আশরাফুলের কাছে এটাই তো প্রত্যাশা: ফারুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ মুগ্ধ মোহাম্মদ আশরাফুলের ইনিংসটি দেখে। তিনি বলেন, এই ইনিংসটি ঠিক তেমনই, যেমনটা দেশের মানুষ আশরাফুলের কাছ থেকে আশা করে। প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘আশরাফুলের বয়স, অভিজ্ঞতা ও প্রতিভা অনুযায়ী এমন খেলাই ওর কাছ থেকে আমরা চাই। আর গলে এই অসাধারণ ইনিংসটি খেলে সে প্রমাণ করেছে, কত উঁচুমানের খেলোয়াড় সে।’ শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল থেকে আশরাফুল বাদ পড়ায় অবাকই হয়েছিলেন ফারুক। তিনি বলেন, ‘এ ধরনের তালিকায় দেশের সেরা খেলোয়াড়দেরই থাকা উচিত। আশরাফুল প্রাথমিক তালিকারও উপযোগী খেলোয়াড় নয়, সেটা আমি বিশ্বাস করি না।’অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত ১৫২ রানের ইনিংসটি সম্পর্কে ফারুকের মূল্যায়ন, ‘মুশফিকের এই ইনিংসটি তার ব্যাটিং ধারাবাহিকতারই পরিচায়ক।’ ফারুক বলেন, ‘সর্বশেষ এক-দেড় বছর মুশফিকের ব্যাটিং পরিসংখ্যানে চোখ বোলালে এই ইনিংসটি কাউকে অবাক করবে না। সত্যিই দারুণ ধারাবাহিক আমাদের অধিনায়ক। এই ইনিংসটি যেন একজন অধিনায়কের সামনে থেকেই নেতৃত্ব দেওয়া।’ ফারুক আহমেদের প্রত্যাশা, কাল দুজনই নিজেদের ডাবল সেঞ্চুরি পূরণ করবেন। তিনি আরও বলেন, ‘গল টেস্টের এখনো পুরো দুটো দিন বাকি। ম্যাচের ফল-টল নিয়ে চিন্তা না করে এখন ইনিংসটিকেই লম্বা করতে হবে। এ জন্য আগামীকাল দুটো সেশন আমাদের ব্যাট করতেই হবে।’