
এমন বিব্রতকর পরিস্থিতিতে মাইকেল ক্লার্ক জীবনে কখনো পড়েছেন কিনা সন্দেহ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে যখন বললেন, ‘এখনো আমরা সিরিজ জিততে পারি’, সঙ্গে সঙ্গে হেসে উঠল গোটা লর্ডস। হাজার তিরিশেক দর্শক যেন হাসছিল একসঙ্গে। বিস্ময়ের হাসি, বিদ্রূপের হাসি। দর্শকের হাসি দেখে হাসলেন ক্লার্কও। বিব্রত হাসি।
ক্লার্কের কথায় ফুটে উঠছে তাঁর হার না-মানা চরিত্র আর ক্রিকেট-দর্শন। তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক কি সত্যিই বিশ্বাস করেন নিজের কথা? মুখের কথা যদি মনের কথা হয়, ক্লার্ককে বলতে হবে পৃথিবীর শেষ আশাবাদী ব্যক্তি। ২-০-তে পিছিয়ে পড়ে অ্যাশেজ জয়ের উদাহরণ খুঁজতে পিছিয়ে যেতে হয় ৭৬ বছর। গাবি অ্যালেনের ইংল্যান্ডের বিপক্ষে জিতেছিল ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া। নিজেদের দেশে সেই ১৯৩৬-৩৭ সিরিজে ৯০ গড়ে ৮১০ রান করেছিলেন ব্র্যাডম্যান। ক্লার্ক কি পারবেন ব্র্যাডম্যান হতে? তার চেয়েও বড় প্রশ্ন, ব্র্যাডম্যানের পাশে ছিলেন স্ট্যান ম্যাককেব, বিল ও’ রিলিরা, আর ক্লার্কের পাশে?
সংবাদ সম্মেলনে তবুও আরেকবার বললেন ক্লার্ক, ‘আমি এখনো বিশ্বাস করি, সিরিজ জিতব। আমি জানি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এটা বলার সময় দর্শক হেসেছে। আমরা যে অবস্থায় আছি, তাতে এই কথা শুনলে হাসারই কথা। কিন্তু আমাদের স্রেফ প্রয়োজন টপ-অর্ডারে কারও বড় সেঞ্চুরি করা, ইংল্যান্ড যেমন করেছে।’
বলটা সহজ, সমস্যাটাও জানা। প্রয়োজন তো সমাধান, করে দেখানো! প্রশ্নটা ওখানেই, অস্ট্রেলিয়ার এই দলের কি সেই সামর্থ্য আছে? শুধু একটা তথ্যই অস্ট্রেলিয়ার ব্যাটিং দুর্দশা বোঝাতে যথেষ্ট। এই সিরিজে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ৩১ শতাংশ রানই এসেছে শেষ জুটিতে! সিরিজে অস্ট্রেলিয়ার শেষ চার ব্যাটসম্যানের গড় প্রথম চার ব্যাটসম্যানের চেয়ে বেশি! এ বছর সাত টেস্টে অস্ট্রেলিয়ার সেঞ্চুরি মাত্র দুটি। লর্ডসে হারের দায়টাও ব্যাটসম্যানদেরই দিলেন ক্লার্ক, ‘প্রথম ইনিংসে ব্যাটিংয়ের আমাদের পারফরম্যান্স ছিল অগ্রহণযোগ্য। ব্যাটিংয়ের জন্য উইকেট ছিল খুব ভালো। দারুণ একটা সুযোগ এসেছিল আমাদের সামনে, কিন্তু নিজেদেরই বঞ্চিত করেছি আমরা।’
সিরিজ জিততে পারলে অবশ্য প্রাপ্য কৃতিত্ব পাবেন। আপাতত ক্লার্ক ও তাঁর দলের সঙ্গী একগাদা লজ্জার পরিসংখ্যান। অস্ট্রেলিয়া টানা ছয় টেস্ট হারল ৮৪ বছর পর, ২৮ বছর হারল অ্যাশেজে টানা চার টেস্ট। এখনকার মতোই বেশ কজন গ্রেট বিদায় নেওয়ার পর ১৯৮৪ সালে টানা ছয় টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া। টানা পাঁচটি হারের পর সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে কেঁদে ফেলেছিলেন অধিনায়ক কিম হিউজ। গত পরশু সংবাদ সম্মেলনে এমন প্রশ্নও হলো, এমন কোনো বক্তৃতার প্রস্তুতি কি ক্লার্কও নিচ্ছেন?
হাসির রোলের মধ্যে ক্লার্কের উত্তর, ‘আগে থেকেই কিছু ভেবে নেবেন না। অধিনায়ক হিসেবে ম্যাচ হারলে কষ্ট একটু বেশিই লাগে, সতীর্থদের জন্য খারাপ লাগে। কিন্তু শুধু খেলোয়াড় হিসেবেও হারলে খারাপ লাগত। যেকোনো খেলা আমরা খেলি জয়ের জন্য—এই দর্শনেই আমি বেড়ে উঠেছি। আরেকটা ব্যাপার হলো, আমি যখন অস্ট্রেলিয়া দলে আসি, অস্ট্রেলিয়ার কাছে জয়টা ছিল অভ্যাসের মতো। আমি সেটার পরিবর্তন চাই না।’
কিন্তু বাস্তবতা হচ্ছে, নিকট অতীতের সবচেয়ে দুঃসময় এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটে। সংবাদমাধ্যমে মুণ্ডপাত হচ্ছে ক্লার্কদের, সাবেকেরা আশা দেখছেন না। গ্লেন ম্যাকগ্রা ব্যাটসম্যানদের দিচ্ছেন মৌলিক পরামর্শ, ‘উইকেটে বেশি সময় থাকতে হবে, তাহলেই রান আসবে।’ ‘এই চাপ থেকে দূরেই ভালো আছি’ জানিয়ে মাইক হাসি বলছেন, ‘এসওএস’ পেলেও ফিরবেন না। সব মিলিয়ে অ্যাশেজ-সুড়ঙ্গের শেষ মাথায় আলোর চিহ্নও দেখতে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
ক্লার্ক অবশ্য দেখছেন। আসলেই দেখছেন কিনা, এটা একটা প্রশ্ন বটে! এএফপি, ওয়েবসাইট।