আশরাফুলের মুখেও কুলুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারি ধরে তাক করে রাখা ১০-১২টি টিভি ক্যামেরা। পাশেই ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে সংবাদকর্মীরা। দরজা ঠেলে কোনো একজন বের হলেই ছুটোছুটি-হুড়োহুড়ি। একটু ফুটেজ পাওয়ার আশায় টিভি ক্যামেরাম্যানদের ঠেলাঠেলি কখনো কখনো রূপ নেয় প্রায় যুদ্ধের। মাইক্রোফোন-রেকর্ডার এগিয়ে ধরার লড়াই তো আছেই। কারও মাথার ওপর দিয়ে, কারও ঘাড়ের পাশ দিয়ে, কারও মুখের সামনে দিয়ে বা কারও হাতের নিচ দিয়ে বাড়িয়ে ধরা হয় মাইক্রোফোন, ‘কী হলো আজ? কী কী হলো শুনানিতে?’
এই যুদ্ধের ফল কিছু মিললে তবু কথা ছিল। কিন্তু সবই পণ্ডশ্রম! ক্যামেরা-মাইক্রোফোন নিয়ে এত লড়াই তো টিভি পর্দায় দেখানো কিংবা পত্রিকায় ছাপানোর মতো কোনো একটা ‘কোট’ বা প্রতিক্রিয়া পাওয়ার আশায়। কিন্তু বিপিএলের ফিক্সিং ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সবার মুখেই যে কুলুপ! এমনকি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় বরাবরই উদার মোহাম্মদ আশরাফুলও কাল ভিন্ন চেহারায়। চালককে আগেই বলে রেখেছিলেন গাড়ি দরজার কাছ ঘেঁষে রাখতে। ট্রাইব্যুনাল থেকে বের হয়ে ঘিরে ধরা সংবাদকর্মীদের ভিড় ঠেলে ‘নো কমেন্টস’, ‘কথা বলা নিষেধ আছে’ বলতে বলতে কোনো রকমে শরীরটা গাড়িতে গলিয়ে দিয়েই ছুট।
সংবাদকর্মীদের সারা দিন ধরে অলস অপেক্ষায় দাঁড়িয়ে থাকা আর কেউ বের হলেই অমন হুড়োহুড়ি—গুলশান ১ নম্বরের গ্যালারিয়া বে ভবনের নিচে গত চার দিনের নিয়মিত দৃশ্য একটি। প্রথম দিন তবু ঘণ্টার পর পর ঘণ্টা অপেক্ষার ফল কিছু মিলেছিল। কথা বলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের আইনজীবীরা। কিন্তু ইয়ান পন্টের টাকা নেওয়ার ব্যাপারে মুখ খোলার পর সবাইকেই সম্ভবত মুখে কুলুপ দিয়ে রাখার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাইব্যুনাল। গত তিন দিনে তাই আর মুখ খোলেননি কেউ। আশরাফুলের মুখ থেকে কিছু শোনা যেতে পারে ভেবে কালও সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঠায় দাঁড়িয়ে সংবাদকর্মীরা। কিন্তু সে আশাতেও গুড়ে বালি। শেষ মুহূর্তে মোশাররফ হোসেন ও মাহবুবুল আলমের আইনজীবী নুরুস সাদিক ভিড় ঠেলে গাড়িতে উঠতে উঠতে শুধু বললেন, ‘আশরাফুলকে জেরা করা হয়েছে আজ।’
আশরাফুলের জবানবন্দির ভিত্তিতেই যেহেতু অভিযোগ আনা হয়েছে, অভিযুক্তদের আইনজীবীরা তাঁকে জেরা করার আবেদন জানিয়েছিলেন ট্রাইব্যুনালের কাছে। মূলত সে কারণেই কাল ট্রাইব্যুনালের সামনে প্রথম হাজিরা দিলেন আশরাফুল। দুই দিন বিরতির পর রোববার আবার বসবে ট্রাইব্যুনাল।