আশা ছাড়ছে না ইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ম্যাচটার জন্য ইডেন তৈরি নয়, এটা খুবই হতাশার।’ টুইটারের মন্তব্যটি কোনো ভারতীয়র নয়, ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের। পরের বাক্যেই নিজের হতাশার ব্যাখ্যা দিয়েছেন ব্রড, ‘ভারতের বিপক্ষে ম্যাচ, সেটিও এক লাখেরও বেশি দর্শকের সামনে!’সেটি হচ্ছে না। এবারের বিশ্বকাপে ভারতের একটি ম্যাচই পেয়েছিল ১৯৮৭ বিশ্বকাপ ফাইনালের ভেন্যুটি। সেটিই সরিয়ে নেওয়া হচ্ছে সময়মতো প্রস্তুতি সম্পন্ন না হওয়ায়। এই স্টেডিয়াম যে সংস্থার অধীনে সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল (সিএবি) অবশ্য আশা ছাড়ছে না। সিএবির বর্তমান প্রধান আইসিসির সাবেক প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি লিখে আশ্বস্ত করেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়েসহ শ্রীলঙ্কার তিনটি ভেন্যু অতিরিক্ত ১৪ দিনের সময় পেয়েছে আইসিসির কাছ থেকে। ডালমিয়া বলছেন, তাঁদের অতিরিক্ত ১০ দিন সময় দেওয়া হলেই স্টেডিয়ামের কাজ শেষ করে ফেলতে পারবেন। আরেকটি যুক্তি দেখিয়েছেন ডালমিয়া, ‘আইসিসির পরামর্শকেরা মনে করছেন, ২২ ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ হবে। যার ফলে এ মাঠে ১৫, ১৮, ২২ মার্চের পরবর্তী ম্যাচগুলো হতে পারে। অর্থাৎ ম্যাচের ২০ দিন আগে তারা স্টেডিয়ামটি চাইছে। কিন্তু প্রথম ম্যাচের ক্ষেত্রে ৩০ দিন চাওয়া হচ্ছে? প্রথম ম্যাচের আগেও ২০ দিন সময় দেওয়া হোক।’সেই ২০ দিন দেওয়া হলে ৭ ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়ামটি পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন ডালমিয়া। বিসিসিআই অবশ্য ইডেনের পাশেই দাঁড়াচ্ছে। আইসিসিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার চিঠি দিয়েছে বোর্ড।এটি ছাড়াও ইডেনের হাতে থাকবে তিনটি ম্যাচ। আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড-হল্যান্ড, কেনিয়া-জিম্বাবুয়ে। কিন্তু ভারতবিহীন ওই তিন ছোট ম্যাচ কলকাতাবাসীর আশা পূরণ করবে না। বাংলার হয়ে একসময় খেলা সাবেক ক্রিকেটার অরুণ লাল যেন পুরো কলকাতার হয়ে বলে দিয়েছেন, ‘এই ম্যাচটার দিকে আমরা অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে ছিলাম। নতুন সাজে সজ্জিত ইডেনকে দেখার জন্য মুখিয়ে ছিলাম, এখনই কত সুন্দর লাগছে স্টেডিয়ামটিকে। প্রতিটি ক্রিকেট সমর্থক, কলকাতাবাসী হতাশায় বিধ্বস্ত।’ আইসিসিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি। চেতন চৌহানসহ সাবেক ক্রিকেটারদের অনেকেও এই কোরাসে শামিল।এই সিদ্ধান্তের পেছনে অনেকে রাজনীতিরও গন্ধ পাচ্ছেন। আইসিসি প্রধান শারদ পাওয়ার ভারতীয় হয়েও কোনো উদ্যোগ কেন নিলেন না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। তবে নির্মাণকাজ যে আসলেই পিছিয়ে আছে, সেটি অস্বীকার করারও উপায় ডালমিয়ার নেই। দ্বিতীয় পথও নাকি ভাবা হচ্ছে। পরের দিকে ভারতের ম্যাচ আছে এমন কোনো ভেন্যুর সঙ্গে অদলবদল করে নেওয়া। সে ক্ষেত্রে ৯ মার্চ ভারত-হল্যান্ডও ম্যাচ নিতেও আপত্তি নেই। এই ম্যাচটি হওয়ার কথা দিল্লির ফিরোজ শাহ কোটলায়। এএফপি, ওয়েবসাইট।