আশা ছাড়ছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

আরেকটি খুব বাজে দিন গেল। আগের দিনই বলেছিলাম ওদের চাপে ফেলতে হলে নিয়মিত উইকেট নিতে হবে। আমরা উইকেট নিতে পারিনি, ওরাও তাই ৫০০ রানের মতো লিড পেয়ে গেছে।
বোলিং খুব বাজে হয়েছে, আমি বলব না। বোলাররা চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কেন পারেনি, নির্দিষ্ট কারণ বলা মুশকিল। তবে ওরাও খুব ভালো ব্যাটিং করেছে। এই টেস্টে আসলে কোনো কিছুই ঠিক আমাদের পক্ষে আসছে না। আল আমিনের নো বলের কথাই বলুন বা এতগুলো ক্যাচ মিসের কথা। এমনিতে কিন্তু আমরা বেশ ভালো ফিল্ডিং দল। এই জায়গাটায় ধারাবাহিকও আমরা। কিন্তু এই টেস্টে কীভাবে কীভাবে যেন ফিল্ডিংটাও খুব একটা ভালো হলো না। শেষদিকে দলের সবার শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলতে পারেন অনেকে। কিন্তু মনে রাখতে হবে প্রায় দুই শ ওভার ফিল্ডিং করা কিন্তু সহজ কিছু নয়। একটা সময় শরীর ছেড়ে দিতে পারে। সব মিলিয়েই বলব, এখনো পর্যন্ত আমাদের জন্য খুব বাজে একটা ম্যাচ। তবে ক্রিকেটে এটি হতেই পারে। অনেক ভালো ভালো দলেরও হঠাৎ খুব বাজে দু-একটি ম্যাচ যায়। আমরা হয়তো বড় দল নই বলে আমাদের নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু বড় দলেরও খারাপ দিন আসে।
আমি কিন্তু এখনো আশা ছাড়ছি না। এই ম্যাচ থেকে এখনো অনেক কিছু পাওয়ার আছে আমাদের। শুধু ব্যাটিংয়ে নিবেদনটা প্রয়োজন। ইনিংস পরাজয় এড়াতে হলে পাঁচ শ করতে হবে বা দুদিন খেলে ড্র করতে হবে, এমন ভাবনা মাথায় আনা যাবে না। শুধু ব্যাটিং করে যেতে হবে যত সময় পারা যায়, ঘণ্টা ধরে, সেশন ধরে ধরে। আজ (কাল) শেষ বিকেলে তামিম আউট না হলে আরও ভালো হতো। ওই মুহূর্তে তামিমের ও ধরনের শট খেলাও দুর্ভাগ্যজনক। তবে আমি নিশ্চিত তামিম নিজে অনুতাপে পুড়ছে। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ভালো ভালো ইনিংস খেলেছে তামিম। টেস্ট ব্যাটিং গড় ওর চল্লিশের কাছাকাছি। আর আমি বিশ্বাস করি, চল্লিশ টেস্ট গড়ের একজন ব্যাটসম্যানের খেলাটা বোঝার সামর্থ্য খুব ভালো। আমি নিশ্চিত, পরের টেস্টেই ভালো করবে তামিম।
ব্যাটসম্যানদের জন্য আমার পরামর্শ, কেউ থিতু হয়ে গেলে, ৩০-৪০ রান করে ফেললে বড় একটা ইনিংস খেলা। বড় ইনিংস মানে সেঞ্চুরি নয়। সেঞ্চুরি করে আউট হলে সেটা নিজের জন্য খেলা হবে। সেঞ্চুরি করলে তাই দুই শ পর্যন্ত নিতে হবে। মুশফিক ডাবল সেঞ্চুরি করেছে আগে, এই দলের আরও অনেকের এই সামর্থ্য আছে। হয়তো হারার সম্ভাবনাই বেশি, তবে আমি এও বিশ্বাস করি, খুব ভালো ব্যাটিং করলে ড্র সম্ভব।