আশরাফুলের সেঞ্চুরি
শ্রীলঙ্কায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে আশরাফুলের এই সেঞ্চুরি কেবল একটি ভালো ইনিংসই নয়, এটিকে তাঁর প্রতি নির্বাচকদের আস্থাহীনতার জবাব বললেও খুব বাড়িয়ে বলা হবে না।সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দলে ছিলেন না মোহাম্মদ আশরাফুল। এনামুল হক জুনিয়র ও নাঈম ইসলাম চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়ার পরও নেওয়া হয়নি তাঁকে। অবশেষে আশরাফুল ডাক পান শাহরিয়ার নাফীস চোটগ্রস্ত হয়ে শ্রীলঙ্কায় না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর। টেস্ট সিরিজের আগে আশরাফুলের এই সেঞ্চুরি নির্বাচকদের প্রতি তাঁর জবাব না তো কী!আশরাফুল করেন ১০২ রান। মমিনুল হকও খেলেছেন দুর্দান্ত। মাত্র এক রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি তিনি। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে ১৭৮ রান এনে দেন আশরাফুল ও মমিনুল।কোনো উইকেট না হারিয়ে ৮ রান নিয়ে আজ ম্যাচের শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুটা হয় বাজেভাবে। দলীয় ২২ রানে প্রথম উইকেটের পতন। ৪৫ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের। তবে ম্যাচের চিত্র বদলে যায় আশরাফুল ও মমিনুলের দুর্দান্ত ব্যাটিংয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৮৬ রান। মুশফিকুর রহিম ৪৯ ও সোহাগ গাজী ২৯ রানে অপরাজিত আছেন। মাহমুদউল্লাহ ৫৬, জহুরুল ইসলাম ২৯, নাসির হোসেন ৯ ও এনামুল হক ৬ রানে আউট হন। এর আগে প্রথম ইনিংসে ৪১০ রান করে অলআউট হয় শ্রীলঙ্কার উদীয়মান একাদশ।