আশরাফুলের ফেরা (ভিডিও)
কী ভয়ংকর কটা দিন গেছে মোহাম্মদ আশরাফুলের জীবনে। শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ২৫ জনের দলে তিনি নেই! আকরাম খানের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি কি আশরাফুলের মধ্যে এমন কিছু খুঁজে পায়নি, যা তাঁকে দেশের সেরা ২৫ ক্রিকেটারের মধ্যে রাখতে পারে। নির্বাচকদের এই সিদ্ধান্তের পক্ষেও সমর্থন নেহাতই কম ছিল না। সমালোচকেরা বলেছিলেন, ধারাবাহিকভাবে ব্যর্থ একজন ক্রিকেটারকে ২৫ জনের দলে না রেখে নির্বাচকেরা ঠিকই করেছেন। আবার আশরাফুলের পক্ষে যুক্তি ছিল, তিনি এত খারাপ ক্রিকেটার নন যে তাঁকে ২৫ জনের দলেই রাখা যাবে না। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য বলুন আর যা-ই বলুন, আশরাফুলকে দলে নেওয়া হলো। আর ফিরেই তিনি যা করলেন, তা-ও এক ইতিহাস। এই ফেরায় নিজেকেই যেন নতুনভাবে চেনালেন আশরাফুল।বিশ্ব রেকর্ড দিয়ে শুরু। টেস্ট ক্রিকেটের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে চারিদিকে হইচই ফেলে দিয়ে তাঁর আবির্ভাব। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে প্রতিভাধর ক্রিকেটারের স্বীকৃতিও তিনি পেয়েছেন অনেকবারই। কিন্তু সেই আশরাফুলই প্রত্যাশার ভারে নুইয়ে পড়ে নিজেকে হারিয়ে ফেললেন। নিজের প্রতিভার দ্যুতিতে দেশকে ধারাবাহিক সাফল্য এনে দেওয়ার পরিবর্তে ধারাবাহিক ব্যর্থতারই আখ্যান রচনা করলেন। প্রতিভার সর্বোচ্চ ব্যবহারের পরিবর্তে ১১ বছর ধরে যেন প্রতিভার সর্বোচ্চ অপচয়ই করে গেছেন তিনি। আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের দুঃখ—এ কথা তো অনেকে বলেই ফেলেছিলেন। সেই আশরাফুলই আজ গলের মাঠে যেন অনেকটাই অন্য রকম। প্রতিভার অপচয় নয়, প্রতিভার সর্বোচ্চ প্রয়োগই যেন এই আশরাফুলের ব্রত। আশরাফুলকে যেভাবে এ দেশের ক্রিকেটামোদীরা দেখতে চান, এই আশরাফুল যেন তারই প্রতিচ্ছবি।আশরাফুলের অভিষেকের সময়টির কথা আজ বড্ড মনে পড়ছে। টেস্ট ক্রিকেটের অথই সাগরে তখন সদা নিমজ্জমান বাংলাদেশের ক্রিকেট-তরী। ঝড়-ঝঞ্ঝায় সেই তরীকে নিরাপদে তীরে ভেড়ানোর সত্যিকারের কাণ্ডারির বড় অভাব তখন। ওই সময় ১৭ বছরের এক কিশোরকে আমরা বেছে নিলাম কাণ্ডারির ভূমিকায়। টেস্ট বলুন আর ওয়ানডে, প্রতিটি ম্যাচেই আশরাফুলের কাছে পাহাড়সম প্রত্যাশা। পুরো দেশ তাকিয়ে থাকে তাঁর দিকে। তিনি শট খেললেও দোষ। ঠেকিয়ে খেললেও দোষ। পান থেকে চুন খসলেই চলে মুণ্ডুপাত। সীমাহীন প্রত্যাশার সুবিশাল বোঝা আশরাফুল কাঁধে নিতে বাধ্য হলেন ঠিকই। কিন্তু তা নিয়ে পথ চলতে পারলেন না সঠিক ছন্দে। তলিয়ে যেতে থাকলেন প্রতিনিয়ত। অসম্ভব প্রতিভাধরের বিশেষণটি যেন গলার কাঁটা হয়ে দেখা দিল তাঁর জন্য। একে একজন ক্রিকেটারের প্রতি অবিচারের আখ্যান বললেও বোধ হয় ভুল বলা হবে না।এবারের শ্রীলঙ্কা সফরের আগে তাঁর বাদ পড়া দেখে অনেকেই ‘আশরাফুলের ক্যারিয়ার শেষ’ জাতীয় কথাবার্তাও শুরু করে দিয়েছিলেন। কিন্তু শাহরিয়ার নাফীসের ‘বদান্যতায়’ দলে ফিরে আশরাফুলের যেন পুনর্জন্মই হলো। প্রথমে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে নিজেকে প্রস্তুত করলেন। আর গলে তাঁর কীর্তি যেন এ দেশের ক্রিকেট ইতিহাসেরই নতুন অধ্যায় রচনা করল। এই কীর্তি যেন ১১ বছর ধরে পোড় খাওয়া এক কিশোরের পরিণত হয়ে ওঠা। ব্যর্থতার কালিমায় নিজেকে ঢেকে ফেলার পর হঠাত্ ধোপ-দুরস্ত হয়ে ফেরা।২০০৪ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে তাঁর অবিস্মরণীয় ১৫৮ রানের ইনিংসটিকে তিনি নিজেই আজ পেছনে ফেললেন। দেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট ইনিংসকে তিনি নতুন করে লিখে দিলেন ইতিহাসের পাতায়। তাঁর অপরাজিত ১৮৯ রানের ইনিংসটি যেন বাংলাদেশের ক্রিকেটের নতুন দিনের প্রতিশ্রুতি। নতুন দিনে এ যেন আশরাফুলের নিজেকে নতুন করে ফিরে পাওয়া।এ ফেরা যেন চিরস্থায়ী হয়; প্রার্থনা এটাই।