আশরাফুলের টানা তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে পত্রপত্রিকা পড়েই মনটা খারাপ হয়ে গিয়েছিল। সরাসরি অনুশীলন মাঠে না গিয়ে মিরপুর স্টেডিয়ামে বসে মোহামেডান-বিমানের খেলা দেখলেন কিছুক্ষণ। পরে অনুশীলনে গেলেন মুখ কালো করে। শুরুতেই জেমি সিডন্সের সঙ্গে দেখা। বিশাল এক হাসি দিয়ে কোচ বললেন, ‘অ্যাশ, ইউ আর ইন!’মোহাম্মদ আশরাফুলের বিমর্ষ মুখ উজ্জ্বল হয়ে গেল মুহূর্তেই। অন্য রকম এক ভালোলাগায় মন ভরে গেল। টানা তৃতীয় বিশ্বকাপ! বাংলাদেশে অনেক প্রথমের জনক প্রথম এ ক্ষেত্রেও। এই অর্জন বয়ে আনছে চাপও। অনুশীলন শেষে আলাদা করে ডেকে নিয়ে কথা বলেছেন কোচ। মনে করিয়ে দিয়েছেন অভিজ্ঞতম খেলোয়াড় হিসেবে দায়িত্বের বোঝা কতটা ভারী।এই অভিজ্ঞতাই আবার সাহস জোগাচ্ছে আশরাফুলকে। বড় টুর্নামেন্টের চাপে অনেকেই যখন নুইয়ে পড়েন, আশরাফুল সেখানে কিছুটা হলেও ব্যতিক্রম। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচজয়ী সেই দুটো অসাধারণ ইনিংস, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া ৪৯ বলে ৬৫ জানান দিচ্ছে বড় টুর্নামেন্টে তাঁর ব্যাট হাসে নিয়মিতই। সেই ইতিহাসই এবার তাঁর অনুপ্রেরণা, ‘আমি অনেক আত্মবিশ্বাসী। এখনো পর্যন্ত যতগুলো বড় আসর খেলেছি, কোনোটাতেই খারাপ করিনি। নির্বাচকেরা এবার হয়তো বড় টুর্নামেন্টে আমার পারফরম্যান্সও বিবেচনা করেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও খুব একটা রানে ছিলাম না। তার পরও সুযোগ পেয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো একটা ইনিংস খেলেছিলাম। আশা করি, এই বিশ্বকাপেও ভালো করব।’প্রিমিয়ার লিগে যা পারফরম্যান্স, তাতে দলে সুযোগ পাওয়াটা অনেকটা নিশ্চিতই ছিল। কিন্তু দল নিয়ে গত দুদিন যা হলো, সেটাই শঙ্কায় ফেলে দিয়েছিল আশরাফুলকে, ‘সর্বশেষ সিরিজের ১৫ জনের দলে ছিলাম, তাই আশা ছিল দলে থাকব। তবে আজ একটু ঘাবড়ে গিয়েছিলাম। খুব টেনশন হচ্ছিল। আমার যা করার ছিল, সেটা করেছি। জাতীয় লিগে একটা ম্যাচ পেয়েছিলাম, ওটাতেই সেঞ্চুরি। জাতীয় লিগের ওয়ানডে-সেরা ক্রিকেটার হয়েছিলাম। ঢাকা লিগেও ভালো করেছি। সব মিলিয়ে আমি মনে করি, দলে থাকার মতোই পারফরম্যান্স ছিল। তার পরও দলে সুযোগ না পেলে তো কিছু করার ছিল না।’আশরাফুলের এই কথায় চলে আসছে চিরাচরিত সেই সম্পূরক প্রশ্ন। একসময় যিনি ছিলেন দলের মূল ভরসা, দলে জায়গা নিয়ে অনিশ্চয়তায় ভুগতে হবে কেন তাঁকে? আর সবকিছুকে মনে রেখেও দায়টা কি সবচেয়ে বেশি নিজেরই নয়? আশরাফুল মাথা পেতে নিলেন, ‘গত এক বছরে যে ক্রিকেটটা আমি খেলেছি, তাতে এই অবস্থা হওয়াই ছিল স্বাভাবিক। তবে জানি, আমার দরকার স্রেফ একটা ভালো ইনিংস। একটা ভালো ইনিংসই আমাকে আবার সেই আগের জায়গায় নিয়ে যাবে।’আশরাফুলের এই প্রত্যাশা কি পুরো বাংলাদেশের প্রত্যাশা নয়? কে না চায়, সেই আশরাফুলকে ফিরে পেতে!