আশরাফুলের চাওয়া সুযোগ ও ধৈর্য
ক্যারিয়ারের নতুন শুরু না শেষ? এই বিশ্বকাপ কী দেবে মোহাম্মদ আশরাফুলকে?আশরাফুল শুনে হাসেন। যে হাসির মানে হতে পারে, ‘কতবার যে শুনলাম এই প্রশ্ন!’ একেকবার দল থেকে বাদ পড়ে আবার ফেরেন, আর গুঞ্জন শোনা যায় এটাই হয়তো আশরাফুলের শেষ সুযোগ। কিন্তু বদলায় না কিছুই। আশরাফুল আবার বাদ পড়েন, কদিন পরই ফেরেন দারুণ দাপটে। এই আসা-যাওয়ার খেলায় হয়তো বিরক্ত আশরাফুল নিজেও। ‘শেষ সুযোগ’-জাতীয় কিছু তাই মাথাতেই আনতে চান না, ‘নেগেটিভ কিছু নিয়ে আমি ভাবতেই চাই না। কী করলে কী হবে ভেবে রাতের ঘুম হারাম করে তো লাভ নেই। নিজের সেরাটা দিতে সর্বোচ্চ চেষ্টা করব। এই তো...’বিশ্বকাপের আগে আশরাফুলের এসব না ভাবাই ভালো। তবে ভাবার লোকের তো আর অভাব নেই। দেশের মাটিতে বিশ্বকাপ। লোকের প্রত্যাশা যেমন আকাশচুম্বী, প্রভাবটাও হবে ব্যাপক। ভালো করলে গত কয়েক বছরে হারানো ভক্তকুল যেমন আবার ফিরে পাবেন, তেমনি হতাশ করলে জাতীয় দলের দরজাও হয়ে যেতে পারে বন্ধ। অভিষেক টেস্টে সেঞ্চুরির পর থেকেই প্রতিটি ইনিংসে আশরাফুলকে নামতে হয় অনন্ত চাপ মাথায় নিয়ে। তবে এই বিশ্বকাপের চাপ হয়তো ছাড়িয়ে যাচ্ছে আর সবকিছুকেই। আশার খবর, এমন চাপও খুব একটা শঙ্কায় ফেলছে না আশরাফুলকে, ‘বিশ্ব-ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এটা সব সময়ই গুরুত্বপূর্ণ, দেশের মাটিতে বলে এবার আরও বেশি। কিন্তু এটাই তো সবকিছুর শেষ নয়। ক্যারিয়ার শেষের ভাবনা কেন আসবে? আমার বয়স মাত্র ২৬, ৩০-৩৫ বছর হলে একটা কথা ছিল! অনেক অনেক ক্রিকেট পড়ে আছে আমার সামনে।’বিশ্বকাপ বলেই অবশ্য নতুন শুরুর আশা করতে পারেন আশরাফুল। বিশ্ব-ক্রিকেটের সবচেয়ে বড় আসর যে কখনোই রিক্ত হাতে ফেরায়নি আশরাফুলকে! একমাত্র বাংলাদেশি হিসেবে এবার খেলতে যাচ্ছেন টানা তৃতীয় বিশ্বকাপ। দুঃস্বপ্নের ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ফিফটিটি এসেছিল তাঁর ব্যাট থেকেই (নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৬)। গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ে খুব বেশি প্রয়োজন হয়নি তাঁকে, ৭ নম্বরে নেমে দিয়েছিলেন শেষ তুলির আঁচড়। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে তাঁর অপরাজিত ৪৫ রানের জন্যই কোনো রকমে ১০০ পেরিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়টা এসেছিল তাঁর ৮৩ বলে ৮৭ রানের হিরণ্ময় ইনিংসে। ছোট দল বলে অনেকেই ভুলে যায়, কিন্তু বারমুডার জয়েও কিন্তু বড় অবদান ছিল তাঁর।বিশ্বকাপে আশরাফুলের স্মরণীয় স্মৃতিও এই ম্যাচটাই, ‘বারমুডার বিপক্ষে না জিতলে হয়তো সুপার সিক্সে ওঠা হতো না আমাদের। বৃষ্টিতে ম্যাচ ২০ ওভারে নেমে আসায় কাজটা কঠিন হয়ে গিয়েছিল। টার্গেট ছিল ৯৫। ওদের এক ডানহাতি পেসার (সেলিম মুকুদ্দেম) শুরুতেই তিন উইকেট নিয়ে নিল, বিশাল বিশাল সুইং করাচ্ছিল। অপরাজিত ২৯ রান করেছিলাম, কিন্তু এতেই ম্যান অব দ্য ম্যাচ হওয়া প্রমাণ করে ওই ইনিংস কতটা গুরুত্বপূর্ণ ছিল।’বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বেশি রান যেমন তাঁর, তেমনি একাধিকবার ম্যাচ-সেরা হওয়া একমাত্র বাংলাদেশিও তিনি। মনের কোণে একটা স্বপ্ন উঁকি দিচ্ছে এবারও, ‘গত বিশ্বকাপে দুবার ম্যাচের সেরা হওয়ায় ম্যান অব দ্য টুর্নামেন্টের লড়াইয়ে ছিলাম। এবারও এমন কিছু করতে পারলে খারাপ হবে না। তবে এ জন্য আগে খেলতে তো হবে!’এই খেলাটাই, মানে সেরা একাদশে জায়গা পাওয়াটাই এখন আশরাফুলের প্রথম লক্ষ্য। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে বাজে শট খেলে আউট হওয়ার পরই হুট করে একাদশ থেকে ছেঁটে ফেলা হলো। আর সুযোগ পেলেন না। আশরাফুল তাই সুযোগ চান, তবে সুযোগটা যেন হয় সুযোগের মতো, ‘সুযোগ দিলে সেটা যেন পর্যাপ্ত হয়। শুধু টিম ম্যানেজমেন্টের কাছে নয়, আমার এই অনুরোধ দর্শকদের কাছেও। ক্রিকেট খেলাটাই এমন যে একটা-দুটো ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। সবাইকে তাই অনুরোধ করব একটু ধৈর্য ধরতে।’এটুকুই যদি ফিরিয়ে আনতে পারে গত বিশ্বকাপের আশরাফুলকে, তাহলে একটু ধৈর্য ধরতে ক্ষতি কী!