আশা ছাড়া আর আছে কী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতের সমীকরণে অনেক ‘যদি-কিন্তু’র ভিড়। যদি উইকেটটা হঠাৎ ঘূর্ণিমঞ্চ হয়ে ওঠে, যদি শট খেলতে গিয়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা ভুল করা শুরু করেন। এরপর যদি দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বাংলাদেশ করে ফেলে স্বপ্নের মতো...। এ রকম অনেক ‘যদি’ আশার বেলুনটাকে পুরোপুরি চুপসে দিতে পারছে না। এসব ‘যদি’ যদিও বাস্তবতার বাইরে!মাহমুদউল্লাহ আশা ছাড়তে চাইছেন না। ভবিষ্যৎ কঠিন মেনেও কাল দিন শেষের সংবাদ সম্মেলনে ছড়িয়ে দিতে চাইলেন আশার রেণু, ‘আশা ছাড়া এখন আমাদের আর করার কিছু নেই। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলে, ভালো রান করলে...হয়তো কিছু সম্ভব।’ ‘যদি-কিন্তু’র ওপর দাঁড়িয়ে সহ-অধিনায়কের মনে হচ্ছে, চট্টগ্রাম টেস্টের ভবিষ্যৎ এখন দ্বিতীয় ইনিংসের ওপরই নির্ভরশীল, ‘প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে পারিনি। এখন যদি দ্বিতীয় ইনিংসে ভালো করার আত্মবিশ্বাসটাও না রাখি, তাহলে তো আরও পারব না। সবকিছু নির্ভর করছে দ্বিতীয় ইনিংসের ওপর।’বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের আগে তো পাকিস্তানের প্রথম ইনিংসটা শেষ হতে হবে! কাল দ্বিতীয় দিন শেষেই লিড ২৮০ রানের। আজ সেটা আর কত দূর যাবে কে জানে। তবে মাহমুদউল্লাহ আশাবাদী এখানেও, ‘কাল (আজ) শুরুতেই যদি ওদের কিছু উইকেট ফেলতে পারি বা দ্রুত অলআউট করে দিতে পারি...। কাজটা কঠিন, তার পরও আমাদের করতে হবে। এরপর ভালো ব্যাটিংও করতে হবে।’ মাহমুদউল্লাহর মতো বাঁহাতি স্পিনার ইলিয়াস সানিকেও আশাবাদী করছে ‘যদি-কিন্তু’র হিসাব, ‘আজ (গতকাল) উইকেটে কোনো টার্ন ছিল না। কাল (আজ) কী রকম থাকবে কে জানে। তবে আমি আশাবাদী, ওরা আর বেশি দূর যেতে পারবে না। যদি ওরা শট খেলা শুরু করে, ভুল করবেই।’প্রথম ইনিংসে ভালো ব্যাটিং না হওয়ার পেছনে ব্যাটসম্যানদের মনস্তাত্ত্বিক বাধাকেই বড় কারণ মনে করছেন কোচ স্টুয়ার্ট ল। একই ধারণা মাহমুদউল্লাহরও, ‘কোচ যা বলেছেন, আমারও তা-ই মনে হচ্ছে। প্র্যাকটিসে সব ঠিকঠাকভাবে হলেও ম্যাচে হচ্ছে না। হয়তো মানসিক কোনো সমস্যা হচ্ছে। শট নির্বাচনের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না কী করা উচিত।’ তবে একটা বিশ্বাস আছে মাহমুদউল্লাহর—কারও ব্যক্তিগত একটা ভালো ইনিংসই সুর পাল্টে দিতে পারে, ‘ভালো না খেললে আত্মবিশ্বাস আসবে না। ভালো খেললে আপনি নিজেই সেটা বুঝবেন। আমরা সে রকম কিছুর জন্যই অপেক্ষা করছি। আগের ইনিংসে নাসির, নাজিমউদ্দিন ভালো খেলেছে। তার পরও বড় ইনিংস হয়নি। একজন বড় ইনিংস খেললে সবারই আত্মবিশ্বাস ফিরবে।’পাকিস্তান সিরিজে তলানিতে গিয়ে ঠেকেছে ক্রিকেটারদের আত্মবিশ্বাস। কারও একটা ভালো ইনিংস হয়তো তা কিছুটা ফিরিয়ে আনবে, তবে চট্টগ্রাম টেস্টে মাথা তুলে দাঁড়াতে এখন বোধ হয় সবচেয়ে বেশি জরুরি পরিকল্পনা কাজে লাগানো। কাল যেমন নিষ্প্রাণ উইকেটে ধৈর্য ধরে বোলিং করে যাওয়াটাই মূল পরিকল্পনা ছিল দলের। মাহমুদউল্লাহ সে পরিকল্পনায় কিছুটা হলেও সফল মনে করছেন নিজেদের, ‘উইকেটে টার্ন নেই। পেসারদের জন্যও কিছু নেই। ধৈর্য ধরে বল করাটাই পরিকল্পনা ছিল। তাদের ভুল করতে দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী আমাদের বোলাররা ভালো বল করেছে।’এমনিতে উইকেট সবার জন্যই এক রকম হওয়ার কথা। কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে, যে উইকেটে বাংলাদেশের বোলারদের বল ঘোরে না, সেখানেই অনেক সময় ভয়ংকর হয়ে ওঠেন ভিনদেশি স্পিনাররা। মাহমুদউল্লাহ ‘যদি-কিন্তু’র সুঁইসুতোয় আশার জাল বুনলেও দুষ্টুমির ছলে সাকিব আল হাসান মনে করিয়ে দিয়েছেন সেই রূঢ় সত্য, ‘আমরা বল করলে ঘোরে না, কিন্তু ওরা যখন বল করবে, তখন দেখবেন সবই ঘুরছে...।’