হানসি ক্রনিয়ে, মোহাম্মদ আমির...মোহাম্মদ আশরাফুল। তিনজনের সবচেয়ে বড় মিল কোথায়, এই প্রশ্ন এখন একরকম অবান্তর। উত্তরটা সবারই জানা। তবে গায়ে ফিক্সিং কেলেঙ্কারির ছোপ লাগা ক্রিকেটারদের মধ্যেও একটা জায়গায় এক বন্ধনীতে রাখা যায় এই তিনজনকে। ফিক্সিংয়ে জড়ানোর কথা স্বীকার করেছেন সম্ভবত শুধু এই তিনজনই!স্বীকারোক্তির মধ্যে সাহসের পরিচয় আছে। আছে ভুল বুঝতে পারার ইঙ্গিত। যদিও স্বীকারোক্তি কতটা স্বতঃস্ফূর্ত, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে তিনজনের ক্ষেত্রেই। কোনো উপায়ান্তর না দেখে বা ধরা পড়ে যাওয়া প্রায় নিশ্চিত হওয়ার পরই স্বীকার করেছেন বলে ধারণা করা হয় তিনজনের ক্ষেত্রেই। এই ধারণা যদি সত্যিও হয়, তার পরও ‘স্বীকারোক্তি’ ব্যাপারটি সাধারণ্যে যেন একটু সহানুভূতির উদ্রেক করে। তবে ডেকে আনতে পারে বিপদও। ফিক্সিং জগতের সঙ্গে দীর্ঘদিন জড়িত বা যোগাযোগ থাকা মানে, এই জগতের অনেক কিছুই জানা। আর একবার যিনি স্বীকারোক্তি দিয়েছেন, তিনি তো আস্তে আস্তে মুখ খুলতে পারেন আরও অনেক ব্যাপারেও। এত দিনের ‘বন্ধু’ তাই জুয়াড়িদের জগতের জন্য হঠাৎই হয়ে উঠতে পারেন ‘শত্রু’। আর শত্রুকে নিশ্চয়ই স্বস্তিতে থাকতে দিতে চাইবে না ভয়ংকর এই জগৎ!ব্যাপারটা ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও। আশরাফুলের নিরাপত্তার ব্যাপারটিকে তাই যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন বোর্ডের কর্তারা। বোর্ডের এক সূত্র জানিয়েছে, ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে। সরকারের একটি নিরাপত্তা সংস্থাকে অনুরোধও করা হয়েছে আশরাফুলের নিরাপত্তার ব্যাপারটি দেখার জন্য। সূত্রের দাবি, সেই অনুরোধ মেনে ব্যবস্থাও নেওয়া হয়েছে। যদিও আশরাফুলের বাসা যে এলাকায়, সেই খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ কাল প্রথম আলোকে বলেছেন, ‘আশরাফুলের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আপাতত পুলিশি নিরাপত্তার কোনো প্রয়োজন দেখছেন না। নিরাপত্তার প্রয়োজন হলে আমাদের জানাবেন বলেও জানিয়েছেন আশরাফুল।’আশরাফুল নিরাপত্তার প্রয়োজন না দেখলেও বোর্ডের বা নিরাপত্তা সংস্থার শঙ্কার কারণ যথেষ্টই আছে। ফিক্সিংয়ে জড়িত থাকার দুই বছর পর ক্রনিয়ের মৃত্যু আজও বড় একটা রহস্য। ২০০২ সালে ক্রনিয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যু আদৌ দুর্ঘটনা নাকি হত্যা, সেটা নিয়ে প্রশ্ন আছে এখনো।এদিকে আকসুর প্রতিবেদন কবে নাগাদ বিসিবির হাতে পৌঁছাবে, নিশ্চিত নয় এখনো। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বোর্ডের প্রধান নাজমুল হাসান বলেছেন, ‘আকসুর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর ওরা বলেছিলেন পাঁচ-ছয় দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন। আমি ধরে নিয়েছি, সেটা সাত দিন লাগতে পারে।’ আকসুর সঙ্গে বোর্ড প্রধানের সাক্ষাৎ হয়েছিল গত রোববার। সে অনুযায়ী আগামী রবি-সোমবার নাগাদ প্রতিবেদন হাতে পাওয়ার কথা বিসিবির। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন, নিশ্চিত কিছু জানেন না তাঁরা।একটা ব্যাপার অবশ্য একরকম নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী। সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান বলেছিলেন, আকসুর কর্তাদের সঙ্গে যৌথভাবে বিসিবি সংবাদ সম্মেলনে পুরো প্রতিবেদন প্রকাশ করবে। কিন্তু আদতে সেটা সম্ভব হবে না। ব্যাপারটি ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাহী, ‘বোর্ড প্রধান হয়তো বোঝাতে চেয়েছেন, আকসুকে সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবে বোর্ড কিংবা দুই পক্ষ যৌথভাবে একটা বিবৃতি দেবে। আইনগতভাবে এবং নীতিগতভাবেও পুরো প্রতিবেদন প্রকাশ করা যাবে না। কারণ, প্রতিবেদনে হয়তো অনেকের নাম থাকবে বা অবজারভেশন থাকবে, কিন্তু স্পষ্ট প্রমাণ থাকবে না। আর প্রমাণ ছাড়া কারও নাম বা কোনো ঘটনা প্রকাশ করা ঠিক হবে না।’