনকি শাস্তিটা আরও বেশি হওয়া দরকার। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িতদের নাম মুছে ফেলা দরকার রেকর্ড বুক থেকেও। আমার মনে হয় জেল-জরিমানার চেয়েও এটাই বেশি কঠোর শাস্তি। যদি সত্যিই এটা করা যায়, তাহলে সবাই এ রকম কিছু করার আগে দুবার ভাববে।’ ক্রিকেট সংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার।—পিটিআই