আশরাফুলের অনন্ত আক্ষেপ
দলের রান ৫২, মোহাম্মদ আশরাফুলের ৩৯। ওই সময় পর্যন্ত ৬টি চার বাংলাদেশের ইনিংসে, সবগুলোই তাঁর ব্যাটের উপহার। বাংলাদেশের চার ব্যাটসম্যান উইকেট হারিয়েছেন নিজেদের দোষে, তবে যতক্ষণ উইকেটে ছিলেন ভারতীয় পেসারদের স্বস্তিতে খেলতে পারেননি কেউই। অথচ তিনি ভীষণ সাবলীল, মনে হচ্ছিল পেস বোলিং খেলার মতো সহজ কাজ আর নেই। আনা হলো স্পিনার, প্রথম দুই বলেই নিলেন দুই রান করে, পরেরটিতে চোখ জুড়ানো এক স্কয়ার ড্রাইভে চার। দিনটা কি তবে আশরাফুলের হবে!যাঁরা এমন ভাবতে শুরু করেছিলেন, তাঁদের বাস্তবের জমিনে নামিয়ে আনতে খুব বেশি সময় নেননি আশরাফুল। পরের বলেই উইকেট ছেড়ে এসে এমনভাবে ব্যাট চালালেন যেন ওই বলটিতে চার মারার জন্য জান বাজি রেখেছেন। স্পিন করবে ভেবে খেলেছিলেন, স্পিন না করে বল চলে গেল মহেন্দ্র সিং ধোনির হাতে। এমন আলতো করে উইকেট ভাঙলেন ধোনি, যেন বুঝিয়ে দিলেন আশরাফুলের উইকেট পাওয়া এমনই সহজ। ওই বলটির আগে ঠিক কী ভাবছিলেন আশরাফুল? ‘একবার ভাবলাম বাইরে যাব, একবার ভাবলাম যাব না। এই ডাবল মাইন্ডেড হওয়াতেই ঝামেলা হয়ে গেল। ওই একটা ভুলই করেছি, তার আগে সবই তো ঠিক হচ্ছিল’—ওই বলটার আগে নিজের মনোজগতের কথা জানালেন আশরাফুল। এই ‘দোনোমনা’ করাটাই হয়তো গত কিছুদিনে আশরাফুলের সবচেয়ে বড় সমস্যা। কালকের ইনিংসটা দেখতে দেখতে মনে পড়ছিল এই সিরিজের আগে ভারতের বিপক্ষে টেস্টে তাঁর সর্বশেষ ইনিংসটার কথা। এই মিরপুরেই করেছিলেন মিনিটের হিসেবে টেস্ট ক্রিকেটের দ্রুততম (২৭ মিনিট) ও বলের হিসেবে (২৬) দ্বিতীয় দ্রুততম ফিফটি। ৪১ বলে ৬৭ রানের ইনিংসটার পর তখনকার ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় তাঁকে বলেছিলেন, ‘এই ইনিংসটা ৪৫ মিনিটে না হয়ে যদি দুই ঘণ্টায় হতো, তাহলে দলের কত উপকার হতো!’দ্রাবিড়ের শিক্ষা মনে কোনো ছাপ ফেলেছিল কি না কে জানে! তবে এর অনেক দিনই আশরাফুলের ব্যাটিং আর ঠিক চেনা-জানা আশরাফুলের মতো ছিল না। হয় খুব বেশি আক্রমণাত্মক, অথবা খুব বেশি রক্ষণাত্মক, এই গণ্ডিতেই যেন বাঁধা পড়লেন। আরেকটা ব্যাপারও হয়তো কোনো ভূমিকা রেখে থাকতে পারে, আশরাফুল মারমুখী খেলে ভালো করলে সবার কাছেই উপভোগ্য হয়, কিন্তু আউট হলেই সমালোচনা। নিজেও যেন তাই বুঝতে পারছিলেন না, ঠিক কীভাবে খেলবেন। জেমি সিডন্স তো হাত দিলেন তাঁর ব্যাটিংয়ের শেকড়ে, পাল্টে দিতে চাইলেন ব্যাকলিফট। সবই ব্যাটিংয়ে ধারাবাহিকতা ফেরানোর জন্য, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের পর এই প্রতিবেদকের কাছেই বলেছিলেন, ‘আমি আসলে সেট হতে পারছি না, সেট হলেই দেখবেন বড় ইনিংস আসবে।’ গত ২০ ইনিংসের ১২টিতেই দুই অঙ্ক ছোঁয়ার আগে আউট হওয়া মেলে ধরছিল তাঁর কথার সারবত্তাই। কিন্তু সর্বশেষ দুই ইনিংসে ২৭ ও ৩৯ রানে আউট হওয়ার পর এখন এই যুক্তির পালেও খুব বেশি হাওয়া নেই।অনেক কিছুই তো চেষ্টা করলেন, এখন আর কী করতে পারেন আশরাফুল, সময় যে দ্রুত ফুরিয়ে আসছে! এখন ‘হারানোর তো আর কিছু নেই’—এটা ধরে নিয়ে চালিয়ে যেতে পারেন নিজের সহজাত খেলাটাই, যদি কাজ হয়!