আশা ছাড়ছেন না ফ্যালকাও

ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে। রাদামেল ফ্যালকাও সেটিই করতে চাইছেন। নিজের বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ জেনেও আশা ছাড়ছেন না মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকার। যে করেই হোক বিশ্বকাপে খেলার স্বপ্ন তাঁর।
সেই স্বপ্নে বড় ধাক্কা লাগে ২৩ জানুয়ারি মোনাকো-শাসালেইয়ের ম্যাচে। বাঁ হাঁটুতে আঘাত পেয়ে স্ট্রেচারে শুয়ে সেদিন মাঠ ছেড়েছিলেন যন্ত্রণাকাতর ফ্যালকাও। তখনই বুঝতে পারছিলেন গুরুতর কিছু হয়েছে। পরে জানা গিয়েছিল, বিশ্বকাপে খেলতে পারা হবে তাঁর জন্য অলৌকিক ব্যাপার। তবে আস্তে আস্তে একটু সম্ভাবনার রেখা দেখা দিয়েছে।
ফ্যালকাওয়ের জন্য সুখবর, গত শনিবার হয়ে যাওয়া অস্ত্রোপচার সফলই হয়েছে। হাসপাতাল থেকে গতকাল ছাড়া পাওয়ার কথা। আরও তিন সপ্তাহ থাকবেন পোর্তোতে। এরপর মন্টেকার্লোতে চলবে পুনর্বাসন-প্রক্রিয়া।
পুনর্বাসন ঠিকঠাক হবে, বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন—এমনই আশা ফ্যালকাওয়ের। তবে আপাতত তাঁকে চলাফেরা করতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে। সেই ক্রাচেই ভর করে পরশু সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘জানি সময় আমার পক্ষে নেই। তার পরও আমি জেনেছি, একটা সম্ভাবনা আছে। তাই প্রতিদিন কতটুকু উন্নতি হচ্ছে সেটা নিয়েই বেশি ভাবছি। আমি চাইব পুরোপুরি যেন সুস্থ হয়ে বিশ্বকাপে যেতে পারি।’
তা তো চাইবেনই। ফ্যালকাওয়ের মতো বড় তারকাকে শুধু কলম্বিয়ার নয়, বিশ্বকাপেরও প্রয়োজন। কিন্তু এমন এক সময়ে চোট পেলেন, যখন কি না সেরে ওঠা কঠিন। ফ্যালকাও বলছিলেন, ‘যখন জানলাম, আমার চোটটা বেশ গুরুতর, ব্রাজিলে যাওয়ার সম্ভাবনা একদমই কম, তখন আমি জানতে চেয়েছি বিশ্বকাপ খেলার সম্ভাবনা কত শতাংশ বেঁচে আছে? সেটি কি ১০, ২০ না ৫০ শতাংশ? এখন কোনো সম্ভাবনা থাকলে সেটার ওপরই আমাকে নির্ভর করতে হবে।’