আর একটা ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এরপর প্রায় তিন মাসের বিরতি। অনেক দিন ধরেই টানা ক্রিকেটের মধ্যে থাকায় এই বিরতিটা দরকার ছিল। তবে এই তিন মাসই যে সবাই শুয়ে-বসে কাটাবে, তা নয়। আমি যেমন কালই চলে যাচ্ছি আইপিএলে খেলতে। দলের অন্যরাও নিশ্চয়ই অনুশীলনের মধ্যে থাকবে। আর কিছু দিন পর তো ক্যাম্পই শুরু হয়ে যাবে।এই বিরতিটার আগে সবচেয়ে ভালো হয় আমরা যদি শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারি। এখন জিতব কি না, সেটাই হলো কথা। আমাদের টার্গেট ছিল এই সিরিজে অন্তত একটা ম্যাচ জেতার চেষ্টা করব। কিন্তু অস্ট্রেলিয়া খুবই ভালো দল। বললেই ওদের বিপক্ষে জেতা যায় না। বরং স্বাভাবিকভাবে চিন্তা করলে আমাদের জেতার সুযোগ খুবই কম। তার পরও ভালো খেললে সম্ভব। আশা করতে দোষ কী!প্রথম দুই ম্যাচে আমরা ভালোই ব্যাটিং করেছি। শেষ ম্যাচে চেষ্টা করব সেটা ধরে রাখতে। ফিল্ডিং দুই ম্যাচেই খুব খারাপ হয়েছে। সেটা যেন ভালো করতে পারি। তবে বোলিং নিয়ে কিছু বলার নেই। ওয়াটসন যে ব্যাটিং করল, ও রকম একদিন হতেই পারে। সে সুযোগও দিয়েছে। যে সুযোগগুলো এসেছিল, সেগুলো নিতে পারলে এ রকম নাও হতে পারত। ১০০ করার পর একটা লাইফ পেল। এর পরও ৮৫ রান করেছে। অন্য ব্যাটসম্যানদের এই ৮৫ রান করতে অনেক কষ্ট হতো। হয়তো উইকেট পড়ত, খেলাটা আরও অনেক দূর যেত। অনেক কিছুই হতে পারত আসলে।প্রতিপক্ষের একজন ব্যাটসম্যান ওভাবে ব্যাটিং করলে আসলে মাঠে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। আপনি সব বোলারকে দিয়ে বল করাচ্ছেন, কারও বলে কিছু হচ্ছে না। কিছু না করলেও প্রতি ওভারে ১০ এর বেশি রান হচ্ছে। আমাদের বিপক্ষে এ রকম ব্যাটিং আমি অন্তত কখনো দেখিনি। আর এ রকম ব্যাটিং জীবনে এক-দুবারই করা যায়। তবে যখন কোনো ব্যাটসম্যান বেশি আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে, তখন কিন্তু সব সময়ই মনে হয় সুযোগ আসবে। ওয়াটসনের ক্ষেত্রেও দু-একটা সুযোগ এসেছিল। তবে ১০০ পর্যন্ত ও কোনো লাইফ পায়নি। আসলে দিন ভালো গেলে সবই ভালো যায়।এই সিরিজে শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট একটু অন্য রকম লাগছে। রান করা সহজ ছিল না। এদিন ওয়াটসন মেরে দিয়েছে বলেই মনে হয়েছে উইকেট সহজ। তবে এ নিয়ে অভিযোগ করে লাভ নেই। অভিযোগটা করবই বা কী নিয়ে? ওরা আমাদের চেয়ে সব দিক দিয়েই অনেক ভালো দল। ওদের বিপক্ষে উইকেট অন্তত কোনো পার্থক্য গড়তে পারে না।আবারও বলছি, শেষ ম্যাচে ভালো কিছু করারই লক্ষ্য আমাদের। সর্বোচ্চ ভালো হতে পারে জয় এবং আমরা সেটার জন্যই চেষ্টা করব। যাতে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে একটা মধুর স্মৃতি থাকে সঙ্গে। মাঝে যে যেখানে খেলবে, ভালো খেলুক। আমি যেমন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো খেলতে চাই আইপিএলে। তবে প্রথম টার্গেট খেলা, দ্বিতীয় টার্গেট ভালো খেলা।