আশা ছাড়ছেন না রোনালদো
রিয়াল মাদ্রিদের ভাগ্য আর তাদের হাতে নেই। লিগের শেষ সাত ম্যাচে তো জিততেই হবে। বার্সেলোনাও যেন এই সাত ম্যাচে কমপক্ষে চার পয়েন্ট খোয়ায়—করতে হবে এই প্রার্থনাও। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো আশাবাদী মানুষ। এখনই হাল ছাড়তে নারাজ বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ‘লিগ জিততে চাইলে ব্যর্থতা নিয়ে পড়ে থাকলে চলবে না। আমাদের বিশ্বাস করতে হবে এটি সম্ভব। আমরা পেশাদার। হাল ছাড়া উচিত নয়। আমরা অবশ্যই লিগ জিতবে পারি’—সতীর্থদের উজ্জীবিত করতে রোনালদোর বাণী।শেষ না হওয়া পর্যন্ত রিয়াল হাল ছাড়বে না বলে জানিয়ে দিয়েছেন দলের ডিফেন্ডার সার্জিও রামোসও, ‘আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আমাদের নিজেদের চাঙা করে তুলতেই হবে। কারণ লিগের এখনো বেশ কিছুটা পথ বাকি।’আসলেই সাত ম্যাচে ঘটে যেতে পারে অনেক কিছুই। কিন্তু যেভাবে একের পর এক দলকে গুঁড়িয়ে দিয়ে এগিয়ে চলেছে পেপ গার্দিওলার দল, টানা দ্বিতীয় লিগ শিরোপা না জিতলে সেটি হবে নিজেদের পায়ে কুড়াল মারার ফল। স্প্যানিশ মিডিয়া যেমন এরই মধ্যে পারলে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয়। মাদ্রিদভিত্তিক পত্রিকাগুলোও বন্দনায় মেতেছে মেসি আর বার্সেলোনার। মার্কা যেমন লিখেছে, ‘সিআর-নাইনের (রোনালদো) চেয়ে মেসি অনেক বড়।’ খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি কাতালানভিত্তিক পত্রিকা স্পোর্ত, ‘তারকাদের লড়াইয়ে ক্রিস্টিয়ানোকে ঘোল খাইয়ে ছেড়েছে লিও। কাল (পরশু) লিওনেল মেসি দেখিয়ে দিয়েছে বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড়টিও তাঁর চেয়ে আলোকবর্ষ দূরে।’ রয়টার্স, ওয়েবসাইট।