আশা ছাড়ছেন না আনচেলত্তি
‘বাজে সময়ের শেষ এখানেই’—বোল্টনের মাঠে চেলসির ৪-০ গোলে জয়ের পর কোচ কার্লো আনচেলত্তির আত্মবিশ্বাসী ঘোষণা।প্রায় সাড়ে তিন মাস পর প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া জয় পেয়েছে চেলসি। এ মৌসুমে লিগে ৪ গোলের ব্যবধানে সর্বশেষ জয় এসেছিল ১৭ ম্যাচ আগে। দিদিয়ের দ্রগবাকে তাঁর আসল রূপে ফিরে পাওয়াও বড় ব্যাপার। গত পরশুর ম্যাচে সব প্রাপ্তি যেন একসঙ্গে মিলেছে চেলসির।১১ মিনিটে দ্রগবার গোল, ৪১ মিনিটে মালুদার। দ্বিতীয়ার্ধে আনেলকা ও রামিরেসের গোল। তবে প্রথম গোলটিই বেশি মনে ধরেছে আনচেলত্তির। দুর্দান্ত ওই গোলটি যে নিজেকে হারিয়ে খোঁজা দ্রগবার, ‘অবশেষে দিদিয়ের অসাধারণ একটি ম্যাচ খেলেছে। গোলটাও ছিল দারুণ। ওর শক্তি আর সামর্থ্য দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওর পুরো ফিট ও বিপজ্জনক হয়ে ফিরে আসাটাও।’তবে এই বড় জয়েও সামনের বন্ধুর পথের কথা ভোলেননি আনচেলত্তি। ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চেলসি আছে চতুর্থ স্থানে। ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে টানা ২২ ম্যাচ অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। এই দুইয়ের মাঝে আছে আর্সেনাল (২৩ ম্যাচে ৪৬) ও ম্যানচেস্টার সিটি (২৪ ম্যাচে ৪৫)।চেলসির কাজটা খুবই কঠিন। তার ওপর ম্যানইউর বিপক্ষে দুটি ম্যাচই বাকি। সামনে পড়বে ম্যান সিটি, টটেনহাম হটস্পার ও লিভারপুল। তবে ফুটবলে কিছুই বলা যায় না। আনচেলত্তিই যেমন প্রেরণা খুঁজছেন ২৫ বছর আগে রোমার অধিনায়ক থাকাকালীন সময়ের একটি ঘটনা থেকে, ‘১৯৮৬ সালে আমরা ৮ পয়েন্ট পেছনে পড়ে গিয়েছিলাম। তখন জয়ের জন্য ছিল ২ পয়েন্ট। ৮, ৭, ৬, ৫... প্রায় দুই মাস ধরে আমরা ক্রমেই ব্যবধান কমিয়ে এনেছি। শেষ ম্যাচের আগের ম্যাচে আমরা সমান করে ফেললাম। কিন্তু শেষ ম্যাচে আমরা নিজেদের মাঠে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচে থাকা লেচ্চের কাছে ৩-২-এ হেরে গেলাম। এই ম্যাচের আগে স্টেডিয়ামে উদ্যাপন হয়েছিল। এমনকি লেচ্চের কোচ বলেছিলেন, তিনি রোমার ভক্ত, জুভেন্টাসকে ঘৃণা করেন। অথচ আমরা জিততে পারিনি, জুভেন্টাস শিরোপা জিতল। জীবন এ রকমই।’ এএফপি।