আশা ছাড়ছে না শ্রীলঙ্কা
টেস্ট ক্রিকেটে পারেননি এমন খুব কম অর্জনই বাকি আছে তাঁর জন্য। কাল নিজের শততম টেস্টের দ্বিতীয় বিকেলে কুমার সাঙ্গাকারা যখন মাঠ ছাড়ছিলেন, হয়তো এমন একটা অধরা অর্জনই চোখে ভাসছিল—অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়। বাকি সব দেশের বিপক্ষেই টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন। এখনো টেস্টের তিন দিন বাকি থাকলেও অতৃপ্ত স্বাদটি পূরণ করার এটাই সেরা সুযোগ মনে হচ্ছে তাঁর কাছে।মাইক হাসির ১৫তম সেঞ্চুরি আর অভিষিক্ত শামিন্দা ইরাঙ্গার ৪ উইকেট নিয়ে দিনের শুরু হয়েছিল, শেষটা হলো ২ উইকেটে শ্রীলঙ্কার ১৬৬ রানে। ১৫০ রান পিছিয়ে থাকলেও ম্যাচ থেকে সরে যায়নি স্বাগতিকেরা। অপরাজিত সাঙ্গাকারা (৬১) আর মাহেলা জয়াবর্ধনে (৩১) বুঝিয়ে দিয়েছেন, প্রথম ইনিংসে লিড পাওয়ার আশা শ্রীলঙ্কা করতেই পারে।এই জুটি এরই মধ্যে ৬৯ রান তুলেছে, বোলারদের পরীক্ষা নেওয়া একটা উইকেটে এই অঙ্কটা আরও বড় না হওয়ার কোনো কারণ নেই। ৮৬তম বলে মিচেল জনসনকে চার মেরে ৫০ পূর্ণ করা সাঙ্গাকারা নিজের শততম টেস্টটাকে হয়তো স্মরণীয় করে রাখার উপলক্ষই খুঁজছেন।পারানাভিতানা ৪৬ রানে কাভারে পন্টিংয়ের দুর্দান্ত এক ক্যাচের শিকার হওয়ার পর এই জুটির শুরু। ক্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার পথে পন্টিং এই উইকেটটা উপহারই দিয়েছেন জনসনকে। শ্রীলঙ্কার অন্য উইকেটটি সফরে প্রথমবারের মতো খেলতে নামা পিটার সিডলের। অবশ্য সিডলের এই প্রথম আঘাতের আগেই ওপেনিং জুটিতে ৫৬ রান তুলে নেয় শ্রীলঙ্কা।পাঁচ উইকেটে ২৩৫ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ৮১ রান তুলতেই কাল শেষ ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে। আগের দিন উইকেটশূন্য থাকা চানাকা ভেলেগেদারা এদিন অস্ট্রেলিয়ার লেজটা ছেঁটে ফেলেছেন তিন টেলএন্ডারকে তুলে নিয়ে। তবে গুরুত্বপূর্ণ কাজটা করেছেন ওয়ানডের পর টেস্টেও প্রথম ওভারে উইকেট পাওয়া ইরাঙ্গা। হাডিনকে ফিরিয়ে দিয়ে উইকেটে টেলএন্ডারদের টেনে এনেছেন। গলার কাঁটা হয়ে থাকা হাসিকেও ফিরিয়ে ৩১৬ রানে অলআউট করেছেন অস্ট্রেলিয়াকে।শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগ পর্যন্ত হাসি অবশ্য তাঁর মতো করেই লড়াই চালিয়ে গেছেন। প্রথম দুই টেস্টের ম্যাচ-সেরা হাসি শুধু সেঞ্চুরি নয়, পূর্ণ করেছেন ক্যারিয়ারের পাঁচ হাজার রানও। অস্ট্রেলিয়ার পঞ্চম দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই অর্জন হলো তাঁর।এবার সাঙ্গাকারাও চাইবেন, তাঁর ‘অর্জন’টাও পূর্ণ হোক! ওয়েবসাইট।